চার ভোগ্যপণ্য আমদানিতে ব্যয় বেড়েছে ৬১ শতাংশ
চার ভোগ্যপণ্য আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ৬৯ শতাংশ। এই চারটি পণ্য হচ্ছে—চাল, ডাল, তেল ও চিনি। শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের হিসাব থেকে এ চিত্র পাওয়া গেছে। বিশ্ববাজারে এসব পণ্যের মূল্য বৃদ্ধি এবং দেশীয় চাহিদা মেটাতে আমদানি বেড়ে যাওয়াই এ ব্যয় বৃদ্ধির কারণ বলে জানা গেছে। চলতি অর্থবছরে এই ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সরকারও চলতি বাজেটে খাদ্যশস্য কেনার জন্য বাড়তি বরাদ্দ দিয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘২০১০-১১ অর্থবছরে ভোগ্যপণ্যের মোট আমদানি মূল্য ছিল ৩৯ হাজার ৭৯১ কোটি টাকা। এসব ভোগ্যপণ্য থেকে সরকার রাজস্ব পেয়েছে তিন হাজার ৮৮৭ কোটি টাকা। তবে এর মধ্যে বেশির ভাগ ভোগপণ্যে শুল্ককর নেই।’নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ভোগ্যপণ্যের মধ্যে চাল, গম, তেল, চিনি—এই চারটি পণ্য কেনা বাবদ ব্যয় হয়েছে ২৯ হাজার ৩৫৩ কোটি টাকা। বিদেশি রপ্তানিকারকদের এ টাকা পরিশোধ করতে হয়েছে ডলারে। এ টাকায় আমদানি হয়েছে প্রায় ৭৭ লাখ টন পণ্য। ২০০৯-১০ অর্থবছরে এই চারটি ভোগ্যপণ্যের জন্য পরিশোধ করতে হয়েছিল ১৭ হাজার ৩৬১ কোটি টাকা। এ টাকায় প্রায় ৫৮ লাখ টন পণ্য (চারটি) কেনা হয়। পরিসংখ্যানে দেখা গেছে, ভোগ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে চাল আমদানিতে। ২০০৯-১০ অর্থবছরে যেখানে ৪৩২ কোটি টাকা ব্যয় হয়, গত অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় চার হাজার ৯২২ কোটি টাকা। একইভাবে ভোজ্যতেলে ছয় হাজার ৯১৬ কোটি টাকা থেকে গত অর্থবছরে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৬৭ কোটি টাকা। আমদানির পরিমাণ এবং দাম বাড়ায় আমদানি মূল্য বেশি বেড়েছে বলে পরিসংখ্যানে দেখা যায়।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় প্রায় ৭০ হাজার কোটি টাকা আমদানি ব্যয় বেড়েছে। এই আমদানি ব্যয় বাড়ার প্রধান খাত হচ্ছে ভোগ্যপণ্য। শুধু এই চারটি পণ্য ছাড়াও গুঁড়ো দুধ, ডালসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যেও আমদানি ব্যয় আগের বছরের তুলনায় বেড়েছে। জানা গেছে, আমদানি ব্যয় বাড়লেও সে হারে প্রবাসী-আয় আসেনি। এর ফলে ডলারসংকটে বিনিময়মূল্য বেড়ে যায়। ডলারের বিনিময়মূল্য বাড়ায় প্রভাব পড়ে ভোগ্যপণ্যেও। এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক নুরুল আলম প্রথম আলোকে বলেন, ডলারের বিনিময়মূল্য যেভাবে বেড়েছে, তাতে প্রতি কেজি ভোগ্যপণ্যের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে। পণ্য বিপণনের শেষ ধাপে এই টাকা ভোক্তাদেরই পরিশোধ করতে হচ্ছে।