চার লাখ মানুষের জন্য চিকিৎসক মাত্র চারজন!
কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয় ২০০৬ সালের জুনে। কিন্তু এখনো চলছে আগের জনবল দিয়ে। সাড়ে পাঁচ বছরেও পূরণ করা হয়নি শূন্য পদ। চিকিৎসকের ২৮ পদের মধ্যে কর্মরত আছেন মাত্র চারজন। ফলে চিকিৎসাসেবা চলছে জোড়াতালি দিয়ে।জানা গেছে, আট ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় চার লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা এই হাসপাতাল। কিন্তু নানা সংকটে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছে না দ্বীপবাসী। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতাল প্রতিষ্ঠার ২৯ বছর পর ২০১০ সালের ডিসেম্বর মাসে একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও দুই মাস পর তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। এ কারণে হাসপাতালে প্রসূতিসেবা বন্ধ রয়েছে। এক্স-রে যন্ত্রও বসানো হয়েছে ছয় বছর আগে, সেটিও রোগীদের কাজে ব্যবহূত হচ্ছে না।সরেজমিনে গত বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে শত শত রোগীর লাইন। তাঁদের চিকিৎসা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক। আর অন্তর্বিভাগে রোগী দেখছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা। চিকিৎসা নিতে আসা শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়ার বাসিন্দা আব্দুর রহিম, ওসমান গনি ও কামাল হোসেন বলেন, এক্সরে করাতে হলে দ্বীপের বাইরে কক্সবাজার সদরে যেতে হয়। ফলে অসহায় গরিব রোগীরা বাইরে গিয়ে এক্স-রে করাতে পারে না। কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনার বাসিন্দা নুরুল কবির বলেন, হাসপাতালে জ্বর, সর্দি-কাশি আর ডায়রিয়া ছাড়া অন্য কোনো চিকিৎসা পাওয় যায় না।হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক ও সেবিকার সংকটের কারণে চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে ২৮ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র চার জন। তিনি বলেন, সাড়ে পাঁচ বছর আগে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবল বাড়ানো হয়। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মাবুদ বলেন, ‘চিকিৎসক ও সেবিকাসহ অন্যান্য শূন্য পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ দেওয়ার জন্য অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হলেও কোনো কাজ হচ্ছে না।