চার শতাধিক তামাক চুল্লিতে পুড়ছে বনের কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাক চাষে বিধিনিষেধ না থাকলেও চুল্লিতে বনের গাছ কেটে কাঠ পোড়ানো অবৈধ। তবে আইন অমান্য করে রাঙামাটির বাঘাইছড়ির বিভিন্ন তামাকচুল্লিতে পোড়ানো হচ্ছে কাঠ। উপজেলা সদরের পুরান মারিশ্যা এলাকার একটি তামাক চুল্লির সামনে এভাবে জড়ো করে রাখা হয়েছে গাছের গুঁড়ি। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
তামাক চাষে বিধিনিষেধ না থাকলেও চুল্লিতে বনের গাছ কেটে কাঠ পোড়ানো অবৈধ। তবে আইন অমান্য করে রাঙামাটির বাঘাইছড়ির বিভিন্ন তামাকচুল্লিতে পোড়ানো হচ্ছে কাঠ। উপজেলা সদরের পুরান মারিশ্যা এলাকার একটি তামাক চুল্লির সামনে এভাবে জড়ো করে রাখা হয়েছে গাছের গুঁড়ি। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়িতে তামাক চুল্লিতে পোড়ানো হচ্ছে বনের কাঠ। এসব কাঠ সরবরাহ দেওয়া হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়নের বাগান থেকে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার বিভিন্ন স্থানে চার শতাধিক চুল্লিতে তামাক পাতা পোড়ানো হচ্ছে। এসব চুল্লি নির্মিত হয়েছে বাড়ির আঙিনা ও ফসলি জমির পাশে।

তামাকচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চুল্লিগুলোতে প্রতিদিন হাজারো মণ কাঠ পোড়ানো হচ্ছে। প্রতি চুল্লিতে দিনে কমপক্ষে ২০ মণ কাঠ পোড়ানো হয়। সেই হিসাবে চার শতাধিক চুল্লিতে প্রতিদিন আট হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে। প্রতিটি চুল্লিতে গড়ে ১০ জন শ্রমিক কাজ করেন। এ ছাড়া তামাক খেত থেকে পাতা তোলা ও সাজানোর কাজে নিয়োজিত রয়েছেন ২০ হাজারের বেশি শ্রমিক। শ্রমিক সংকটের কারণে এখন নারী ও শিশুদের তামাকচুল্লির কাজে লাগানো হচ্ছে।

কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এ বছর ২ হাজার ৮০০ একর জমিতে তামাক চাষ হয়েছে। পৌরসভাসহ খেদারমারা, সারোয়াতলী, বাঘাইছড়ি, রূপকারী ও মারিশ্যা ইউনিয়নে এসব চাষ করা হয়। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে তামাক খেত থেকে পাতা তোলা শুরু হয়েছে। এখন পুরোদমে চলছে পাতা শুকানোর কাজ। প্রতি মৌসুমে এক একর খেতের তামাক পাতা শুকাতে ৩০০ মণ কাঠ প্রয়োজন হয়।

সরেজমিনে দেখা গেছে, পুরান মারিশ্যা, মাস্টারপাড়া, রূপকারী মুসলিম ব্লক, পূর্ব লাল্যাঘোনা, পশ্চিম লাল্যাঘোনা, তুলাবান, উলুছড়ি, উগলছড়ি, শিজক খাগড়াছড়ি ও শিজক এলাকায় ব্যাপক তামাক চাষ হয়েছে। ওই সব এলাকায় বাড়ির আঙিনা, ফসলি জমিসহ বিভিন্ন স্থানে তামাক চুল্লি স্থাপন করে দিন-রাত পাতা শুকানোর কাজ চলছে।

তামাক পাতা শুকানোর জন্য চুল্লিতে কাঠ পোড়াচ্ছেন এক শ্রমিক
তামাক পাতা শুকানোর জন্য চুল্লিতে কাঠ পোড়াচ্ছেন এক শ্রমিক

পুরান মারিশ্যা এলাকার তামাকচাষি মো. দিদারুল আলম বলেন, ‘আমি এক একর জমিতে তামাক চাষ করেছি। তিনজন মিলে তৈরি করেছি একটি তামাক চুল্লি।’ চুল্লিতে কাঠ পোড়ানো নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কাঠ কিনি ব্যবসায়ীদের কাছ থেকে। তাঁরা কোথা থেকে আনছেন, আমরা জানি না।’ বটতলী এলাকায় মো. আবদুল জলিল বলেন, ‘আমাদের গ্রামের পাশে তামাক চুল্লি বসানো হয়েছে। চুল্লিতে আগুন দেওয়ার পর সবাই আতঙ্কের মধ্যে রয়েছি। একদিকে বাড়িতে আগুন লাগানোর আতঙ্ক। অন্যদিকে তামাক পাতার গন্ধে শিশুদের মারাত্মক ক্ষতি হচ্ছে।’

বাঘাইছড়ি পরিবেশ আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল বলেন, তামাক চুল্লিতে কাঠ পোড়ানোর কারণে পরিবেশ হুমকির মুখে পড়েছে। সংরক্ষিত বন ও সামাজিক বনায়ন ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে বন ধ্বংস হতে থাকলে বাঘাইছড়ি বসবাসের অনুপযোগী হয়ে যাবে।

এ ব্যাপারে বন বিভাগের শিজক রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, ‘সংরক্ষিত বনে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। স্থানীয় লোকজন নিজেদের ইচ্ছেমতো সংরক্ষিত বন থেকে কাঠ কেটে নিয়ে যায়। আমি নিজেই দু-তিনবার অবৈধ কাঠ আটক করেছি। কিন্তু আটকের পর সন্ত্রাসীদের তোপের মুখে পড়তে হয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, ‘উপজেলায় বিভিন্ন স্থানে প্রতিবছর তামাক চাষ বাড়ছে। আমরা তামাকচাষিদের নিরুৎসাহিত করার জন্য নানা পদক্ষেপ নিয়েছি। কিন্তু চাষিরা বাড়তি সুযোগ ও লাভের আশায় চাষ বন্ধ করছেন না। এখানে ইচ্ছে করলে বন বিভাগ ও প্রশাসন তামাক চাষ নিয়ন্ত্রণ করতে পারে। সে জন্য বন থেকে গাছ কাটা নিয়ন্ত্রণ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম বলেন, বন থেকে গাছ কাটা ও তামাক চুল্লিতে কাঠ পোড়ানো নিষিদ্ধ। তামাকচাষিরা যদি কাঠ পোড়ান, তাহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তামাক চাষে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে বনের কাঠ পোড়ানো যাবে না। তামাক পোড়াতে হবে ধঞ্চেগাছ ও তুষের লাকড়ি দিয়ে।