যাত্রা শুরুর সময় পরিবার ছিল ২০টি, আর এখন তা ২৮। বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা। মাঝখানে পেরিয়েছে মাত্র পাঁচটি বছর। ২০টি বিভাগ নিয়ে ২০০৫ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সেশনেই দু-একটি করে নতুন বিভাগ যুক্ত হতে থাকে। সর্বশেষ যুক্ত হয় আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও নৃবিজ্ঞান।কেমন আছে বিশ্ববিদ্যালয়ের এ নবীন পরিবারগুলোয় ভর্তি হওয়া সদস্যরা? আসুন তাঁদের মুখেই শুনি।আইন‘আমার টার্গেট ছিল একটাই, আইন বিষয়ে পড়া। কিন্তু দুর্ভাগ্য! ঢাবিতে চান্স হলো না। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে পরীক্ষা দিয়ে যখন আইন পেলাম, তখন কেবল একটা কথাই মনে পড়ছিল, আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম।’ নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করলেন এস এম সোহাগ। তিনি পড়ছেন দ্বিতীয় সেমিস্টারে। তবে হানিফের কিন্তু এ রকম কোনো ‘টার্গেট’ ছিল না। তিনি অনেকটা দৈবচক্রেই আইন বিষয় পেয়েছেন। তারপর পড়তে এসে দেখলেন পুরো কোর্স পড়তে হবে ইংরেজি মাধ্যমে; বাংলার কোনো সুযোগ নেই। একটু ঘাবড়ে গেলেন হানিফ, পারবেন তো? তারপর কদিন বাদেই টের পেলেন কোথায় ভয়, কোথায় ডর? সবকিছুই ‘জলবৎ তরলং’।কীভাবে সম্ভব হলো‘কারণ আমাদের শিক্ষক-শিক্ষিকারা ক্লাসে প্রতিটি বিষয় অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেন এবং আমাদের যেকোনো প্রয়োজনে পূর্ণ সহযোগিতা দিয়ে থাকেন।’ বলছিলেন হানিফ।এই বিভাগের চেয়ারম্যান সরকার আলী আককাস। ইতিপূর্বে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রধান। ‘এমন একজন অভিজ্ঞ শিক্ষককে চেয়ারম্যান হিসেবে পেয়ে সত্যিই আমরা গর্বিত।’ প্রায় সমস্বরে বলে উঠলেন রাজা, শিপন, কে এম আরিফুজ্জামান ও মিতা। যাত্রা শুরু ২০০৮-০৯ সেশন থেকে। আসনসংখ্যা ৫০।গণযোগাযোগ ও সাংবাদিকতা২০০৮-০৯ সেশন থেকে ছাত্রছাত্রী ভর্তি শুরু করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আসনসংখ্যা ৫০ হলেও প্রথম ব্যাচে ছাত্রছাত্রী ভর্তি হন মাত্র ৩৫ জন। কথা হয় প্রথম ব্যাচের ছাত্র বায়েজিদ হোসেনের সঙ্গে। ‘প্রথমে একটু দুশ্চিন্তায় ছিলাম। ভেবেছিলাম নতুন ডিপার্টমেন্ট, অনেক সমস্যা আছে হয়তো। শিক্ষকস্বল্পতা কিংবা সেমিনার-লাইব্রেরি আছে কি না, থাকলেও পর্যাপ্ত বই নেই হয়তো...। কিন্তু ক্লাস করতে এসে দেখলাম, কোনো সমস্যা নেই। শিক্ষকেরা অনেক আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। বিশেষ করে আমাদের চেয়ারপারসন অধ্যাপক হেলেনা ফেরদৌসী। তিনি আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখেন।’কথা বলি চতুর্থ সেমিস্টারে পড়ুয়া হিমালয়, জোসেফ, জিসান আল জুবায়ের ও নূর মুহাম্মদ খানের সঙ্গে। তাঁরা প্রত্যেকেই জানালেন, তাঁদের কোনো সেশনজট নেই। ক্লাস-পরীক্ষা সব নিয়মিতই হচ্ছে। ‘তবে...’ একটু থামলেন হিমালয়। তারপর হাসতে হাসতে বললেন, ‘ক্লাসরুম নিয়ে একটু সমস্যা আছে।’কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং‘আগামীর দিন তো তথ্যপ্রযুক্তির দিন। আমি তাই পড়াশোনার বিষয় হিসেবে বেছে নিয়েছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংকে। কে না জানে, ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ।’ বলছিলেন প্রথম ব্যাচের শিক্ষার্থী আনোয়ার হোসেন ইমন।জিজ্ঞেস করি নতুন ডিপার্টমেন্ট হিসেবে কোনো সমস্যা আছে কি না।এবার ইমনকে থামিয়ে মাহমুদুল হাসান বলতে শুরু করেন, ‘একটু-আধটু সমস্যা তো থাকবেই, যেহেতু নতুন ডিপার্টমেন্ট। তবে সেগুলো মেজর প্রবলেম নয়। আমাদের শিক্ষকেরা অনেক ভালো, অনেক দক্ষ। তাঁদের সহযোগিতায় ডিপার্টমেন্টে নিয়মিত আইটি ফেস্টিভ্যাল হয়। ক্লাস-পরীক্ষা নিয়মিত হয় বলে কোনো সেশনজটও নেই।’প্রতি সেশনে এই বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করা হয় ৩০ জন।মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজিনতুন ভবনের চতুর্থ তলায় মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ। বিভাগে গিয়ে দেখা গেল ক্লাসরুমগুলো সব ফাঁকা। ছাত্রছাত্রী সব গেল কই? করিডর ধরে সামনে এগোতেই চোখে পড়ল একদল ছেলেমেয়ে ল্যাবরেটরিতে গভীর মনোযোগের সঙ্গে কী যেন পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত। প্রত্যেকের শরীরে সাদা অ্যাপ্রন। অত্যন্ত বিনয়ের সঙ্গে দুই মিনিট সময় ধার চাই তাঁদের কাছে। তারপর জানতে পারি, তাঁদের নাম আইনুল হক, হাসিবুর রহমান, মাসুম আহমেদ, সাগর, মাহফুজ ও তৌহিদুল ইসলাম। সবাই এই বিভাগের শিক্ষার্থী। কথায় কথায় জানা গেল গত সেশনে (২০০৯-১০) ভর্তি হওয়া ওরাই এই বিভাগের প্রথম ব্যাচ। বয়সে একেবারে নবীন হওয়ায় এই বিভাগেরও কিছু সমস্যা থাকার কথা। কিন্তু ‘শিক্ষকেরা আমাদের কোনো সমস্যা বুঝতে দেন না। তাঁরা ভীষণ সহযোগিতাপরায়ণ। ব্যক্তিগত বই-নোট দিয়ে আমাদের সাহায্য করেন। এই যে ল্যাব দেখছেন এটা স্যাররা নিজ উদ্যোগে তৈরি করেছেন—বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশায় বসে থাকেননি।’ বলছিলেন আইনুল হক।এই বিভাগের আসনসংখ্যা মাত্র ১৫।নৃবিজ্ঞানভীষণ গোঁ ধরে বসে আছেন সিনথিয়া। নৃবিজ্ঞান ছাড়া অন্য কোনো বিষয়ে পড়বেন না তিনি। কিন্তু জাহাঙ্গীরনগর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্সই পাননি তিনি। ঢাকার ভেতরে আর কোথাও কী সুযোগ আছে নৃবিজ্ঞান পড়ার? পরিচিত একজন এসে জানালেন, আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই সেশন থেকেই (২০০৯-১০) খোলা হচ্ছে নৃবিজ্ঞান বিভাগ। নৃবিজ্ঞানে আসন রয়েছে ৫০টি। তারপর আদাজল খেয়ে ভর্তি পরীক্ষা দিলেন সিনথিয়া। পেয়েও গেলেন ভালোবাসার বিষয় নৃবিজ্ঞান। ‘এখন আমি ভীষণ হ্যাপি।’ সন্তুষ্টির হাসি হেসে বললেন সিনথিয়া।‘আমার অবশ্য ওর মতো কোনো জেদ ছিল না’ সিনথিয়াকে দেখিয়ে কথা শুরু করলেন তৃণা। ‘মা-বাবার ইচ্ছা ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব। কিন্তু ভাগ্য আমাকে নিয়ে এল নৃবিজ্ঞানে। প্রথম প্রথম তাই খুব হতাশায় ভুগতাম। কিন্তু স্যার-ম্যাডামরা ধীরে ধীরে আমাকে নৃবিজ্ঞান সম্পর্কে আগ্রহী করে তুললেন। এখন আমি এ বিষয়টি বেশ উপভোগ করি।’ বলছিলেন দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তৃণা।নতুন বিভাগ হিসেবে কোনো সমস্যা, কোনো অপূর্ণতা কিংবা কোনো অভিযোগ?‘কোনো অভিযোগ নেই’ একযোগে বলে উঠলেন সিনথিয়া, তৃণা, সজল, অর্ক ও অনিক।