সংস্কারের চার মাস পর পুরোনো চেহারায় ফিরে গেছে নগরের জাকির হোসেন সড়ক। গেল সপ্তাহের টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যানচলাচল। বাড়ছে জনদুর্ভোগ। বিশ্বকাপ ক্রিকেটকে বরণ করতে চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়। জিইসি মোড় থেকে ঢাকা ট্রাঙ্ক রোড পর্যন্ত পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি সংস্কার হয় অ্যাসফল্ট প্ল্যান্টের মাধ্যমে। এতে খরচ হয় পাঁচ কোটি টাকা। ১১ আগস্ট সরেজমিন ঘুরে দেখা গেছে, জিইসি মোড়ের কিছু পশ্চিমে তিন রাস্তার মোড় থেকে ওমরগণি কলেজ, সূর্যের হাসি ক্লিনিক থেকে খুলশী ৪ নম্বর সড়ক, ওয়্যারলেস লেবেল ক্রসিং, ওয়্যারলেস মার্কেট থেকে আকবর শাহ মাজার তথা পরিবেশ অধিদপ্তর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। সড়কের দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট পাথর।সবচেয়ে বেহাল অবস্থা দেখা গেছে ওমরগণি এমইএস কলেজ থেকে পূর্বদিকে তিন রাস্তার মাথা পর্যন্ত। এ অংশে সড়কটি যে চার মাস আগে সংস্কার হয়েছে তা চেনার উপায় নেই। কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কের এ অংশে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ধীর গতিতে গাড়ি চলার ফলে সংশ্লিষ্ট এলাকায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। স্থানীয় লোকজনের মতে, দুর্নীতি না হলে এত অল্প সময়ে সড়কের এ অবস্থা হওয়ার কথা নয়। সড়কটি পরিদর্শনের সময় সিটি বাসচালক আলাউদ্দীন মজিদ ১১ আগস্ট বেলা একটায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এ সড়কে তো বৃষ্টির পানি জমে থাকে না। পানি জমে থাকলে বুঝতাম পানির কারণে সড়কের এ দশা হয়েছে। এবার আপনারা বুঝুন সংস্কারকাজে কী পরিমাণ দুর্নীতি হয়েছে।’ জিইসি মোড়ের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন খুলশী ১ নম্বর সড়ক এলাকার বাসিন্দা তৌফিক ওমর। বাসায় গিয়ে প্রতিদিন তিনি পরিবারের সঙ্গে ইফতার করেন। সড়কটির বেহাল দশা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিটি করপোরেশন সড়কের কাজ করেছে মাত্র চার মাস হলো। জানি, এ দেশে বিভিন্ন কাজে দুর্নীতি হয়। কিন্তু চার মাসে সড়কের এই হাল হবে কল্পনাও করিনি। গত দুই দিন পরপর আমি গাড়ি নিয়ে যানজটে আটকা পড়ি। পরিবারের সঙ্গে ইফতারটুকু করতে পারিনি।’ একই রকম ভোগান্তির কথা জানালেন, ওমরগণি এমইএস কলেজের বাংলা তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফারহান, মোহাম্মদ ইউছুফ ও আলমগীর কবির। অল্প সময়ে সড়কটির এমন দশা প্রসঙ্গে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মোখতার আলম সংস্কারকাজে দুর্নীতি বা অনিয়মের কথা নাকচ করে দেন। করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম সড়কের বেহাল দশার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, ‘ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা ট্রাঙ্ক রোড পর্যন্ত তিন কিলোমিটার অংশের সংস্কারকাজের দায়িত্ব আমি পাই। বৃষ্টিতে এই অংশে ক্ষতি কম হয়েছে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ অংশের উন্নয়নে ব্যয় হয়েছে তিন কোটি টাকা। ঠিকাদারের জামানত বাবদ ৩০ লাখ টাকা দিয়েছি। সড়কটি পুনরায় সংস্কার করব। তবে বৃষ্টি পুরো থেমে গেলে।’ জানতে চাইলে এই সড়কের বাকি দুই কিলোমিটার অংশের কাজের তত্ত্বাবধানকারী সিটি করপোরেশনের অন্য এক নির্বাহী প্রকৌশলী মুনিরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘সংস্কারকাজে দুর্নীতি নয়, কারিগরি সমস্যার কারণে সড়কের এ অবস্থা হয়েছে। তবে রোদ পড়লে আমরা পুনরায় সড়কটির সংস্কারকাজ করব। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদার মালামাল সরবরাহ দেওয়া শুরু করেছেন।’