চার লাখ টাকার জেনারেটর দুই বছর ধরে অকেজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলা হাসপাতালে (স্বাস্থ্য কমপ্লেক্স) ৪০ কেভির ৪০ হাজার ওয়াটের জেনারেটরটি প্রায় দুবছর ধরে কোনো কাজে আসছে না। স্থাপন না করায় প্রায় চার লাখ টাকার জেনারেটরটি হাসপাতালের একটি ঘরে পড়ে আছে। অন্যদিকে পুরোনো জেনারেটরটিও গত দুবছর ধরে নষ্ট। জেনারেটর ব্যবহার করতে না পারায় বর্তমানে ভয়াবহ বিদ্যুৎসংকটের পাশাপাশি তীব্র লোডশেডিংয়ের ফলে হাসপাতালের ফ্রিজে ওষুধ ও ভ্যাকসিন সংরক্ষণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া, রোগীদের যথাসময়ে অস্ত্রোপচার, গাইনি বিভাগে জরুরি অস্ত্রোপচার, নিউমোনিয়া রোগীদের গ্যাস প্রদান, এক্স-রেসহ জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, নতুন জেনারেটরটি ডিজেলচালিত। এটি স্থাপন করা হলেও ব্যবহার করা যাবে কি-না সংশয় রয়েছে। কারণ এর জন্য সরকারিভাবে কোনো জ্বালানি বরাদ্দ নেই। সূত্র জানায়, ২০০৬ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫১ শয্যায় উন্নীত করা হয়। সার্বিক কাজের সুবিধার জন্য ২০০৮ সালের ৯ জুলাই ৪০ হাজার ওয়াটের জেনারেটরটি সরবরাহ করা হয়। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে এখনো পর্যন্ত জেনারেটরটি স্থাপন করা যাচ্ছে না। জানা গেছে, এক বছর আগে স্থানীয় বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ছোট একটি আইপিএস কেনা হয়। সেটি দিয়ে জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে মাত্র ৮-১০টি ৬০ ওয়ার্টের বাল্ব চলে। বর্তমানে বিদ্যুৎসংকটের কারণে সেটিও নষ্টের পথে। ফলে রাতে বিদ্যুৎ না থাকলে পুরো হাসপাতালে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবিকা বলেন, বিদ্যুৎ না থাকলে অন্ধকারে মোমবাতিই ভরসা। কিন্তু মোমবাতির আলো দিয়ে ইনজেকশন, স্যালাইন ও জরুরি চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয় না। এ হাসপাতালে পটিয়া ছাড়াও আনোয়ারা, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার রোগীরা সেবা নিতে আসেন। প্রতিদিন ৭০-৮০ জন রোগী এখানে ভর্তি থাকেন। প্রায় সাড়ে চার শতাধিক রোগী বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘জেনারেটরের ব্যাপারে কর্তৃপক্ষকে বার বার তাগাদা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট লোকজন এসে দেখে গেলেও এখনো পর্যন্ত তা স্থাপন করার কোনো উদ্যোগ নেননি।’ তিনি আরও বলেন, ‘জেনারেটরটি বসানো হলেও এটি চালানোর জন্য সরকারিভাবে কোনো জ্বালানি বরাদ্দ না থাকায় এটি কীভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি। এটি চালাতে ঘণ্টায় আট লিটার জ্বালানি লাগবে।’ চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘জেনারেটরের দায়িত্ব সিএমএমইউ কর্তৃপক্ষের। এটা তাঁরাই সরবরাহ করেছেন। এ ব্যাপারে তাঁদের বারবার বলা সত্ত্বেও কোনো উদ্যোগ না নেওয়ায় ২৫ মে জেলা সমন্বয় সভায় কড়া ভাষায় তাগাদা দিয়েছি। তাঁরা ১৫ দিন সময় চেয়েছে।’যোগাযোগ করলে সিএমএমইউর সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ‘জুনের মধ্যে জেনারেটর স্থাপনের ঘরটি তৈরি হয়ে গেলে সরবরাহ করা কোম্পানি ওই স্থানে জেনারেটরটি স্থাপন করে দেবে।’