
মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকার নারীরা কীভাবে ক্ষতবিক্ষত জীবন পার করেছেন, তারই রক্তাক্ত বিবরণ তাঁদের নিজের ভাষায় তুলে ধরেছেন তাঁরা। এ রকম ৪৭ জন নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে প্রথমা প্রকাশন বের করেছে একটি বই—নারী১৯৭১। রাশেদুর রহমান সম্পাদিত বইটিতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধকালে পাকিস্তান সেনাবাহিনী, তাদের দোসর অবাঙালি এবং এদেশীয় রাজাকার–আলবদরদের নৃশংসতা ও নিষ্ঠুরতার বিবরণ। এই বিবরণ মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী। সেই বই থেকে দুজনের বর্ণনার সংক্ষেপিত অংশ প্রকাশিত হলো আজ নারীমঞ্চ পাতায়।

গীতা রানী জোয়ার্দার
স্বামী: মনোজ জোয়ার্দার
বর্তমান ঠিকানা: বৈঠাঘাটা, খুলনা।
১৯৭১ সালে দেশে যুদ্ধ হইল। খানেরা [পাকিস্তানি সেনাবাহিনী] আমাদের দেশে খুব অত্যাচার আরম্ভ করিল। বৈশাখ মাসের পর আমরা শরিকের সবাই মিলি একসঙ্গে ভারতে চলি যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। যেদিন আমরা চলি যাব, সেদিনই আমাদের গ্রামে হঠাৎ লুটপাট শুরু হইল। কেউ আমাদের গোলার ওপর উঠি ধান নামাতি লাগল, কেউ গরু-ছাগল নিয়া যাতি লাগল। বাড়ির পশ্চিম পাশের জলায় আমাদের নৌকা রাখা ছিল। ওরা চলি যাওয়ার পর ওই নৌকায় সব দরকারি মালামাল আমরা উঠায়ে নিলাম। তারপরে নৌকা ছাইড়ে দিল।
আমরা খালের ভেতর দিয়া গেলাম বয়ারডাঙ্গা। ওখানে আমরা দুই দিন ছিলাম। দুই দিন ওখানে থাকার পর মাইলামারার বান্ধের [বাঁধ] কাছে যাইয়া আমরা এক রাত থাকিলাম। ওখান থাইকে ডুমুরিয়ার বাজারে যাইয়ে আমরা এক রাত থাকিলাম। পরের দিন সকালে নৌকা ছাইড়ে আমরা চুকনগর বাজারে গেছি। তখন সকাল ১০টা কি ১১টা বাজে।
আমরা চুকনগর বাজারের পূর্ব দিহে ছিলাম। ভাত রান্না হলি আমরা চার-পাঁচজন করি সব খাতি বসলাম। সবার খাওয়াদাওয়া শেষ হইছে—দূরে ফটফট শব্দ। এমন সময় ওখানে একটা গাড়ি আইলো। সেই গাড়ি থাইকে কয়েকজন লাফ দিয়া নামিল। তাদের হাতে সব অস্ত্রপাতি। পোশাক সবার অন্য রকম। আমাদের ছেলেটা তখন স্বামীর কোলে। আমার স্বামী কোল থাইকে ছেলেটারে নামায় দিলি আমি ওরে কোলে তুলে নিছি। তারপর ওরা সব [পাকিস্তানি সেনা] পুরুষ মানুষগুলানরে লাইন করাইল। তারপর গুলি কইরা দিল। আমাদের সামনেই গুলি কইরা দিল।
যেহানে ছিলাম, সেখানে প্রায় ৭০০-৮০০ লোক। সবখানে লোক গিজগিজ করতিছিল। লাইনে শুধু আমার স্বামী না, সেজো দেওর, শ্বশুর ছিল। আমার সেজো দেওরের নাভিতে গুলি লাগিছিল। কিছুক্ষণ জ্যান্ত আছিল। সে ‘জল, জল’ বলি চেঁচাচ্ছিল। তারপর সে-ও মারা গেল। ওখানে জ্যান্ত কোনো পুরুষ লোক ছিল না। কিছুক্ষণ পর কিছু পুরুষ লোক ওখানে আইলো। তারা আমাদেরে ধরি-বান্ধি জোর করি নিয়া গেল। আমার স্বামী, শ্বশুর ও দেওরের লাশ ওখানেই পড়ি থাকিল। যাওয়ার পথে আরও অনেক লাশ দেখিলাম। গুনে দেখি নাই। চারদিকে শুধু মানুষের লাশ আর লাশ।
সংক্ষেপিত