চারা রোপণ রাইস ট্রান্সপ্ল্যান্টাের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ধানের চারা রোপণ করছেন এক চাষি l প্রথম আলো
রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ধানের চারা রোপণ করছেন এক চাষি l প্রথম আলো

ফেনীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধানের চারা রোপণের যন্ত্র রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে পরীক্ষামূলকভাবে চারা রোপণ সফল হয়েছে। ১৮ জানুয়ারি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামের কৃষক মো. কামাল উদ্দিনের এক বিঘা জমিতে এ যন্ত্রের সাহায্যে মাত্র এক ঘণ্টায় চারা রোপণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে এই যন্ত্রের মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যন্ত্রটির ব্যবহার ও কার্যকারিতা দেখতে উপস্থিত হয়েছিলেন এলাকার কৃষকেরাও। জেলায় প্রথমবারের মতো এই ধরনের যন্ত্রের সাহায্যে চারা লাগানো হলো।
জমির মালিক কামাল উদ্দিন জানান, তাঁর জমিতে ব্রি–৬৪ জাতের ধানের চারা লাগানো হয়েছে যন্ত্রটির মাধ্যমে। সাধারণত এই পরিমাণ জমিতে চারা লাগাতে ছয়জন কৃষকের প্রয়োজন হয়। কিন্তু এই যন্ত্রের সাহায্যে কেবল একজন চালক ও একজন চারা সরবরাহকারী থাকলেই চলে।
যন্ত্রটির মাঠ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মো. সাইফুদ্দিন, ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) শৈবাল কান্তি নন্দী ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল আজিজ ও কৃষক মো. কামাল উদ্দিন।
কৃষি কর্মকর্তারা কৃষকদের জানান, রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের সাহায্যে অত্যন্ত কম খরচ ও কম জনবল ব্যবহার করে ধানের চারা লাগানো যায়। যন্ত্রের জ্বালানি হিসেবে এক থেকে দেড় লিটার অকটেন প্রয়োজন হয়। একজন চালক ও একজন চারা সরবরাহকারী যন্ত্রটি চালাতে পারেন। এক দিনে এ যন্ত্র দিয়ে অন্তত ৮–১০ বিঘা জমিতে ধানের চারা লাগানো সম্ভব। এ পদ্ধতিতে চাষ করলে খেতে গুঁটি ইউরিয়া ব্যবহারের পাশাপাশি আগাছা পরিষ্কার হয়। ২ লাখ ২৫ হাজার টাকা দামের এই যন্ত্রের সাহায্যে চাষ করলে কম খরচে বেশি উৎপাদন সম্ভব বলে তাঁরা জানান।