চার বোনের ৪০ বছর

এই দুনিয়া সম্পর্কে আমি যা-ই ভাবি না কেন, নিঃসন্দেহে দুনিয়াটা এমন যে কোনো ভাবনার চেয়ে সীমাহীন আকর্ষণের। এ কথা আলোকচিত্রী নিকোলাস নিক্সনের। আপন চার বোনের একটা পোর্ট্রেট সিরিজ শুরুর পরপরই তিনি এ মন্তব্য করেছিলেন। তারপর কেটে গেছে দীর্ঘ ৪০টি বছর। ভালোবাসা আর অঙ্গীকারের বিরল পরাকাষ্ঠায় ৪০ বছরের প্রতিটি বছরই ওই চার বোন একত্র হয়েছেন এই আলোকচিত্রীর কাছে, ছবি তোলার জন্য! নিউইয়র্কের দ্য মিউজিয়াম অব মডার্ন আর্টে চলছে ‘ব্রাউন সিস্টার্স’ নামে পরিচিত চার বোনকে নিয়ে তোলা এই ব্যতিক্রমী আলোকচিত্র সিরিজের প্রদর্শনী।

নিক্সন যখন এই চার বোনের ছবি তুলতে শুরু করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ২৬ বছর। ১৯৭৪ সালের আগস্টে প্রথম ছবিটা তুলেছিলেন তিনি। নিক্সন এর বছর তিনেক আগে এই চার বোনের সবার বড়জনকে বিয়ে করেন। পারিবারিক এক অনুষ্ঠানের ফাঁকে স্ত্রী বেবি ব্রাউন এবং তাঁর ছোট তিন বোন হিদার ব্রাউন, লুরি ব্রাউন আর মিমি ব্রাউনের একটা সাদাকালো ছবি তুলেছিলেন নিক্সন। কিন্তু ছবিটা তেমন পছন্দ না হওয়ায় নেগেটিভটা গুছিয়ে রাখেননি তিনি।

পরের বছর আবার চার বোনের একটা ছবি তোলেন নিক্সন। ১৯৭৫ সালের জুলাইয়ে ওই ছবি তোলার সময় বেবির বয়স ২৫, হিদারের ২৩, লুরির ২১ এবং মিমির ১৫। এর পরের বছর লুরির গ্র্যাজুয়েশন শেষ হওয়া উপলক্ষে আবারও চার বোনের একটা ছবি তোলা হলো। এবারের ছবি দেখে নিক্সন এবং চার বোনই ব্যাপক উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আলোকচিত্রী এবং তাঁর মডেল চার বোন একমত হন যে, এভাবে প্রতিবছরই একটা করে ছবি তুলবেন তাঁরা।

নিক্সন ও ব্রাউন বোনেরা প্রতিবছর এই গ্রুপ ছবি তোলার বিষয়ে আরও কয়েকটা বিষয়ে একমত হন। সিদ্ধান্ত হয় যে প্রতিবছরই চার বোন প্রথম দুই বছরের ছবির মতোই একই ক্রমানুসারে দাঁড়িয়ে ছবি তুলবেন। প্রতিবছরই সাদাকালোতেই ছবিগুলো তোলা হবে। প্রতিবছর সবার সম্মতিক্রমে একটা ছবিকে ওই বছরের প্রতিনিধিত্বকারী ছবি হিসেবে বাছাই করা হবে। প্রতিবছরই ১০ বাই ৮ ফিল্ম নেগেটিভে ছবি তোলা হবে।
‘নিকোলোস নিক্সন: ব্রাউন বোনদের ৪০ বছর’ শিরোনামে এই ছবিমালার প্রদর্শনী চলছে নিউইয়র্কের দ্য মিউজিয়াম অব মডার্ন আর্টে। চলবে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনীর সময় একই শিরোনামে একটা ফটোবুকও প্রকাশিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়টে জন্মগ্রহণকারী আলাকচিত্রী নিকোলাস নিক্সনের।

চার বোনের ৪০ বছরের ৪০টা ছবি নিয়ে আয়োজিত এ আলোকচিত্র প্রদর্শনী দেখে অভিভূত হয়েছেন দর্শকেরা। বছর বছর আপন বোনদের এই একসঙ্গে মিলিত হওয়া, তাঁদের মধ্যকার আবেগ-অনুভূতি, তাঁদের ভালোবাসার বন্ধন সবই যেন স্পষ্ট ছবিগুলোতে। একটার পর একটা ছবিতে একই ক্রমানুসারে দাঁড়িয়ে ব্রাউন বোনেরা। তাঁদের প্রত্যেকের চেহারায় ধীরে ধীরে বয়সের ছাপ পড়তে থাকার বিষয়টাও ছবিগুলোতে স্পষ্ট বোঝা যায়। ধীরে ধীরে ধূসর আভা ছড়িয়ে পড়ছে ছবিগুলোতে। কিন্তু সময় যেন কোনোভাবেই ব্রাউন বোনদের ভালোবাসা আর বন্ধনের অঙ্গীকারকে ম্লান করতে পারেনি।
প্রতিবেদনটি তৈরিতে হাফিংটন পোস্ট এবং নিউইয়র্কের দ্য মিউজিয়াম অব মডার্ন আর্টের ওয়েবসাইটের সহায়তা নেওয়া হয়েছে।