চার শীর্ষ করদাতার অভিজ্ঞতা
গত বৃহস্পতিবার ছিল আয়কর দিবস। এ দিন চট্টগ্রাম বিভাগের ৬০ জন করদাতাকে সম্মাননা দেওয়া হয়। দীর্ঘ সময় এবং সর্বোচ্চ করদাতা হিসেবে তাঁদের স্বীকৃতি দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এ উপলক্ষে চট্টগ্রাম আয়কর বিভাগ নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম ভবনে অনুষ্ঠানের আয়োজন করে। এতে সম্মাননা পাওয়া করদাতাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। শীর্ষ চার করদাতা তাঁদের পরামর্শ ও অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নিজাম সিদ্দিকীর কাছে।কর আদায়ে আধুনিক পদ্ধতি অনুসরণ করা উচিত —মো. শহীদুল ইসলামচট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন এইচ এন এস অটোমোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সভাপতি (প্রেসিডেন্ট) মোহাম্মদ শহীদুল ইসলাম। তাঁর মতে, পুরোনো পদ্ধতিতে সময় ক্ষেপণসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই কর আদায়ে আধুনিক পদ্ধতি অনুসরণ করা উচিত। তিনি বলেন, ‘অতশত ঝামেলায় না গিয়েও করের পরিমাণ বাড়ানো যায়। যেমন, দেশের ১০ কোটি মুঠোফোন ব্যবহারকারীর প্রত্যেকের কাছ থেকে বছরে এক মাসের বিল কর হিসেবে আদায় করা যেতে পারে। এতে রাষ্ট্রীয় কোষাগারে আয়করের পরিমাণ বাড়বে এবং খুব সহজেই অনেকে টিআইএনের (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) আওতায় আসবেন।’ শহীদুল ইসলাম কর প্রশাসনসহ শিল্প-বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে স্ব স্ব বিভাগের যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের মধ্য থেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ দেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি এ ব্যাপারে করদাতাদের উদ্বুদ্ধ করতে তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরামর্শ দেন।দেশের আয় বাড়াতে আয়কর দেওয়া দরকার —জি এস ইজদানী‘এ দেশে আমার জন্ম। আমাকেই তো ভাবতে হবে দেশের ভালো-মন্দ। তাই দেশের আয় বাড়ানোর জন্য সবারই আয়কর দেওয়া দরকার। এর কোনো বিকল্প নেই।’ বলছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার দীর্ঘমেয়াদি করদাতার সম্মাননা পাওয়া জি এস ইজদানী। ১৯৬৫ সাল থেকে নিয়মিত আয়কর দিয়ে আসছেন তিনি। মোটর পার্টস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। ৬৮ বছর বয়সী ইজদানী বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন এবং বাড়ি ভাড়ার টাকা দিয়েই সংসার চালাচ্ছেন। ইজদানী বলেন, ‘ব্যবসায়ী হিসেবে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বোধই আমাকে আয়কর দিতে অনুপ্রাণিত করেছে। একে আমি নৈতিক দায়িত্ব হিসেবেই ভেবেছি সব সময়।’আয়করদাতাদের বিশেষ সুযোগ-সুবিধা দিতে হবে —কামরুন্নাহারকক্সবাজার জেলা থেকে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন কামরুন্নাহার। ওকেএম ফুড প্রোডাক্টের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।কামরুন্নাহার বলেন, ‘সামাজিক উন্নয়নে অংশগ্রহণের তাগিদ থেকেই নিয়মিত কর দিয়ে আসছি। আমি মনে করি, নতুন প্রজন্মকে পথ দেখানো আমাদের দায়িত্ব। তাদের কাছে প্রেরণার উৎ স হয়ে থাকতে চাই।’ আয়করদাতাদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বিষয়টি বিবেচনায় আনা না হলে সবাইকে উদ্বুদ্ধ করা সহজ হবে না।’ তিনি জানান, বিদেশে আয়করদাতাদের অবসরভাতা প্রদান, ছেলেমেয়ের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার বিধান রয়েছে। অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রাখতে হবে —মো. আবদুল হালিমকুমিল্লা জেলার দীর্ঘমেয়াদি করদাতা কর্ণফুলী প্রেসের মালিক মো. আবদুল হালিম ১৯৬৯ সাল থেকে নিয়মিত আয়কর দিয়ে আসছেন। তাঁর ব্যবসার শুরু ১৯৬৪ সালে। ৭২ বছর বয়সেও ব্যবসার হাল ধরে আছেন। বর্তমানে তিনি কুমিল্লা প্রেস মালিক সমিতির উপদেষ্টা। আবদুল হালিম মনে করেন, দেশকে শক্তিশালী করার জন্য নিয়মিত কর দেওয়া উচিত। দেশের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হয় নিজেদের কাজের মাধ্যমে। কর দেওয়ার ব্যাপারে অন্যদেরও উৎ সাহ জোগানোর পরামর্শ দেন তিনি। তিনি বলেন, সভা-সমাবেশের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ জন্য সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনকে নিয়ে আয়কর বিভাগের কার্যালয়ে নিয়মিত বৈঠক ডেকে করদাতাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রাখতে হবে।