চার বন্ধুসভায় সাংগঠনিক বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি গাইবান্ধা বন্ধুসভা রক্তদান কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে সন্ধানী ডোনার ক্লাব
সম্প্রতি গাইবান্ধা বন্ধুসভা রক্তদান কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে সন্ধানী ডোনার ক্লাব

নামলাম ঈশ্বরদী বাইপাস। ঢাকা থেকে রাজশাহীর ট্রেনে উঠেছিলাম। স্টেশনে বন্ধুসভার বন্ধুরা অপেক্ষা করছিলেন। হাতে থাকা গোলাপ-রজনীগন্ধা ফুলের গন্ধ শুঁকতে শুঁকতেই সেখান থেকে ইক্ষু গবেষণার রেস্টহাউস। ঈশ্বরদী বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক। অনেক দিন পরে তাঁদের সঙ্গে এই বৈঠকে নানা জমা কথা, সমস্যার কথা, আগাম কর্মসূচির কথা—কত কিছুই না উঠে আসে। বৈঠকে প্রতিনিধি মাহবুবুল হকও উপস্থিত ছিলেন। ছিলেন সভাপতি শহীদুল হক, আবুল হাকিম, বনি ইসরাইলসহ আরও অনেকে। আরও কত বন্ধু। আমরা একটি সিদ্ধান্তে পৌঁছলাম—প্রতিটি বন্ধুসভার নিয়মিত কর্মসূচি থাকতে হবে। নিয়মিত বৈঠক করতে হবে। মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই করে ফেলতে হবে কমিটি। থাকতে হবে আগামী তিন বা ছয় মাসের কর্মসূচি, যেটা লিখিত আকারে সব কার্যকরী কমিটির সদস্যদের কাছে থাকবে। থাকবে অন্য সব সদস্যের কাছেও।
দুপুরের আগেই আমরা এ বৈঠক শেষ করলাম। ছুটলাম লালপুরের উদ্দেশে। এই প্রথমবারে লালপুর যাওয়া। জানা ছিল লালপুর অনেক সংগঠিত এবং শক্তিশালী বন্ধুসভা। মুহূর্তে যেকোনো অনুষ্ঠান হাতে নিয়ে তা সফল করতে পারে। তাদের সদস্যের সংখ্যাও অনেক। লালপুর পাবলিক লাইব্রেরির সঙ্গেও তাঁরা জড়িত। সদরে তাঁদের সুনাম সবার মুখে মুখে। অল্পক্ষণই তাঁদের সঙ্গে বসা হয়েছিল—পাবলিক লাইব্রেরির ছাদে। ইমাম হোসেন হাত উঁচু করে বললেন, ‘এই তো পদ্মা।’ ছাদের ওপর থেকে পদ্মা নদী দেখা যাচ্ছে। কত কথা ওঠে। কত প্রসঙ্গ। আরিফুর ইসলাম বলেন, ‘আমরা একটা বন্ধু উৎসব করতে চাই।’ যে উৎসব হয় বিভাগীয় বা বড় জেলায়, সেটা ওঁরা লালপুরেই করতে চান। নিশ্চয় ওঁদের চাওয়া একদিন পূর্ণ হবে।
নাটোরে আমরা বসেছিলাম নবাব সিরাজউদ্দৌলা মিলনায়তনে, বিকেলবেলা। প্রায় ৫০ জন বন্ধু উপস্থিত ছিলেন সেদিন। অনেক নতুন বন্ধুও উপস্থিত ছিলেন। সাংগঠনিক বৈঠকে খুব একটা মনযোগ দিতে পারেননি সেদিন। কারণ, পরের দিনই ছিল তাঁদের বড় আয়োজন—বন্ধুমেলা। সেটা সফল করার চিন্তাই ছিল বেশি।
সবার কি গঠনতন্ত্র পড়া আছে? এভাবেই শুরু হয়েছিল সেদিন। দীর্ঘ বৈঠক সেটি। বন্ধুসভায় এত-সংখ্যক বন্ধুর উপস্থিতি ও আগ্রহ দেখে বিস্মিত হতে হয়। নাটোরের বন্ধুরা নিশ্চয় সবাইকে নিয়ে বন্ধুসভা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিনিধি মুক্তার হোসেন, সভাপতি শাহজাহান আলম, সাধারণ সম্পাদক হেলালুর রহমান, আবদুল হালিম, রাসেল, রোকন, অমি মাহমুদসহ কত নাম।
সন্ধ্যাবেলা বসা হলো রাজশাহী বন্ধুসভার সঙ্গে। ওই দিন রাজশাহী বন্ধুসভার নতুন সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন আনোয়ারুল ইসলাম। এ আয়োজনে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ফারুক হোসেন, মাসুদ রানা প্রমুখ। এ ছাড়া ছিলেন ভূমিকা আজাদ, শাহানারা জেসমিনসহ আরও বেশ কয়েকজন বন্ধু। নতুন সভাপতি ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার কথা জানান। অনেক বন্ধুই সেদিন স্বীকার করেন, তাঁদের বেশ কিছু জায়গায় সাংগঠনিক দুর্বলতা রয়েছে। তবে সবাই সেই সমস্যা কাটিয়ে উঠবেন বলে মতামত ব্যক্ত করেন।
ঈশ্বরদী ও লালপুর বৈঠক হয়েছে ২০ আগস্ট। নাটোর ২১ আগস্ট ও রাজশাহী ২২ আগস্ট।