গ্লোবাল সোশ্যাল ভেনচার (জিএসভিসি) এশীয় ও আফ্রিকা অঞ্চলের এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভারতের হায়দরাবাদে। চীন, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, কেনিয়া ও ভারতের ২১টি দলকে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ।মেয়েটি স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন পূরণের জন্য করে যায় কঠোর পরিশ্রম। লড়াই করার ইচ্ছে তার মনে প্রবল। সেই সঙ্গে আছে সাহসী সব স্বপ্ন দেখার মতো একটা মন। ‘হতাশা আমার ভেতরে বেশিক্ষণ থাকতে পারে না। আমার লড়াই করার সাহস দেখে তা পালিয়ে যায়। হারতে ভালো লাগে না। জেতার জন্য কঠোর পরিশ্রম করার তাড়নাটা পাই আমি ভেতর থেকে।’ মাঝদুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে দাঁড়িয়ে অঞ্জলি সরকার নামের মেয়েটির মুখে এমন সব সাহসী কথা শুনে অবাক হতে হয় কিছুটা। আর সেই সঙ্গে তাঁর দুচোখে থাকা প্রবল আত্মবিশ্বাসের ঝিলিক খুঁজে পাওয়া যায় সহজেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে তখন ভিড় কিছুটা কম। গাছের পাতার ছায়ায় চলছে রোদের চিকির-মিকির খেলা। চা খেতে খেতে কথা হচ্ছিল ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) তৃতীয় বর্ষের শিক্ষার্থী অঞ্জলি সরকারের সঙ্গে। সম্প্রতি (৭ মার্চ) গ্লোবাল সোশ্যাল ভেনচার (জিএসভিসি) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া দলের তিনি একজন। চোখেমুখে আনন্দের আভা তাই লেগে আছে এখনো।অঞ্জলি সরকারসহ দলের সদস্যসংখ্যা পাঁচজন। বাকিরা হলেন একই ইনস্টিটিউটের মাসরুর হাসান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মারুফ হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান ও নাহিম উদ্দিন। (তবে শেষ পর্যন্ত নিজের কিছু সমস্যার কারণে দলের সঙ্গে ভারত যেতে পারেননি নাহিম উদ্দিন।)সারা বিশ্বের মেধাবী তরুণেরা তাঁদের ভাবনাগুলো নিয়ে জড়ো হন জিএসভিসি প্রতিযোগিতায়। এ প্রতিযোগিতার প্রধান লক্ষ্য জনসচেতনতা তৈরি এবং তরুণদের নেতৃত্বদানে আগ্রহী করে তোলা। প্রতিযোগীরা ঝুঁকি নিয়ে কাজ করার সাহস পান এখান থেকে। ব্যবসা নিয়ে তাঁদের চিন্তাভাবনা তুলে ধরা হয় সবার সামনে। এসব কারণে মেধাবী শিক্ষার্থীদের রয়েছে এ প্রতিযোগিতার প্রতি দারুণ আগ্রহ। প্রতিযোগিতায় জয়ী দলগুলোর জন্য রয়েছে নতুন নতুন জায়গায় দক্ষ, প্রতিষ্ঠিত ও সফল মানুষের সঙ্গে কাজ করার সুযোগ। প্রায় ৪৫ হাজার ডলারের আর্থিক সহযোগিতা করা হয় বিজয়ী দলগুলোকে।গত বছর জুন থেকে কাজ শুরু করে অঞ্জলিদের দল। প্রায় ছয় মাস ধরে কঠোর পরিশ্রম করেন দলের পাঁচজন। রাতের পর রাত না ঘুমিয়ে, ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে পার করেন তাঁরা দিনগুলো। পড়াশোনার বাইরে প্রতিযোগিতা নিয়ে যা আলোচনা, তার বেশির ভাগই হতো ইন্টারনেটে। কাজ করতে গিয়ে কখনো মতের অমিল হতো। হতো কিছু ভুল বোঝাবুঝিও। কিন্তু সবকিছু ভুলে আবার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন সবাই।প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী নভেম্বরে জমা দিতে হয় বিজনেস প্ল্যান। অঞ্জলিরা কাজ শুরু করেন আর্সেনিক নিয়ে। সনো ফিল্টার পদ্ধতিতে কাজ করে তাঁরা মানুষের কাছে পৌঁছে দিতে চান বিশুদ্ধ পানি। পানি নিয়ে কাজ করার কারণে দলের নামও রাখা হয় ‘পানি’। আর্সেনিক সমস্যায় ভোগা মানুষেরা যেন অল্প খরচে বিশুদ্ধ পানি পায়, তার নিশ্চয়তা দেওয়ার জন্যই কাজ করে যায় ‘পানি’ নামের দলটি। দলের কারোরই বিজ্ঞানের ওপর ভালো দখল না থাকার কারণে সনো ফিল্টার নিয়ে কাজ করতে সমস্যা হয়েছিল খুব। কঠোর অনুশীলন ও পড়াশোনার পরে কেটে যায় সে দুর্বলতা। কাজের সময় সাহায্য করেন ড. এ কে এম মুনির। শুরু থেকেই তিনি নানা বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন।কাজ শেষে দলটি দেখায়, মাসিক সত্তর টাকার বিনিময়ে পাঁচ সদস্যের একটি পরিবার মাসজুড়ে পেতে পারে বিশুদ্ধ পানি। একদম শেষ মুহূর্তে নিজেদের ভাবনাগুলো সংক্ষেপে মাত্র পাঁচ পৃষ্ঠায় লিখে পাঠানো হয় প্রতিযোগিতায়। অল্প সময়েই চলে আসে জবাব। দলটি পেয়ে যায় মার্চে ভারতে গিয়ে নিজেদের ভাবনা সবার সামনে তুলে ধরার সুযোগ।দলটি ৩ মার্চ প্রথমে পৌঁছায় কলকাতা এবং সেখান থেকে হায়দরাবাদ। হায়দরাবাদে প্রথম দিনে নিজেদের কাজ নিয়ে বিচলিত ছিলেন সবাই। পরের দিন ছিল পোস্টার প্রদর্শনী। সেদিনই কেটে যায় ভয়টা। পরিচয় হয় বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে। কাজ শেষে ঘুরে দেখা হয় হায়দরাবাদ।গ্লোবাল সোশ্যাল ভেনচার (জিএসভিসি) এশীয় ও আফ্রিকা অঞ্চলের এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভারতের হায়দরাবাদে। প্রথম রাউন্ডে চীন, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, বাংলাদেশ ও ভারত থেকে ২১টি দল অংশ নেয়।৫ মার্চ থেকে শুরু হয় প্রতিযোগিতার আসল পর্ব। রাত জেগে কাজ করে যায় দলটি। এ লড়াইয়ে ২১টি দলের মধ্য থেকে বেছে নেওয়া হয় সাতটি দলকে। এই সাতটি দলই যেতে পারবে ফাইনালে। ফাইনালে যাওয়ার জন্য নির্বাচিত হয় ‘পানি’। আত্মবিশ্বাসী অঞ্জলি, মেহেদি, মাসরুর, মারুফরা নিজেদের তৈরি করে দক্ষ সব দলের সঙ্গে টক্কর দেওয়ার জন্য। পরের দিন ভোরেই শুরু হয় প্রতিযোগিতা। প্রস্তুত হয়েই সেদিন বিচারকদের সামনে উপস্থিত হয়েছিলেন ‘পানি’ দলের সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ফলাফল ঘোষণা। জয়ী হয় ‘পানি’ দলটি। এত বড় একটি প্রতিযোগিতায় বিশ্বের দক্ষ সব প্রতিযোগীর সঙ্গে লড়াই করে জয়ী হয়েছে, এটা যেন বিশ্বাস হচ্ছিল না কারও। স্বপ্ন হয়তো এমনই হয়। যখন পূরণ হয়, তখন আনন্দে বিশ্বাস করাটাই কঠিন হয়ে দাঁড়ায়!সেদিন তো ঘুমই আসতে চায় না কারও। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জয়ী হওয়ার আনন্দটা উপভোগ করেছেন সবাই। মার্চের ৮ তারিখ ফেরা হয়েছে দেশে।‘এই সফলতার পেছনে রয়েছে দলের সবার কঠোর পরিশ্রম। বাংলাদেশের হয়ে বাইরে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, আমাদের এ উদ্যোগ আর্সেনিক-সমস্যা দূর করতে পারবে একদিন। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা।’ বলছিলেন ‘পানি’ দলের দলনেতা মেহেদি হাসান।ছয় মাস আগের সেই শিক্ষার্থীদের সঙ্গে এখনকার ‘পানি’ দলের সদস্যদের ভেতর রয়েছে বিস্তর তফাত। বদলে গেছেন তাঁরা। অনেক পরিণত এখন সবাই। ভেতরে রয়েছে সাহস আর কঠিন আত্মবিশ্বাস। নতুন নতুন স্বপ্ন নিয়ে শুরু করেছে কাজ। দেশের জন্য ভালো কিছু করতে চায় সবাই। আগামী ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোতে অনুষ্ঠেয় গ্লোবাল ফাইনালে অংশ নেওয়ার জন্য তৈরি হচ্ছে দলটি। গ্লোবাল ফাইনালে ১০ হাজার ডলারের জন্য লড়াই করবে দলগুলো।স্বপ্নের কথা শুনতে শুনতে মধুর ক্যানটিনের দুপুর একসময় বিকেল হয়। ফিরে যাওয়ার সময় অঞ্জলির একটা কথা কানে বাজতে থাকে বারবার। ‘ইস্! সেদিন যদি হাতে একটা বাংলাদেশের পতাকা থাকত, তবে মঞ্চে উঠে ওড়াতে পারতাম সেটা।’ আফসোসের সুরে বলা মেয়েটির এ কথা সাহস জোগায় আমাদের। বোঝা যায় তৈরি হচ্ছে দেশের তরুণেরা। বিশ্বের দরবারে নতুন এক বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য...।