চার যুবকের ‘বাউকুল-সাফল্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু উপজেলার ঈদগড়ের পাহাড়ি জনপদ ছগিরাকাটা। বেশির ভাগ জমি পতিত। চাষাবাদ হতো না। আর এখন সেই জমিতে ফলছে বাউকুল। পতিত জমিতেই সোনা ফলাচ্ছেন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চার যুবক—রহিম উল্লাহ, শাহাবউদ্দিন, মামুনুর রশিদ ও এনামুল হক। তাঁদের দেখাদেখি এগিয়ে এসেছেন অন্যরাও। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে তাঁদের সাফল্যের কথা।জানা যায়, ২০০৮ সালে প্রথম বাউকুল চাষে এগিয়ে আসেন সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার রহিম উল্লাহ। সৌদি আরব থেকে দেশে ফিরে তিনি পাবনার ঈশ্বরদীর ছিদ্দিকুর রহমানের বাউকুল বাগান দেখে আসেন। তারপর নিজে বাউকুল চাষের সিদ্ধান্ত নেন। ইচ্ছের কথা জানান তাঁর তিন বন্ধু নাপিতখালীর শাহাবউদ্দিন, টেকপাড়ার মামুনুর রশিদ ও মাইজপাড়ার এনামুল হককে। তাঁরাও বাউকুল চাষে আগ্রহ দেখান। তারপর জনপ্রতি চার লাখ টাকা করে দিয়ে চার বন্ধু নেমে পড়েন বাউকুল চাষে। রামু উপজেলার ঈদগড়ের ছগিরাকাটা এলাকায় বাউকুল চাষের জন্য প্রায় ১২ একর জমি ইজারা নিয়ে শুরু করেন বাগানের কাজ। বাগানের নামকরণ ‘আল্লাহর দান কৃষি ফার্ম’। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহিম উল্লাহর কাছ থেকে বাউকুলের চারা কিনে আনা হলো। তারপর কৃষি কর্মকর্তার পরামর্শে তাঁরা চারা লাগিয়ে পরিচর্যা শুরু করেন। আশানুরূপ সাফল্য পেলেন না। কোনোভাবেই খরচ উঠে আসে না। বলতে গেলে লোকসানই গুনতে হলো। এভাবে কাটল ২০১১ সাল পর্যন্ত। হতাশ হয়ে পড়েন চারজনই। শেষে শরণাপন্ন হন চ্যানেল আইয়ের বার্তা প্রধান এবং হূদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের পরিচালক শাইখ সিরাজের। এরপর তাঁর পরামর্শে চার যুবক যান পাবনার ছিদ্দিকুর রহমান ময়েজ ওরফে কুল ময়েজের কাছে। ময়েজ উদ্যমী চার যুবককে হাতে-কলমে বাউকুল চাষের পদ্ধতি শিখিয়ে দেন। শাহাব উদ্দিন বলেন, চাষি ময়েজের পরামর্শ অনুযায়ী বাগান করে অল্প দিনেই গাছে কুল ধরতে শুরু করে। এখন গাছে কুল আর কুল। এতে বাগানের চেহারা পাল্টে গেছে। ২০১২ সালের শেষ সময়ে আমরা বাউকুল বাজারজাত করেছি। এ পর্যন্ত ২০ লাখ টাকার ফল তুলতে পেরেছি। ছগিরাকাটা গ্রামের বাসিন্দা আফজল আহমদ বলেন, বেকার চার যুবক গ্রামে যখন কুল বাগান শুরু করে, তখন সবাই তাঁদের কর্মকাণ্ডকে পাগলামো বলে মন্তব্য করেছিল। অথচ লাভের আশায় এখন অনেকে বাউকুল চাষে এগিয়ে আসছেন। বাগানের সদস্য এনামুল হক বলেন, ‘বাউকুলের বাম্পার ফলনের খবর শুনে দেশের বিভিন্ন স্থানের জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত চাষিরা আমাদের বাগান পরিদর্শন করেছেন। এ বাগানের বাউকুল দেশের অন্য স্থানের বাউকুলের চেয়ে মিষ্টি বলে স্বীকৃতি দিয়েছেন।’দলনেতা রহিম উল্লাহ বলেন, ‘বাগানের কিছু অংশে পেয়ারা ও আমবাগান করা হয়েছে। বাগানে কাজ করছেন অর্ধশত শ্রমিক। আমরা আরও জমি খুঁজছি, কিন্তু পাচ্ছি না। সরকারি বা পাহাড়ি পতিত জমি ইজারা পাওয়া গেলে বাগানের পরিধি বাড়ানো যেত।’ ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ বলেন, ‘বাউকুলের চাষ করে চার যুবকের স্বাবলম্বী হওয়ায় অনেকে উৎসাহ নিয়ে বাগান করতে এগিয়ে আসছেন। বেকার যুবকদের এ ব্যাপারে সহযোগিতা করতে কৃষি বিভাগের এগিয়ে আসা উচিত।’