চারপেয়ে তারকা!
চারপেয়ে বলে হেলা করবেন? সে উপায় নেই! তাদের অর্থ-যশ-খ্যাতি টলিয়ে দিতে পারে যেকোনো তারকার আসনও। তাদের সঙ্গে ছবি তুলতে পারাটাও রীতিমতো সৌভাগ্যের ব্যাপার। পরিচিত হোন কিছু ‘সেলিব্রিটি’ প্রাণীর সঙ্গে


বিটোভেন
ছবিটি নব্বইয়ের দশকের, সবার মন কেড়ে নিয়েছিল নাম ভূমিকায় অভিনয় করা বিশাল সেইন্ট বার্নার্ড কুকুরটি। বিটোভেন’স সেকেন্ড নামে সিক্যুয়েলও নির্মিত হয়েছিল এই ছবিটির। এরপর তো ফিল্ম সিরিজই হয়ে গেল এটি। মোট সাতটি সিনেমা নির্মিত হয়েছে এই সিরিজে। তবে সে সময়ে ইউটিউব আর ফেসবুক ছিল না বলেই কিনা কে জানে, বিটোভেন কুকুরটার তেমন খোঁজ পাওয়া যায় না। বলা হয়, মারা গেছে কুকুরটি।

মার্লি
মার্লি অ্যান্ড মি সিনেমার দুষ্টু-মিষ্টি কুকুরটার কথা নিশ্চয়ই মনে আছে। পুরো বাড়ি তোলপাড় করে ফেলা, রাস্তায় বেরিয়ে একছুটে হারিয়ে যাওয়া, এমন কোনো দুষ্টুমি নেই যে সে করেনি। তবু বারবার মাফ পেয়ে যেত মালিকের প্রতি ভালোবাসার কারণে। মার্লি অ্যান্ড মি সিনেমাটার মূল চরিত্র মার্লি নামের এই গোল্ডেন রিট্রিভার কুকুরটাই। ছবিটি বানানো হয়েছে সাংবাদিক জন গ্রোগানের আত্মজীবনী থেকে। মার্লি অ্যান্ড মি: লাইফ অ্যান্ড লাভ উইথ দ্য ওয়ার্ল্ডস ওয়ার্স্ট ডগ বইটা দারুণ জনপ্রিয়তা পায়। বুড়ো হয়ে মারা যায় মার্লি।

লিল বাব
ফেসবুক, টুইটার জয় করা তো হয়েছেই। নিজের নামে বই, শর্ট ফিল্মও আছে তার। তার নামের পোশাক, টি-শার্ট, মগ, ক্যালেন্ডারের চাহিদাও বিশ্বজুড়ে। বয়স মোটে তিন, এর মধ্যেই বড় তারকা বনে গেছে লিল বাব নামের এই বিড়ালটি। জিনগত ত্রুটি নিয়ে জন্মেছে সে। চোয়াল খুব ছোট আর দাঁত না থাকায় সব সময়ই জিব বেরিয়ে থাকে। হাড়েও সমস্যা আছে। তবে এত কিছু দমাতে পারেনি তাকে, বেশ হাসিখুশি থাকে সে বেশির ভাগ সময়েই।
গ্রাম্পি ক্যাট
আসল নাম তার টারডার সস। তবে এ নামে কম লোকেই চেনে তাকে। সারাক্ষণই বিরক্ত মুখ করে রাখার জন্যই নাম তার গ্রাম্পি ক্যাট। তবে সে মোটেও ‘গ্রাম্পি’ নয়, বরং উল্টোটা। তার মালিক জানিয়েছেন, গ্রাম্পি বেশ হাসিখুশি, জিনগত ত্রুটির জন্যই তার মুখভঙ্গি এমন হয়ে থাকে সব সময়। ইউটিউব চ্যানেল, হলিউডের সিনেমায় অভিনয়ের সুযোগ, পোশাক সংগ্রহ, নানা পুরস্কার মিলিয়ে তার ব্র্যান্ড মূল্য মিলিয়ন ডলারেরও বেশি।
রুহিনা তাসকিন
সূত্র: টেলিগ্রাফ ও মিরর