চারপাশে কাঁঠালের ম-ম গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির বাগানবাজার এলাকার একটি বাগানে গাছভর্তি কাঁঠাল l প্রথম আলো
ফটিকছড়ির বাগানবাজার এলাকার একটি বাগানে গাছভর্তি কাঁঠাল l প্রথম আলো

ফটিকছড়ির হেঁয়াকো বাজার। রাস্তার দুই পাশে স্তূপ করে রাখা হয়েছে কাঁঠাল। চারপাশে কাঁঠালের ম-ম গন্ধ। বিক্রেতার হাঁকডাক, ক্রেতার দামাদামি। আরেক পাশে চলছে কাঁঠালের ট্রাকবোঝাই। মহাব্যস্ত সবাই। কাঁঠালের এই পাইকারি বাজারের চিত্র গত সোমবারের।
ফটিকছড়ি উপজেলার পাহাড়ি অঞ্চলে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাওয়ায় খুশি চাষিরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার দাঁতমারা, পশ্চিম ভূজপুর, হারুয়ালছড়ি, মীর্জারহাট, হাসনাবাদ, বাগানবাজার, কয়লা, আন্দারমানিক, রাজার বাজার, বড়বিল, লালমাই ও কৈয়াছড়া এলাকার পাহাড়ে যত দূর চোখ যাচ্ছে শুধু কাঁঠাল আর কাঁঠাল। চারদিকে কাঁঠালের সুমিষ্ঠ ঘ্রাণ। চাষিরা পরিপক্ব কাঁঠাল গাছ থেকে কেটে নিয়ে যাচ্ছেন বিভিন্ন হাটবাজারে। চাষিরা জানান, ফটিকছড়ি কাঁঠাল যাচ্ছে সারা দেশে।
বাগানবাজার ইউনিয়ন পিরষদের (ইউপি) চেয়ারম্যান মো. রুস্তম আলী বলেন, এই ইউনিয়নের পাহাড়ের মাটি এঁটেল ও দো–আঁশ মিশ্রিত। এই মাটিতে কাঁঠালের ফলন ভালো হয়। এসব কাঁঠাল সুস্বাদুও। অন্যান্য বছরের তুলনায় এবার কাঁঠালে ফলন ভালো হয়েছে।
হেঁয়াকো বাজারের ব্যবসায়ী ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী বলেন, বাজারে প্রতিদিন প্রচুর কাঁঠাল নিয়ে আসছেন চাষিরা। সরবরাহ বেশি হওয়ায় দামও তুলনামূলক কম।
হেঁয়াকো বাজারে কাঁঠাল বিক্রি করতে আসা চাষি আবদুল জলিল (৪৩) জানান, কাঁঠালের দাম ৩০ থেকে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে। তিনি দৈনিক দুই থেকে তিন হাজার টাকার কাঁঠাল বিক্রি করছেন বলে জানান।
কাঁঠাল কিনতে আসা চট্টগ্রাম নগরের ব্যবসায়ী জাকারিয়া সিকদার (৩৬) বলেন, প্রতিটি কাঁঠালের গড়মূল্য ৭০ টাকা হিসাবে প্রতি বড় ট্রাকে প্রায় এক থেকে দেড় হাজার কাঁঠাল ভর্তি করা যায়। পরে শহরে নিয়ে বিক্রি করে লাভ থাকে ৫ থেকে ১০ হাজার টাকা। ভালোই চলছে ব্যবসা।
এদিকে উপজেলার নারায়ণহাট, বাগানবাজার, মীর্জারহাট, কাজিরহাট, রাজার বাজারসহ পাহাড়ি অঞ্চলের বিভিন্ন হাট–বাজারে বিক্রি হচ্ছে কাঁঠাল। এসব বাজারেও প্রতিদিন ক্রেতা-বিক্রেতারা ভিড় করছেন। নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদার বলেন, এখানকার পাহাড় ও টিলার কাঁঠাল বিক্রি করে বহু লোক চলতি মৌসুমে লাভবান হয়েছেন। কাঁঠালের বিক্রি চলবে সামনের বর্ষা মৌসুমের শেষ পর্যন্ত।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার অন্য যেকোনো সময়ের চেয়ে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। ফলে লাভবান হচ্ছেন চাষিরা।