চারটি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার শেষ হওয়ার পর অতিথি ও শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার শেষ হওয়ার পর অতিথি ও শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

‘বিনা অভিজ্ঞতায় চাকরি পাওয়ার সুযোগ কতটুকু?’, ‘সিভিতে যে রেফারেন্স দেওয়া হয় তার গুরুত্ব কতটুকু?’ ‘সিভিতে গবেষণার অভিজ্ঞতা ব্যবহার করা যাবে কি?’ ‘চাকরি বদলের সিদ্ধান্ত কীভাবে নিলে ভালো হয়?’ চাকরি নিয়ে তরুণদের এমন অসংখ্য প্রশ্নের উত্তর মিলেছিল অনলাইন জব পোর্টাল চাকরি ডটকম আয়োজিত ক্যারিয়ার-বিষয়ক সেমিনারগুলোতে। গত ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রামে মোট চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এসব সেমিনার। এসব সেমিনারের সহযোগী পার্টনার ছিল প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরি এবং সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা। গত ২৯ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ক্যাম্পাসে ক্যারিয়ার-বিষয়ক সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের সিভিতে নিজেদের যোগ্যতা ও দক্ষতা সুন্দরভাবে কীভাবে উপস্থাপন করবেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ব্র্যান্ডিং কীভাবে করবেন এবং চাকরির সাক্ষাৎকার পর্বে নিজেকে কতটা গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা সম্ভব ইত্যাদি বিষয়ে কথা বলেন সিটি ব্যাংকের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এবং এইচআর স্ট্র্যাটেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাসুদ রায়হান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু সালেহসহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ এফ এম সরোয়ার কামাল, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য শফিক আহমেদ সিদ্দিক। ৩০ আগস্ট দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ক্যারিয়ার-বিষয়ক সেমিনার। এ সময় কথা হয় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মইনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এই সেমিনারে অংশ নিয়ে আমি অনেক দিকনির্দেশনা পেয়েছি। বিশ্ববিদ্যালয়জীবন পার করার পর চাকরির পরীক্ষা দেওয়ার সময় এই নির্দেশনাগুলো আমার অনেক কাজে আসবে।’ সেমিনার প্রসঙ্গে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘সিভি লিখতে হয় না, তৈরি করতে হয় নিজের মতো করে—বিষয়টা আমার জানা ছিল না। এই সেমিনারে এসে এ ধরনের টুকিটাকি অনেক বিষয় সম্পর্কে জেনেছি।’ পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ওবায়দুল্লাহ আহরারের মতে, ‘এই সেমিনার নিজেকে তৈরির মঞ্চ।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার শুরু হয় ৩১ আগস্ট বেলা ১১টায়। দুই ঘণ্টার এই সেমিনারে অংশ নিয়ে অনেক কিছুই জানতে পেরেছেন বলে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজফার হামীম। তিনি বলেন, ‘আর কিছুদিন পরেই আমাদের পড়ালেখা শেষ হবে। জীবনের গন্তব্য ঠিক করতে এ ধরনের সেমিনার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সুমনা সুলতানা বলেন, ‘আজকের এই সেমিনারে অংশ নিয়ে মনে হলো মেধা ও যোগ্যতা থাকলে চাকরি পাওয়া খুব একটা কঠিন বিষয় নয়। প্রয়োজন শুধু ধৈর্য আর আত্মবিশ্বাস।’ চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ১ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার। সেমিনারে অংশ নিতে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিনের প্রথম বর্ষের শিক্ষার্থী শাফিন ইসলাম, আশিকুল ইসলাম ও ইশতিয়াক আহমেদ। তাঁরা বললেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই যদি আমরা চাকরির বাজার সম্পর্কে ধারণা নিতে পারি, তবে ভবিষ্যতে চাকরি পাওয়া নিয়ে ভয় অনেকটাই কেটে যাবে। সে কারণে বন্ধুরা মিলে এই সেমিনারে অংশ নিয়েছি আমরা।’ এসব সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান, পিএইচপি গ্রুপের নির্বাহী ব্যবস্থাপক ও প্রশাসক (মানবসম্পদ) আহমেদ সেপার উদ্দিন, প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচলন কর্মকর্তা এহতেরাম উদ্দীন ও চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান-উল-হক।