চারুকলা ইনস্টিটিউটের আনন্দযাত্রা
নাচ, গান, আবৃত্তি, ফ্যাশন প্যারেড, নাটকের সমন্বয়ে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউট। গত বুধবার ইনস্টিটিউট প্রাঙ্গণ পরিণত হয় শিল্পী, শিক্ষক আর শিক্ষার্থীদের মিলনমেলায়। আর এর মধ্য দিয়েই বন্দরনগর চট্টগ্রামের জন্য খুলে গেল শিল্প সংস্কৃতিচর্চার আরেক সম্ভাবনাময় দুয়ার। শিল্প সংস্কৃতিমনাদের জন্য এটি বিরাট সুসংবাদই বটে। উদ্বোধনী অনুষ্ঠান: সকাল থেকেই সাজ সাজ রব পড়েছিল চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজ প্রাঙ্গণে। চারদিকে উৎসবমুখর পরিবেশ। নানা রঙের ঝিলিমিলিতে ভরা সারা ক্যাম্পাস। শিল্পী, শিক্ষক আর শিক্ষার্থী সবার মুখে আসন্ন ফাল্গুনের এক চিলতে হাসি। থাকবে নাই বা কেন? বহুদিনের প্রতীক্ষার পর যে স্বপ্ন পূরণ হতে চলল। কবি নির্মলেন্দু গুণের কবিতার ভাষায় বলতে হয়, ‘অতঃপর আসলেন কবি...।’ সেই কবি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আসলেন আর ফলক উন্মোচন এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট। সাংস্কৃতিক অনুষ্ঠান: সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে চারুকলা বিভাগের ১২ শিক্ষার্থী অংশ নেন ফ্যাশন প্যারেডে। সমগ্র দেশের সংস্কৃতি তুলে ধরতে নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে বাঙালি, চাকমা, মারমা শিক্ষার্থীসহ অংশ নেন আরও অনেকে। এমনকি চীন আর জাপানের ঐতিহ্যবাহী পোশাক পরে সুরের তালে তালে যখন মডেলেরা হেঁটে বেড়াচ্ছেন মঞ্চে তখন উল্লাসে মেতে ওঠেন দর্শকেরা। এ যেন দেশীয় ঐতিহ্যের সঙ্গে বৈশ্বিক চেতনার সমন্বয়। এরপর ‘ওই যে দেখা যায় রে/ হিজলতলির গাঁয় রে। ওই গাঁয়ে এক মেয়ে ছিল/পরী বানু নাম’ এই গানের সঙ্গে তিন কিশোরীর নাচের মধ্য দিয়ে শুরু হয় চবির নাট্যকলা বিভাগের প্রযোজনায় পরী বানু নাটকটি। ৭১-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত এ নাটক শেষে সব দর্শক উঠে দাঁড়িয়ে সম্মান জানান মঞ্চে থাকা বিজয়ী মুক্তিসেনাদের। বেজে চলেছে প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে (আবহসংগীত) ‘আমি বাংলার গান গাই’। আর তখন দর্শক সারিতে শিক্ষকদের হাতে পত পত করে উড়ছে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। নাটকের পর চারুকলার শিক্ষার্থীদের পরিবেশনায় শুরু হয় গানের অনুষ্ঠান। নবীন প্রজন্মের ক্যানভাসের যোদ্ধারা গেয়ে উঠলেন ‘আমরা ক’জন নবীন মাঝি হাল ধরেছি, তীর হারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’।উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থী: ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ও ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চারুকলা কলেজকে একীভূত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে রূপান্তর করা দীর্ঘদিনের দাবি ছিল। গত বুধবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ দাবি বাস্তবে রূপান্তরিত হলো। এ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘উৎসবমুখর পরিবেশে এ দিনটি উদ্যাপিত হলো। পুরো অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করা গেছে এজন্য আমি সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দীর্ঘ ১১ বছর ধরে ঝুলে থাকা গৃহীত কার্যক্রম অবশেষে বাস্তবে পরিণত হলো।’ এ ব্যাপারে ইনস্টিটিউটের প্রথম বর্ষের (পুরোনো) শিক্ষার্থী অর্পিতার সঙ্গে কথা বললে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ভীষণ ভালো লাগছে। সবারই অনেক দিনের দাবি ছিল চবি চারুকলা ইনস্টিটিউট হবে। আজ তা পূরণও হলো।’ চিত্রকলা প্রদর্শনী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে বাংলাদেশের প্রথম সারির চিত্রশিল্পী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চারুকলা কলেজের শিক্ষকদের সমন্বয়ে করা চিত্র প্রদর্শনীর। চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী গ্যালারিতে তিন দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩৪টি পেইন্টিং এবং তিনটি ভাস্কর্য। ঠাঁই পেয়েছে সৈয়দ আবদুল্লাহ খালিদের ‘বেগুনী ও সবুজ’, মিজানুর রহিমের ‘ফিগার’, আবুল মনসুরের ‘দ্বৈরথ’ এবং ‘ত্রিরঙ্গ’, শিল্পী রশিদ চৌধুরীর ‘শিরোনামহীন’, মনসুর-উল-করিমের ‘সোনার তরী’, সৌমেন কান্তি দাশের ‘শিরোনামহীন’ জাহেদ আলী চৌধুরীর ‘আই লাভ ইউ’, চবি শিক্ষক মোহাম্মদ আলপ্তগীনের ‘লাইট অ্যান্ড ডার্ক’সহ ৩৪টি চিত্রকলা। দর্শকদের নজর কেড়েছে নাজলী লায়লা মনসুরের ‘অদ্ভুত উট’ শিরোনামের অ্যাক্রেলিক মাধ্যমে করা চিত্রটি। ভাস্কর্য তিনটির মধ্যে সিরামিক মাধ্যমে করা চবির শিক্ষক অলক রায়ের ‘অন্তর্দৃষ্টি’, মিশ্র মাধ্যমে করা প্রণব মিত্র চৌধুরীর ‘রিসাইকেলড বিন’ এবং ফাইবার গ্লাস দিয়ে করা কাজল দেবনাথের ‘আবদ্ধ’ প্রদর্শিত হয়েছে। এ চিত্র প্রদর্শনী চলবে শুক্রবার পর্যন্ত। রাতভর গান: উদ্বোধনী দিনকে ঘিরে ক্যাম্পাস প্রাঙ্গণে রকিং সব গান নিয়ে রাতভর চলে ব্যান্ড সংগীত পরিবেশনা। ব্যান্ডের তালে তালে হই-হুল্লোড় আর নাচে-গানে মাতোয়ারা চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।