কক্সবাজারের মহেশখালী উপজেলার সংরক্ষিত পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত চার শ পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। তাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের একটি প্রস্তাব ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২৫ জুলাই পাঠানো এ প্রস্তাবে পুনর্বাসনের জন্য চার কোটি ৪৩ লাখ টাকার বেশি অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।গত ২৬ জুন পাহাড়ধসে এক শিশুসহ চারজনের মৃত্যু হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন পাহাড়ে জরিপ চালান এবং চার ইউনিয়নের পাহাড়ের ঢালুতে বসবাসকারী ৪০৩ পরিবারকে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৭০ সালের পর থেকে ছোট মহেশখালী, শাপলাপুর, কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নে সংরক্ষিত পাহাড়ের পাদদেশে স্থানীয় লোকজনসহ বিভিন্ন এলাকা থেকে দরিদ্র লোকজন এসে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণ করে ঝুঁকি নিয়ে বসবাস করে আসছে। এ পর্যন্ত তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ কর্তৃপক্ষ নেয়নি। জানা যায়, কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় বন বিভাগের ১৮ হাজার ২৮৬ একর বনভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার একর জায়গা বেদখল হয়ে গেছে। এসব জায়গায় এলাকার দরিদ্র লোকজন বসতবাড়ি তৈরি করে মৃত্যুর ঝু্ঁকি নিয়ে বসবাস করছেন। বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান প্রথম আলোকে বলেন, পাহাড়ের ঢালুতে বসবাসকারী লোকজনকে অন্যত্র সরে যেতে বলা হলেও তাঁরা যাচ্ছেন না। ভারী বৃষ্টি হলে আবারও পাহাড়ধসে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করেন তিনি। এ প্রসঙ্গে ইউএনও প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ে জরিপ চালিয়ে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে ৪০৩ পরিবারকে চিহ্নিত করা হয়েছে। এসব পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের জন্য চার কোটি ৪৩ লাখ টাকার কিছু বেশি টাকা প্রয়োজন। এই টাকার বরাদ্দ চেয়ে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হবে।’