চারুকলায় লালনের গানে মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার চারুকলা ইনস্টিটিউটে গান করেন লালন ব্যান্ডের শিল্পী সুমি l প্রথম আলো
গত শুক্রবার চারুকলা ইনস্টিটিউটে গান করেন লালন ব্যান্ডের শিল্পী সুমি l প্রথম আলো

সচরাচর ব্যান্ড সংগীতের আসর বলতে যেমনটি বোঝায় আয়োজনটি তেমন ছিল না মোটেও। ছিল না কোনো মঞ্চ। ঘুচে গিয়েছিল দর্শকদের সঙ্গে ব্যবধানও। শিল্পীরা দর্শকদের হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে গান করেছেন। ১৬ অক্টোবর চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে এমন আন্তরিক পরিবেশে গানে গানে প্রাণের ফোয়ারা ছোটাল ব্যান্ডদল লালন। মিউজিক ক্লাব বাংলাদেশের চট্টগ্রামে যাত্রা শুরু উপলক্ষে বসেছিল এই গানের আসর। আয়োজন করেছিল ব্যান্ডদল ‘নাটাই’।
চারুকলার শিল্পী রশিদ চৌধুরী গ্যালারি প্রাঙ্গণে গান শুনতে জড় হয়েছিলেন কয়েক শ তরুণ। গান কেবল শুনলেন না তাঁরা। শুরু থেকে শেষ পর্যন্ত গলাও মেলালেন। লালনের শিল্পীরা নিজেদের প্রকাশিত তিনটি অ্যালবামের ১২টি গান গেয়েছেন আসরে। ছিল অপ্রকাশিত অ্যালবামের একটি গানও।
লালন ব্যান্ডের কথা তুললে সুমির কথা উঠবেই। তাই আসরের শুরুতে ছিল সুমির গান, ‘বসন্ত বাতাসে সই গো/বসন্ত বাতাসে/বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে।’
এর আগে বিকেল চারটায় শুরু হওয়া এই আনন্দ আয়োজনে গান পরিবেশন করে ব্যান্ডদল ‘হার্টজ রিলেশন’, ‘বিন্দু’ ও ‘নাটাই’। তবে দর্শকদের অপেক্ষা ছিল লালনের জন্য। সেই অপেক্ষা বৃথা যায়নি। বাম পায়ে ব্যান্ডেজ নিয়ে লালনের ভোকাল সুমি নিজে যেমন নেচেছেন তেমনি নাচিয়েছেন দর্শকদেরও। ‘ক্ষ্যাপা’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘এক চোখেতে হাসন কান্দে’, ‘পাগল’সহ আরও অনেক গানের সঙ্গে নেচে–গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দর্শক।
এই আয়োজন প্রসঙ্গে নাটাই ব্যান্ডের নাহিদ বলেন, ‘মিউজিক ক্লাব বাংলাদেশ এমন একটি সংগঠন যেখানে যে কেউ যুক্ত হতে পারবে। এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষেই আমাদের আজকের আয়োজন।’ লালন ব্যান্ডদলের ড্রামার তিথি বলেন, ‘এটি কোনো গৎবাঁধা সংগঠন নয়। এর কোনো বাঁধা-ধরা নিয়মও নেই। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে সংগীতের উন্নয়নই এই সংগঠনের মূল লক্ষ্য।’