চারটি কক্ষ নিয়েই কলেজ!
এক. চকবাজার মোড়ে তিনতলা ভবনে ভাড়া করা কক্ষে ২০০৮ সাল থেকে চলছে সৃজনী ট্রাস্ট কলেজের (ইউনিট-২) কার্যক্রম। অথচ চট্টগ্রাম শিক্ষা বোর্ড নগরে সৃজনী ট্রাস্ট কলেজ নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যক্রম চালানোর অনুমতিই দেয়নি। জানা যায়, আগে ভবনের নিচতলা ও দোতলায় ছিল সোবহানিয়া এক্স-রে ল্যাব। সম্প্রতি এটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তিনতলার চারটি কক্ষ নিয়ে এত দিন চলেছে কলেজের কার্যক্রম। একটিতে কার্যালয়। বাকি ছোট তিনটি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করা হতো। দুই. পাঁচতলা ভবনের নিচে ব্যবসাপ্রতিষ্ঠান, দ্বিতীয় ও তৃতীয়তলায় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, চতুর্থ ও পঞ্চম তলায় কোচিং সেন্টার। এটির পাঠদানের অনুমতি ছিল ২০০৮ সালের ৩০ জুন পর্যন্ত। কলেজের অধ্যক্ষ এ ওয়াই বি ওবায়দুল আকবর বলেন, ‘নিজস্ব জমি না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। ধীরে ধীরে সব সমস্যা সমাধানের চেষ্টা করছি।’ একই চিত্র দেখা গেল মেরন সান স্কুল অ্যান্ড কলেজে, যে ভবনে কলেজ সেই ভবনেরই নিচতলায় রয়েছে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান। দ্বিতীয় ও তৃতীয়তলায় চলে শ্রেণীকার্যক্রম। চতুর্থতলায় কলেজের ছাত্রাবাস। কলেজের পাঠদানের অনুমতির মেয়াদ শেষ হয়েছে ২০০৮ সালের ৩০ জুন। এরপর এক বছর মেয়াদ বাড়ানোর আবেদন করে ওই প্রতিষ্ঠান। সেই সময়ও শেষ হয়েছে গত জুনে। অথচ এ কলেজে রয়েছে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী। বহদ্দারহাটে প্রতিষ্ঠানটির আরও একটি শাখা রয়েছে। এভাবে কলেজ শিক্ষার নামে নগরে চলছে অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠানের দৌরাত্ম্য। বেশির ভাগ কলেজ কর্তৃপক্ষ সরকারের বিধিবিধান মানে না। প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নেই বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। কয়েকটি এলাকায় একই ভবনে দুটি কলেজও দেখা গেছে। অনেক কলেজের পাঠদানের মেয়াদ শেষ হলেও নির্বিঘ্নে পাঠদান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জানা গেছে, সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কর্তৃত্ব নেই শিক্ষা বোর্ডের। ফলে অলিগলিতে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে গড়ে তোলা হচ্ছে নামসর্বস্ব স্কুল ও কলেজ। সরকারি ও মানসম্পন্ন কলেজে সুযোগ না পেয়ে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে এখানে। জানতে চাইলে সৃজনী ট্রাস্ট কলেজের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা জানি, কলেজের স্বীকৃতি আছে। এর চেয়ে বেশি প্রিন্সিপাল স্যার বলতে পারবেন।’সৃজনী ট্রাস্ট কলেজের এক শিক্ষার্থী জানান, ‘আমাদের কলেজে চার-পাঁচজন শিক্ষক আছেন। তবে নিয়মিত ক্লাস হয় না। আমরা নিয়মিত আসি। ক্লাস না হলে আড্ডা দিয়ে চলে যাই।’ ৭৫ হাজার জনসংখ্যার বিপরীতে দুই কিলোমিটারের মধ্যে একটি কলেজ থাকার কথা। কিন্তু চকবাজারে এক কিলোমিটারের মধ্যে সরকারি-বেসরকারি কলেজ রয়েছে ১১টি। এর অনেক প্রতিষ্ঠানেই এসব শর্ত পূরণ না করেই শিক্ষাদান কার্যক্রম চালানো হচ্ছে। দুই নম্বর গেটের মসজিদ গলিতে সারমন স্কুল অ্যান্ড কলেজে দেখা যায়, কক্ষ স্বল্পতার কারণে বারান্দায় বসে দুইজন কার্যালয় সহকারী কাজ করছেন। ওপরে নিচে শ্রেণীকক্ষগুলোতে ৪০-৫০ জন করে শিক্ষার্থীকে পাঠদান করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর অভিভাবক কোহিনূর আক্তার বলেন, কলেজে পড়াশোনার মান আগে ভালো থাকলেও এখন নেই। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করানোর কারণে তারা শিক্ষার্থীদের ঠিকমতো জায়গা দিতে পারে না। পাঠাগার নেই। কলেজের হিল ভিউ শাখার অনুমতি থাকলেও দুই নম্বর গেট শাখার অনুমতি নেই বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। শিক্ষা বোর্ডের অনুমোদনহীন কলেজগুলোর মধ্যে আরও আছে মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মেট্রোপলিটন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নদার্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, প্রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, স্টারস ফেয়ার স্কুল অ্যান্ড কলেজ, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ, অরবিট স্কুল অ্যান্ড কলেজ, হলিচাইল্ড স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং পাইলট স্কুল অ্যান্ড কলেজ এবং স্টেট কোয়েস্ট স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডে বিদ্যালয় ও কলেজ স্থাপনের আবেদনের এলে খোঁজ নিয়ে যাচাই বাছাই করা হয়। এরপর মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী শর্তসাপেক্ষে তিন বছরের জন্য পাঠদানের অনুমতি দেওয়া হয়। তিন বছর পর শর্তাবলি পূরণ হয়েছে কি না তা খতিয়ে দেখা হয়। জানা যায়, এ পর্যন্ত ১৮৯ কলেজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমতি (পাঠদান ও প্রশাসনিক স্বীকৃতি আছে এমন) পেয়েছে। প্রশাসনিক স্বীকৃতি পেয়েছে ১৫৫ কলেজ। কলেজের ৩৪টি পাঠদানের অনুমতি থাকলেও প্রশাসনিক স্বীকৃতি পায়নি। শিক্ষা বোর্ড সূত্র জানায়, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ পাঠদানের অনুমতি পেয়েছে, কিন্তু প্রশাসনিক স্বীকৃতির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সৃজনী স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ মুসা চৌধুরী বলেন, ‘মন্ত্রণালয়ের সব শর্ত পূরণ করার পরেও আমার প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। শিক্ষা বোর্ডের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘২০০৯ সালের ২ ফেব্রুয়ারি শিক্ষা বোর্ড পরিদর্শক দল গঠন করলেও এ পর্যন্ত কেউ আমার প্রতিষ্ঠান পরিদর্শন করেননি। ফলে স্বীকৃতি প্রাপ্তির প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।’এ তালিকায় আরও রয়েছে সারাদিনের স্কুল অ্যান্ড কলেজ, কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ, কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ ব্যাপারে শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) সুমন বড়ুুয়া বলেন, ‘যে সব কলেজ প্রয়োজনীয় শর্ত পূরণ করছে না সেগুলোর বিরুদ্ধে মন্ত্রণালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। শর্ত পূরণ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমরা সুপারিশ করি না।’অনুমোদনহীন স্কুল ও কলেজের ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাসেম বলেন, ‘সরকারি কলেজের সংখ্যা কম বলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। তবে কলেজে শিক্ষার মান বজায় রাখতে হবে। এ ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ নেই।’ তবে ত৭ার মতে, শিক্ষা মন্ত্রণালয়ের শর্ত আরও শিথিল হওয়া দরকার। নইলে শিক্ষার সামগ্রিক পরিবেশ বিঘ্নিত হবে।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বলেন, ‘মন্ত্রণালয়ের শর্ত মেনে চলার ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করার এখতিয়ার পুরোপুরি শিক্ষা বোর্ডের হাতে নেই। কলেজগুলো পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর কাজটিই মূলত করে বোর্ড।’