এমবিবিএসের ক্লাস শুরু, পুরোদমে চলছে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের কার্যক্রম
চার মাস পর প্রাণচঞ্চল ইউএসটিসি

চার মাস পর আবার প্রাণচঞ্চল হয়ে উঠেছে ইউএসটিসির (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম) ক্যাম্পাস। গতকাল শনিবার থেকে আবার শুরু হয়েছে এমবিবিএস কোর্সের শ্রেণি কার্যক্রম। পুরোদমে সচল হয়েছে ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের অন্ত ও বহির্বিভাগ।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে গত জানুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন ইউএসটিসির এমবিবিএস কোর্সের পাঁচটি বিভাগের অন্তত ১ হাজার ৪০০ শিক্ষার্থী। ভর্তির কোটা অমান্য করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে ২৫তম ব্যাচ (২০১১-১২ শিক্ষাবর্ষ) থেকে নিবন্ধন বন্ধ করে রেখেছিল বিএমডিসি। গত বৃহস্পতিবার বিএমডিসির রেজিস্ট্রার মো. জাহিদুল হক বসুনিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা তাঁদের নিবন্ধনের বিষয়ে নিশ্চয়তা পান। এরপর তাঁরা ওই দিনই ক্যাম্পাসের প্রশাসনিক ভবন ও হাসপাতালে লাগানো তালা খুলে দেন।
প্রায় দুই মাস আগে (২৩ মার্চ) এই দুই ভবনে তালা লাগিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে তারও আগে অর্থাৎ জানুয়ারির শুরুতে এমবিবিএসের শ্রেণি কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবশ্য হাসপাতালের কার্যক্রম এবং এমবিবিএসের ক্লাস বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলো খোলা ছিল।
চার মাস পর গত শনিবার আবার সরব হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীদের পদচারণে মুখর ছিল সর্বত্র। শ্রেণি কার্যক্রম, আড্ডা ও গ্রুপ ডিসকাশন—সবই চলেছে সমানতালে। মেডিসিন অনুষদে গিয়ে দেখা যায়, কিছু শিক্ষার্থী শ্রেণি কার্যক্রমে ব্যস্ত। আর কিছু শিক্ষার্থী বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন।
জানতে চাইলে এমবিবিএসের ২৫তম ব্যাচের শিক্ষার্থী মো. মহিউদ্দিন বলেন, ‘বিএমডিসি আমাদের নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে। তাই এখন আমরা সবাই আবার পড়ালেখায় মনোনিবেশ করছি।’
বেলা ১১টায় একাডেমিক ভবনের একটি কক্ষে দেখা গেছে, বিষয়ভিত্তিক গ্রুপ ডিসকাশনে ব্যস্ত ২৯তম ব্যাচের শিক্ষার্থীরা।
জয়া দেবী নামের এক শিক্ষার্থী বলেন, ‘অনেক দিন পর আবার ক্লাস করতে এসেছি। ভালো লাগছে খুব।’
তাঁর সহপাঠী নুসরাত জাহান কথা টেনে নিয়ে বললেন, ‘৪ মাস ১০ দিন পর আমরা আবার এভাবে পড়ালেখা এবং আড্ডা দিচ্ছি। এখন আশা করি আর সংকট নেই।’ তবে চার মাসের অচলাবস্থার বাড়তি চাপও শিক্ষার্থীদের এখন নিতে হবে বলে মনে করছেন তাঁরা।

জানতে চাইলে ইউএসটিসির রেজিস্ট্রার বদরুল আমিন ভূঁইয়া বলেন, ‘জটিলতা কেটে গেছে। এখন নিবন্ধনের প্রক্রিয়া চলছে, সেটা শিক্ষার্থীরা দেখেছে। এখন আন্দোলনের ফলে কিছুটা লাভ হয়েছে। আর চার মাসের পিছিয়ে যাওয়াটা একটু ক্ষতি তো বটেই। তবে সেটা মেনে নিতে হবে। আমরা পরীক্ষাগুলোর নতুন সূচি নির্ধারণ করেছি। নতুন করে আজ (শনিবার) সকাল থেকে ক্লাস ও হাসপাতাল চালু হয়েছে।’
জানা গেছে, গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও হাসপাতালের তালা খুলে দেওয়ার পর শুক্রবার থেকে পরিচ্ছন্নতার কাজ চলছে। হাসপাতাল ও প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। শনিবারও কয়েকটি স্থানে পরিষ্কার করা হয়। তবে শুক্রবার থেকেই হাসপাতালে রোগী ভর্তি করা শুরু হয়েছে।
গতকাল বেলা ১১টায় হাসপাতালে সাতজন রোগী ভর্তি ছিল। এর মধ্যে একজন শুক্রবার ভর্তি হন এবং বহির্বিভাগও চালু দেখা যায়। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা বাঁশখালীর দিলারা বেগম বলেন, ‘আমি আমার এক আত্মীয়কে দেখাতে এসেছি। বহির্বিভাগ থেকে বলেছে, এখানে ভর্তি করিয়ে দিতে।’
বহির্বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সায়েম আনোয়ার বলেন, সকাল থেকে ছয়-সাতজন রোগী এসেছেন। ভর্তি হয়েছেন কয়েকজন। হাসপাতাল এখন পুরোদমে চালু।
উল্লেখ্য, আন্দোলনের একপর্যায়ে গত ২৩ মার্চ শিক্ষার্থীরা দুই ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। ফেব্রুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধার্য করা জরিমানার অর্থ ইউএসটিসি কর্তৃপক্ষ জমা না দেওয়ায় তাঁরা তালা ঝুলিয়ে দেন। এরপর ৪ এপ্রিল জরিমানার তিন কোটি টাকা জমা দেয়। কিন্তু তারপরও নিবন্ধনের পথ সুগম হয়নি। ফলে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।
পরে ১৯ এপ্রিল মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনায় জরিমানার অবশিষ্ট টাকা তিন কিস্তিতে পরিশোধ এবং মুচলেকা দিতে বলা হয়। একই চিঠিতে বিএমডিসিকে নিবন্ধনের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। এরপরও ইউএসটিসি কর্তৃপক্ষের নড়াচড়া না দেখে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান। একপর্যায়ে গত সোমবার তাঁরা উপাচার্য প্রভাতচন্দ্র বড়ুয়াকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এরপর গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিএমডিসির রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করে নিশ্চিত হন তাঁদের নিবন্ধনের প্রক্রিয়া চলছে। তখন আন্দোলন থেকে সরে আসেন।
ইউএসটিসির ২০১১-১২ (২৫তম ব্যাচ) শিক্ষাবর্ষে ৪১০ জন, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ৪১৪ জন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ২৮০ জন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৯০ জন ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন। এর মধ্যে প্রায় অর্ধেক বিদেশি ছাত্র।