চারুকলার জন্য চ ইউনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চ’ ইউনিট, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে ভর্তির জন্য একটি স্বতন্ত্র ইউনিট। এই ইউনিটে শুধু চারুকলা অনুষদের বিভাগগুলোতে আবেদন করা যায়। ১৬ নভেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রস্তুতির শেষ মুহূর্তে শিক্ষার্থীদের কী করণীয়? ২০১১ সালের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিন মেধাবীর সঙ্গে প্রশ্নে প্রশ্নে জানা গেল এর উত্তর।কেন চারুকলাকে বেছে নেওয়া? খুব পরিচিত প্রশ্নটির ঝটপট জবাব প্রথম স্থান অধিকারী মেহ্রুখ অন্তরার। ‘ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব ভালো লাগে। চারুকলায় সুযোগ পেতে হবে, এমন দৃঢ় ইচ্ছা ছিল সব সময়। তাই চারুকলা অনুষদই ছিল আমার প্রথম পছন্দ।’ তবে অপর দুই মেধাবী প্রীতম শীল ও জাহিদুল হক উত্তর দিলেন এককথায়, ‘শিল্পী হওয়ার স্বপ্ন থেকেই চারুকলায় ভর্তি হওয়া।’‘শিল্পী হওয়ার জন্য চারুকলায় পড়াটা কি জরুরি?’ পাল্টা প্রশ্নটির বেশ গোছানো উত্তর প্রীতম শীলের, ‘ঠিক তা নয়, তবে চারুকলায় পড়াটা শিল্পী হওয়ার ক্ষেত্রে সহায়ক। তা ছাড়া আজকের এই প্রতিযোগিতার যুগে শিল্পচর্চাকে পেশা হিসেবে নিতে গেলে নিজস্ব ব্যবহারিক দক্ষতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও প্রয়োজন রয়েছে।’ প্রীতমের বক্তব্যে সবাই একমত। আসলেও তা-ই। বাঁধা কোনো নিয়মের মধ্যে নয়, বরং আড্ডা, আলোচনা ও ব্যবহারিক কাজের মাধ্যমেই চলে চারুকলার শিক্ষা কার্যক্রম। তাই যাঁরা শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন এবং গতানুগতিক পড়াশোনার বাইরে নিজের সৃষ্টিশীলতাকে কাজে লাগাতে চান, মূলত তাঁরাই আজ চারুকলার শিক্ষার্থী।শীর্ষ তিনের সাফল্যের পেছনের রহস্যের অনুসন্ধান করতেই জানা গেল তাঁদের একনিষ্ঠ চেষ্টার কথা। ‘পরীক্ষার প্রস্তুতিতে ফাঁকি দিইনি একদম।’ উত্তর অন্তরার। ‘পরীক্ষার আগে নিজেকে খুব চাপমুক্ত রাখার চেষ্টা করতাম। আর নিজেকে যাচাই করতাম যে কোথায় দুর্বল আছি।’ নিখুঁত পূর্বপ্রস্তুতির স্মৃতিচারণায় যোগ করলেন প্রীতম। ‘অগ্রজদের সাহায্য ও পরামর্শ বুকে সাহস জুগিয়েছে সব সময়।’ এক সুরে জানালেন তিনজন।প্রথম হওয়ার কথা ভেবেছিলেন? উত্তরে অন্তরা বলেন, ‘না, ভাবতেই পারিনি প্রথম হব। তবে আমি শুধু চাইতাম যেন পছন্দের বিভাগে পড়তে পারি। সেটাই ছিল যথেষ্ট। আর বাকিটুকু তো বাড়তি পাওয়া।’ ভতি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কী পরামর্শ? অন্তরার জবাব, ‘চ’ ইউনিটে ড্রয়িং এবং তত্ত্বীয় দুটি বিষয় থাকে। তাই দুটির প্রস্তুতি সমানভাবে নিতে হয়। শেষ মুহূর্তে এখন বেশি বেশি রেখাঙ্কন অনুশীলন করা প্রয়োজন। পরীক্ষায় কম্পোজিশন বা বিন্যাস যেন কাগজের তুলনায় খুব বেশি ছোট বা বড় না হয়—বিষয়টি মাথায় রাখতে হবে। পরীক্ষার বিষয়বস্তু শুধু রেখার মাধ্যমে আলো-ছায়া প্রকাশ করে অবিকল অনুকরণ করতে হবে। পরীক্ষার সময় হল থেকে শুধু কাগজ দেওয়া হবে। ক্লিপবোর্ড, পেনসিল, ইরেজার, কলম ইত্যাদি নিয়ে আসতে হবে। পরীক্ষার ফল ভালো করার জন্য তত্ত্বীয় বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত অঙ্কন ও তত্ত্বীয় পরীক্ষার মাঝে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়। কিন্তু প্রবেশপত্র হাতছাড়া করা যাবে না।আর প্রীতমের পরামর্শ হচ্ছে, প্রস্তুতি যা-ই হোক না কেন, নিজের আত্মবিশ্বাস কখনো হারাবে না। ভর্তি পরীক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মানসিক অবস্থা নিজের নিয়ন্ত্রণে রাখা। কেননা, প্রস্তুতি যতই ভালো হোক না কেন, পরীক্ষার উপস্থাপনাটাই আসল।পরামর্শের শেষটুকু যোগ করলেন জাহিদ, ঝরঝরে মন ভালো পরীক্ষার পূর্বশর্ত।আলাপচারিতায় কেটে গেল অনেক সময়। ভর্তি-ইচ্ছুক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমরা অপেক্ষায় থাকলাম। ভালো ভর্তি পরীক্ষা তোমাকে নিয়ে আসুক শিল্পীসত্তার প্রধান বিচরণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। শিল্পী হওয়ার স্বপ্নপূরণে এগিয়ে যাও একটি ধাপ।