চার লেনের ধুলাবালুতে অন্ধকার সীতাকুণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের উড়ন্ত ধুলাবালুতে যেন ঢাকা পড়েছে পুরো সীতাকুণ্ড উপজেলা। এ কারণে মহাসড়কে সাধারণ মানুষের চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এর আশপাশের বাড়িঘর, দোকানপাটের আসবাবপত্রসহ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দিনের বেলায় মহাসড়কের এ অংশে পানি না ছিটানোর কারণে এ অবস্থা হয়েছে। অসম্পূর্ণ নতুন রাস্তায় গাড়ি চললেই ধুলা ওড়ে এবং তা বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ে। উড়ন্ত এই ধুলাবালুর কারণে স্থানীয় বাসিন্দাদের নানা রোগব্যাধিও হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে চার লেন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেডের উপপ্রকল্প ব্যবস্থাপক এফ আর ফেরদৌস প্রথম আলোকে বলেন, ধুলাবালুতে পানি দিলেও কিছুক্ষণ পর পর শুকিয়ে যায়। ১৫ কিলোমিটার রাস্তায় সারা দিন পানি দিয়ে ভিজিয়ে রাখা সম্ভব নয়। যে অংশে কাজ করা হচ্ছে শুধু সে অংশে পানি ছিটানো হচ্ছে।’ সরেজমিন ঘুরে জানা যায়, কোনো কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হলে চার লেনের ওপর দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকারসহ ছোট ও মাঝাড়ি ধরনের গাড়ি চলাচল করতে থাকে। তখন ধুলাবালুতে দিনের বেলায়ই অন্ধকার হয়ে পড়ে। তিন মাস ধরে এই অবস্থা চলছে। স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন, সড়কে যাতে ধুলাবালু না ওড়ে সে জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে পানি ছিটাতে অনুরোধ করেও কাজ হচ্ছে না। তা ছাড়া নতুন সড়কের ওপর দিয়ে যাতে যানবাহন চলতে না পারে তার জন্য প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হচ্ছে না। এদিকে মহাসড়কে ধুলা আক্রান্ত মানুষেরা ফুসফুসে সংক্রমণসহ নানা রোগব্যাধি ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন। তাঁরা জানান, ঘরের কোনো কিছুই আর সুরক্ষিত নেই। আসবাবপত্র, খাদ্যদ্রব্যসহ সবকিছু ধুলায় নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দা কলেজছাত্র বিদুর দাস বলেন, রাস্তার পাশে বালুর স্তূপ থেকে বাতাসে বালু উড়ে চারদিক অন্ধকার হয়ে যায়। ছোট গাড়িগুলো যখন ধুলার ওপর দিয়ে চলে তখন অবস্থা হয় ভয়াবহ। পরিষ্কার পোশাক পরে ঘর থেকে বের হয়ে কলেজে যেতে যেতেই তা ময়লা হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।