চার মাস ধরে তালা নজরুল গবেষণাকেন্দ্রে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণাকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে চার মাস আগে। কেন্দ্রের সর্বশেষ পরিচালক অবসর নেওয়ার পর নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়নি। ফলে আপাতত কেন্দ্রটি চালু হচ্ছে না বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে নজরুল গবেষণাকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।’ এটি চালুর চিন্তাভাবনা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত গবেষণাকেন্দ্রটি চালু করার চিন্তাভাবনা নেই।’প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর গবেষণার জন্য ১৯৯৮ সালে কেন্দ্রটি চালু করা হয়। গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ। তাঁর পর এ কেন্দ্রের পরিচালকের দায়িত্ব নেন একই বিভাগের শিক্ষক সৌরেন বিশ্বাস। গবেষণাকেন্দ্রটির সর্বশেষ পরিচালক ছিলেন বাংলা বিভাগের শিক্ষক মুহম্মদ শামসুল আলম। বর্তমানে তিনি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন। তাঁর বিদায়ের পর নতুন করে কাউকে এ কেন্দ্রের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়নি।বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মহীবুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিজেদের প্রয়োজনেই নজরুল গবেষণাকেন্দ্র চালু করা প্রয়োজন। নজরুলের জীবন ও সাহিত্যকর্মের অনেক দিক এখনো উন্মোচিত হয়নি, যা গবেষণার মাধ্যমে উন্মোচন করা সহজ।’ তিনি বলেন, নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্যকর্ম কীভাবে অনুপ্রাণিত করছে, তা নিয়েও গবেষণা করা যায়। আর বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্রটি চালু থাকলে এখানকার শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকেরা জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করতে পারবেন।’ জানা গেছে, কয়েক বছর ধরে প্রতিবছর একটি সেমিনার আয়োজনের মধ্যেই কেন্দ্রের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে এ সেমিনার আয়োজন করা হতো। তবে আলাউদ্দিন আল আজাদ পরিচালক থাকাকালীন কেন্দ্র থেকে একটি সাময়িকী প্রকাশিত হয়েছিল। সৌরেন বিশ্বাস দায়িত্ব নেওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্যোতির্ময় ঘোষের নজরুলের ঠিকানা নামের একটি প্রবন্ধের বই প্রকাশিত হয়। এ সময় দুজন গবেষক নজরুলের জীবন ও সাহিত্যকর্মের ওপর গবেষণা করেছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।এদিকে, গবেষণাকেন্দ্রের দুই কর্মকর্তা-কর্মচারীকে অন্য দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ। তৃতীয় শ্রেণীর কর্মকর্তা আমেনা খাতুনকে নাট্যকলা বিভাগে এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী মৃদুল কান্তি রুদ্রকে রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।