কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত চার মাসে পাঁচজন চিকিৎসক অন্যত্র বদলি হয়ে গেছেন। তাঁদের জায়গায় নতুন কোনো চিকিৎসক যোগ দেননি। ফলে ১২ জন থেকে কমে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংখ্যা দাঁড়িয়েছে সাতে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালে ২৮ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে রয়েছে সাতজন। এ ছাড়া ১৭ জন নার্সের স্থালে আছে তিনজন। হাসপাতালে প্রসূতিসেবা ও অস্ত্রোপচারসেবা বন্ধ রয়েছে অনেক বছর ধরে। এক্স-রে মেশিন ১০ বছর আগে বসানো হলেও তা ব্যবহৃত হয় না। উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা প্রায় চার লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র অবলম্বন এই হাসপাতাল। কিন্তু হাসপাতালে চিকিৎসকেরা চলে যাওয়ায় চিকিৎসাসেবা পাচ্ছেন না চিকিৎসকেরা। শল্যচিকিৎসক না থাকায় হাসপাতালের অস্ত্রোপচারসেবাও অনেক বছর ধরে বন্ধ আছে।
স্থানীয় পৌর এলাকার গোরকঘাটার বাসিন্দা মিজানুর রহমান বলেন, হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার জন্য এক্স-রে যন্ত্র বসানো হলেও তা রোগীদের কাজে আসছে না। এ কারণে রোগীদের এক্স-রে করতে গিয়ে বেসরকারি হাসপাতালের শরণাপন্ন হতে হচ্ছে। আর যাদের টাকা নেই, বাইরে গিয়ে এক্স-রে করানো তাদের পক্ষে কোনো ভাবেই সম্ভব না।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, গত চার মাসে হাসপাতাল থেকে বদলি হয়ে যাওয়া চিকিৎসকেরা হলেন মহিউদ্দিন মাজেদ, মহিউদ্দিন কাদের, নিজাম উদ্দিন, রানা চৌধুরী ও প্রত্যয় দে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, হাসপাতালে পাঁচ মাস আগে ১২ জন চিকিৎসক ছিলেন। বর্তমানে চিকিৎসক কমে সাতজনে দাঁড়িয়েছে। চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও এখানে অনেকেই থাকতে চান না। তাঁরা নিজেরা তদবির করে অন্যত্র বদলি হয়ে যান।