চার মাস আগেই শেষ হলো সাগরিকা সড়কের উন্নয়নকাজ
নির্ধারিত সময়ের চার মাস আগেই শেষ হয়েছে সাগরিকা সড়কের সম্প্রসারণ ও উন্নয়নকাজ। গত রোববার উদ্বোধন করা হয়েছে সড়কটি। সাত কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার দীর্ঘ এ সড়কের কাজ শুরু হয় গত বছরের ২২ ডিসেম্বর। শেষ হওয়ার কথা ছিল জুনে। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নির্ধারিত সময়ের আগেই এটি শেষ করার উদ্যোগ নেয়।রোববার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, ‘ছয় মাসের কাজ ৩৯ দিনেই সাফল্যের সঙ্গে শেষ করেছে চউক। চট্টগ্রাম শহরের উন্নয়নের জন্য যোগ্যতাসম্পন্ন আরও লোক যে রয়েছে, তা-ই যেন প্রমাণ হলো এতে।’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘গত ২২ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের জন্য চউককে ৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছেন। ইতিমধ্যে ২০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চউকের সদস্য ইউনুচ গনি, প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার, কাউন্সিলর আনজুমান আরা বেগম ও গিয়াস উদ্দীন।এক প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক চউকের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, যথাযথ নিয়ম মেনেই প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। অন্যান্য প্রকল্পে জমি অধিগ্রহণ, ভৌত অবকাঠামোগত সমস্যার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে সংশয় থেকে যায়। কিন্তু সাগরিকা সড়ক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তা ছিল না।প্রসঙ্গত, ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেড এ প্রকল্পের কাজ করেছে।