বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদ্যাপন করেছে চন্দনাইশবাসী। উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় ১৪১৯ সালকে বরণ করে নেওয়ার আয়োজন। দোহাজারী বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজ, জামিজুরী বালিকা বিদ্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পালিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। কর্মসূচিতে ছিল পান্তাভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হালখাতা খোলা। দোহাজারী কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী এই শোভাযাত্রার উদ্বোধন করেন। মুখোশ, পালকি, নৌকা, ইলিশ মাছের বিশাল প্রতিকৃতি নিয়ে বৈশাখী সাজে সেজে এতে অংশ নেয় এলাকাবাসী। শোভাযাত্রাটি পুরো এলাকা প্রদক্ষিণ করে কলেজ মাঠে শেষ হয়। এরপর ছিল পান্তা খাওয়ার উৎসব। উৎসব উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন আলী আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুফিদুল আলম, দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দোহাজারী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তাক আহমদ সিকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া সাতবাড়িয়া হাইস্কুল মাঠে বৈশাখ উদ্যাপন পরিষদও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পয়লা বৈশাখ পালন করে।