ফটিকছড়িতে গৃহবধূ খোরশিদা হত্যা
চার মাসেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ
ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে গৃহবধূ খোরশিদা বেগম হত্যা মামলার আসামিরা চার মাসেও কেউ গ্রেপ্তার হননি। বাদীর অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা আসামি গ্রেপ্তারে গরজ দেখাচ্ছে না।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০০২ সালের ২২ ডিসেম্বর রোসাংগিরির শীলের হাটের বাসিন্দা খোরশিদা বেগমের বিয়ে হয় নাজিরহাট পৌরসভার চরগাঁওপাড়ার বাসিন্দা প্রবাসী আবুল হাশেমের সঙ্গে। সাড়ে ১২ বছরের সংসারে তাঁদের রয়েছে তিন সন্তান—সায়েদ (১১), সাদিয়া (৭) ও শোয়েব (সাড়ে তিন)। থাকতেন নগরের জামালখানের ভাড়া বাসায়। গত ১ ফেব্রুয়ারি হাশেম বিদেশ থেকে আসেন। তিনি ওই দিনই স্ত্রী–সন্তানদের গ্রামের বাড়িতে নিয়ে যান। ২ ফেব্রুয়ারি সকালে হঠাৎ করে খোরশিদা মারা গেছে বলে তাঁর পরিবারের লোকজনকে জানান হাশেম। মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হলে পুলিশকে স্বজনেরা বিষয়টি অবহিত করেন। পুলিশ এসে লাশের সুরতহাল দেখে নিশ্চিত হন এটি স্বাভাবিক মৃত্যু নয়। তখনই লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দেবপ্রতিম বড়ুয়া স্বাক্ষরিত ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গৃহবধূর শরীরের ছয় স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে ঘাড়ে, বাঁ হাতের বাহুতে, মাথার পেছনে, ডান বাহুর ওপরে, বাঁ হাতের পেছনে ও ডান পায়ের নিচে ক্ষত পাওয়া গেছে। মৃত গৃহবধূর শরীরে এমন কোনো রোগ নির্ণয় করা যায়নি, যা দ্বারা তাঁর মৃত্যু ঘটতে পারে।
ঘটনার দিন লাশের প্রাথমিক তদন্তে সুরতহাল তৈরির সময় আত্মহত্যা বলে উল্লেখ করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। পরে ঘটনার ১৬ দিন পর ফটিকছড়ি থানায় নয়জনকে আসামি করে মামলা করেন খোরশিদার ভাই মো. শফি। এতে আসামি করা হয় স্বামী আবুল হাশেম (৪৪), তাঁর ভাই নুরুল আলম (৫০) ও মো. বদিউল আলম (৪৬), চাচা ফোরক আহমদ (৬০), চাচি ইয়াছমিন (৫০), জা হাছিনা বেগম (২৮), ফুলবানু (৩০), নুর নাহার (৪৫) ও শাহানু (৩৮)।
খোরশিদার বড় ভাই ও মামলার বাদী মো. শফি পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ অভিযোগ করে বলেন, ‘ঘটনার দিন থেকেই ফটিকছড়ি থানার পুলিশ রহস্যজনক আচরণ করছে। ঘটনার দিন বেলা দুইটায় থানায় লাশ আনা হলেও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে কালক্ষেপণ করেন। রাত সাড়ে নয়টায় লাশ মর্গে পাঠানো হয়। ঘটনার পর মামলা করতে গেলে প্রথমে তারা মামলা নেয়নি। অনেক দেরিতে মামলা নিয়ে আমার বোনের হত্যাকারী আবুল হাশেমকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে পুলিশ।’
মামলার প্রধান আসামি ও খোরশিদার স্বামী আবুল হাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে মুঠোফোনে বলেন, ‘খোরশিদার সঙ্গে আগের রাতে মনোমালিন্য হয়েছে, এটা ঠিক। কিন্তু সকালে উঠে দেখি সে মারা গেছে।’ খোরশিদার শরীরে আঘাতের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কিছু জানেন না বলে জানান।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বলেন, ঘটনার পর একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত করে ঘটনাটি হত্যাকাণ্ড হলে আসামি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া করা হয়, এটা নিয়ম। নিহত গৃহবধূর ভাইয়ের দেওয়া মামলাটিও রুজু করা হয়েছে। যেহেতু ময়নাতদন্তে হত্যাকাণ্ড এসেছে, সেহেতু কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না। এত দিনেও আসামি গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে ওসি বলেন, কয়েকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু আসামিদের পাওয়া যায়নি।