চারাগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্বার সঙ্গেই স্কুলে যেতাম। শিক্ষক হলেও তিনি ছিলেন আমার বন্ধু। বাড়ি থেকে স্কুলের দূরত্ব ২০ মিনিটের পথ। এতটুকু সময়ের মধ্যেই শত-সহস্র প্রশ্নের জবাব দিতে হতো আব্বাকে। কোনো একটা জিনিস দেখলেই হলো, কেন হলো? কখন থেকে হলো? এমনটি হলো না কেন? নানা প্রশ্ন। আব্বাও প্রস্তুত থাকতেন। ধানখেতের আইলই ছিল আমার স্কুলের যাত্রাপথ। সেদিন বৃষ্টি-পরবর্তী সময় ছিল। আব্বার পেছনে হাঁটছি। যে বিষয়টা আমাকে থমকে দাঁড়াতে বাধ্য করল সেটি একটি ছোট্ট চারাগাছ। উচ্চতা সাত-আট ইঞ্চির বেশি হবে না। ছোটবেলা থেকেই গাছের প্রতি মমত্ববোধটা আমার একটু বেশি। নিজের অজান্তেই বলে ফেলাম, আব্বা, এই গাছটা আমি নেব। আব্বার কড়া নিষেধ, অন্যের খেতের আইল থেকে গাছের চারা নেওয়া অন্যায়। আব্বা হাঁটা শুরু করলেন। আমার মন কিছুতেই চারাগাছটা থেকে সরছিল না। অগত্যা যাত্রা করলাম আব্বার একটু পেছনে পেছনে। ক্লাসে সবার পেছনে বসলাম। প্রথম ক্লাস ইংরেজি। ইংরেজি স্যারকে আমার খুব ভালো লাগে। ইংরেজিও। কিন্তু সেদিন আমি একদম অমনোযোগী। চোখ বন্ধ করেই যেন টিফিন-পূর্ববর্তী ক্লাসগুলো গিললাম। টিফিন হলে সবার চোখকে ফাঁকি দিয়ে স্কুল পালালাম। চারাগাছটার কাছে যখন এসেছি তখনই নামল বৃষ্টি। গাছটির অপার সৌন্দর্য আরেকবার অবলোকন করে সুন্দরভাবে তুলে নিলাম। বৃষ্টি সত্ত্বেও বাড়ির দিকে রওনা দিলাম, থামলাম না; কেউ যদি চারাগাছটা নিয়ে যায় সেই ভয়ে!কাপড়চোপড়, বই ভিজে একাকার। ঘরে না উঠেই বারান্দায় বইগুলো রেখে একমাত্র ছোট বোন শিলাকে ডাকলাম। যখন জামার নিচ থেকে চারাগাছটা বের করে দেখালাম, সেও অবাক। এ ব্যাপারে ওরও আগ্রহ আমার চেয়ে বেশি। আম্মার বকাঝকা চলবে জেনেও ভিজে ভিজেই শিলা এবং আমি অতি যত্নে চারাগাছটা লাগালাম। দিনের বেশির ভাগ অবসর সময় গাছটা নিয়ে কাটত আমাদের। দিনে একাধিকবার পানি দিতাম। নানাবিধ যত্ন-আত্তিসহযোগে গাছটা বড় হয়ে উঠল। ঘরের পেছনে প্রচণ্ড রোদ ছিল। বসা যেত না। গাছটার ছায়ায় এখন বাড়ির পুরো আঙিনা মুখরিত। শিলা আর আমি প্রায়ই গাছটার নিচে পড়তে বসতাম। কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে থাকতে পারিনি শুধু গাছটির মায়ায়। ভাইবোন মিলে ভিন্ন গল্পে মেতে থাকতাম গাছটা নিয়ে। আজও গাছটা আগের মতো ছায়া দেয়, ঠায় দাঁড়িয়ে চেয়ে থাকে আমাদের জানালার দিকে। বৃষ্টির মৃদুমন্দ আঘাতে আজও নানা কথা বলে; কিন্তু শোনার কেউ নেই। গাছটি থেকে শিলা আর আমি দূরে, বহু দূরে। । এখলাছ উদ্দিনঅগ্নিবীণা হল