চার মাস ধরে বিচ্ছিন্ন আট গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্নীলার হোয়াব্রাং সড়কে খালের ওপর ধসে পড়া কালভার্ট l প্রথম আলো
হ্নীলার হোয়াব্রাং সড়কে খালের ওপর ধসে পড়া কালভার্ট l প্রথম আলো

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের হোয়াব্রাং সড়কে গত ২৪ মে একটি কালভার্ট ধসে পড়ার পর চার মাস ধরে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আট গ্রামের মানুষ। ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনেও ব্যাঘাত ঘটছে।
এলাকাবাসী জানান, চার মাস আগে হোয়াব্রাং সড়কের এক নম্বর স্লুইস গেট খালের ওপর নির্মিত কালভার্টটি একটি মিনিট্রাকসহ ধসে পড়ে। এর ফলে হ্নীলার মৌলভীবাজার, আলী আকবরপাড়া, মরিচ্চ্যাঘোনা, পানখালী, বৃহত্তর সিকদারপাড়া, ফুলের ডেইল, উলুচামারী ও আলীখালী গ্রামের ১৫ হাজার মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
প্রায় ১০ বছর আগে হোয়াব্রাং এলাকার বাসিন্দাদের উদ্যোগে কালভার্টটি নির্মিত হয়েছিল।
বর্তমানে স্থানীয় লোকজন বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরি করে ঝঁুকি নিয়ে চলাচল করছেন। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
কলেজ শিক্ষার্থী রুজিনা পারভীন ও জাফর আলম জানান, বিকল্প সড়ক না থাকায় প্রতিনিয়ত ঝঁুকি নিয়ে ওই এলাকার শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে।
হোয়াব্রাং এলাকার আব্দুল গফফার জানান, কালভার্টটি ধসে পড়ার পর যানবাহন চলাচল বন্ধ থাকায় মৌলভীবাজার, আলী আকবরপাড়া, মরিচ্চ্যাঘোনাসহ আট গ্রামের বাসিন্দাদের তিন-চার কিলোমিটার পথ হেঁটে যাতায়াত করতে হচ্ছে।
হ্নীলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হোসেন বলেন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে কালভার্টটি দ্রুত পুনর্নির্মাণ করা জরুরি।
হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান মীর কাশেম বলেন, গুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত এই কালভার্ট ধসে পড়ায় শিক্ষার্থীসহ এলাকার লোকজনের সমস্যা হচ্ছে। তাই কালভার্টটি দ্রুত পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানতে চাইলে টেকনাফ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবসার উদ্দিন বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।