চারটি হরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটি দেখেই ছ্যাঁৎ করে ওঠে বুক। মনে সৃষ্টি হয় সংশয়—সত্যিই কি হরিণের চারটি বিচ্ছিন্ন মাথা আর পলিথিনে রাখা মাংস দেখছি! খবরটি পড়ে প্রশ্ন জাগে মনে—সত্যিই কি এই মাংস বিক্রি করার জন্য নেওয়া হচ্ছিল বাগেরহাট আর খুলনায়?একটু পরই সংশয় উধাও হয়, প্রশ্নও থাকে না মনে। যা দেখছি, ঠিকই দেখছি; যা পড়ছি, ঠিকই পড়ছি। হরিণ শিকার করার জন্যই ফরিদ গাজীরা গিয়েছিল সুন্দরবনে। চারটি হরিণ ধরে জবাই করেছে মহা উল্লাসে; তারপর বিক্রি করার জন্য নিয়ে এসেছে লোকালয়ে। এই শিকারিরা এর আগে একটি রয়েল বেঙ্গল টাইগারও শিকার করেছিল! অর্থাৎ, গহিন অরণ্য তার যে সন্তানদের নিয়ে গর্ব করতে পারে, তার বুকে ছুরি চালাতে এই মানুষগুলো ওস্তাদ। এরা প্রকৃতির সন্তানদের প্রকৃতিতে থাকতে দেবে না; টাকার জন্য এরা সুন্দরবন উজাড় করে দিতেও প্রস্তুত।বারবার বলা হচ্ছে, রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ সুন্দরবনের প্রাণীরা নিরাপদ নয়। এভাবে এদের নিধন করলে সুন্দরবন তার সন্তানদের বুকে ধরে রাখতে পারবে না। শুধু টাকার লোভে এই শিকারিরা হরিণ হত্যা করছে, আর কিছু মানুষ হরিণ নিধন করা ঠিক নয় জেনেও ওই মাংস কিনছে। একে কি শুধু সচেতনতার অভাব বলে পার পাওয়া যাবে?২০ জুলাই প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ছাপা হওয়া ছবিটি দেখলে বিষাদে মন ছেয়ে যায়। মৃত হরিণ চারটির মায়াভরা চোখের দিকে বারবার চোখ চলে যায়। বিপন্ন প্রাণী রক্ষার জন্য যে ভালোবাসাটুকু থাকা দরকার, সে ভালোবাসাও কি আমরা হারিয়ে ফেলছি?জাহীদ রেজা নূর