কক্সবাজারের রামু উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্যার পানির স্রোতে বিধ্বস্ত হয়েছে রামু-নাইক্ষ্যংছড়ি, রশিদনগর-ধলিরছড়া, চেইন্দা-রাজারকুল, ঈদগাঁহ-ঈদগড় সড়ক। এ কারণে এসব অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় দুই লাখ মানুষ। ২৩ জুলাই সকালে ঈদগড়ের টুটারবিল এলাকায় পানিতে ভেসে আজিজ মিয়া নামের চার বছরের আরও এক শিশু মারা গেছে। এর আগে মাটি চাপা পড়ে কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামের এক বছরের শিশু মিনহাজুল আবেদীন এবং গর্জনীয়া ইউনিয়নের ক্যাজরবিল এলাকায় নজিবুল আলম (২৪) নামের এক যুবক মারা যান।সরেজমিন ঘুরে এবং বন্যা কবলিতদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৮ জুলাই রাত থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁকখালী নদী, রেজু খাল, সোনাইছড়ি ও কালিরছড়া খালে পানি বেড়ে যাওয়ায় উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি, কাউয়ারখোপ রশিদনগর, খুনিয়া পালং, চাকমারকুল, জোয়ারিয়ানালা, গর্জনীয়া, কচ্ছপিয়া, ঈদগড় ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের প্রায় ছয় হাজার পরিবার বন্যায় প্লাবিত হয়। এসব পরিবারের অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় এক সপ্তাহ ধরে মানবেতর দিন কাটায়। বর্তমানে খাদ্য ও খাবার পানির সংকট তীব্রতর হচ্ছে।দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছরা রাখাইনপাড়ার আছিং রাখাইন জানান, গত এক সপ্তাহেও এখানে পানি নামেনি। উপজেলা প্রশাসনের দেওয়া কিছু শুকনো খাবার ছাড়া আর কিছুই মেলেনি। বর্তমানে সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে।ফতেখাঁরকুলের হাইটুপি গ্রামের বাসিন্দা নুরুল আমিন ও তাপস বড়ুয়া জানান, ২০ জুলাই বিকেলে পানির স্রোতে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া অংশে ভাঙনের সৃষ্টি হয়। বর্তমানে পানি কমে গেলেও ভাঙা অংশটি বিশাল পুকুরে পরিণত হয়। এতে পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ি এবং রামুর কাউয়ারখোপ, গর্জনীয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের প্রায় এক লাখ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, বন্যার কারণে ডায়রিয়া, কলেরা, আমাশয়সহ পানিজাতীয় রোগ ছড়াচ্ছে। ১৬টি চিকিৎসা দল (মেডিকেল টিম) গঠন করা হয়েছে। গত শনিবার থেকে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মেট্রোনিডাজল ও জিংক-জাতীয় ট্যাবলেট বিতরণ শুরু করা হয়েছে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আবুল মনজুর জানান, উপজেলার ফতেখাঁরকুল, চাকমারকুল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে গত শনিবার ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ২৪০টি নিরাপদ খাওয়ার পানির জার বিতরণ করা হয়। ২৪ জুলাই থেকে হাইজিংক কীট বিতরণ এবং বন্যাকবলিত এলাকায় নলকূপ জীবাণুমুক্ত করার কাজ শুরু করা হবে।রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, বন্যাকবলিত এলাকায় খাদ্য ও খাওয়ার পানির সংকট এখন তীব্র। উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গত মানুষের মধ্যে নিরাপদ পানির জার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।