চারুকলায় উৎসবের ঢেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভযাত্রার প্রস্তুতি চলছে জোরোশোরে। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো
নগরের বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভযাত্রার প্রস্তুতি চলছে জোরোশোরে। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ। চারদিকে ব্যস্ততা। কেউ কাগজ কেটে বানাচ্ছেন বাঘের মুখোশ। কেউ সূক্ষ্ম রং-তুলির আঁচড়ে সরায় ফুটিয়ে তুলছেন গ্রামীণ নারীর মুখ। বাদ যাচ্ছে না কালীঘাটের পটচিত্রের আদলে বাঘ, পাখি, হাতি, লক্ষ্মীপ্যাঁচা, বিড়ালসহ বৈচিত্র্যময় লোকজ মোটিফ। আবার বড় আকারের প্রতীকী মোটিফ বানাতে বাঁশ দিয়ে ডামি তৈরির কাজে হাত লাগাচ্ছেন অনেকে। এই কর্মযজ্ঞ চলছে মঙ্গল শোভাযাত্রা ঘিরে। এখনই যেন ঢেউ লেগেছে উৎসবের।
পয়লা বৈশাখের বাকি মাত্র কটা দিন। বাঙালির নতুন বছরের শুরু। পুরোনো জরা ধুয়ে মুছে নতুন বার্তা ছড়িয়ে দেবে মঙ্গল শোভাযাত্রা। চারুকলার নবীন, সাবেক শিক্ষার্থী ও শিক্ষকেরা মিলে প্রায় মাস খানেক ধরে খেটে এসব প্রতীক ও বিভিন্ন সাজ-সরঞ্জাম তৈরি করছেন। এই কর্মযজ্ঞের অর্থের সংস্থানও হয় মুখোশ ও সরা বিক্রি থেকেই। শিক্ষার্থীদের চিত্রিত সরা, মুখোশ, কাগজের লোকজ মোটিফসহ বিভিন্ন শিল্পকর্ম বিক্রি করা হয় সুলভ মূল্যে।

মুখোশে পড়ছে রং–তুলির শেষ আঁচড় l প্রথম আলো
মুখোশে পড়ছে রং–তুলির শেষ আঁচড় l প্রথম আলো

চারুকলার শিক্ষার্থীরা জানান, প্রতিবছর চলমান সময়ের বিবেচনায় একটি বিশেষ বিষয় বা ভাবনা হয়ে ওঠে এই শোভাযাত্রার প্রধান অনুষঙ্গ। প্রাথমিকভাবে এ বছরের শোভাযাত্রার ভাবনায় উঠে এসেছে বাংলাদেশের ক্রিকেট, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও বাঘ বাঁচাও। এই তিনটি বিষয় একসঙ্গে ধারণ করে বানানো হচ্ছে প্রধান প্রতীক ‘সবুজ বাঘ’। এটি প্রায় ২৫ ফুট উঁচু। মডেল তৈরি হয়েছে। সেটিকে সামনে রেখে বোর্ড, কাঠ দিয়ে প্রতীকটি তৈরি করতে ব্যস্ত শিক্ষার্থীরা। আয়োজনে শিক্ষকদের পক্ষে শিল্পকর্ম গড়ার নির্দেশনা দিচ্ছেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক অলক রায়। এবারের স্লোগানে আশ্রয় নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়—‘জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন’।
গত বৃহস্পতিবার নগরের বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউটে যেতেই চোখে পড়ে শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারির সামনে গভীর মনোযোগে মুখোশে আউট লাইন টানছিলেন শেষ বর্ষের ছাত্র আবদুল হামিদ। কাজ শেষ করে মুখোশগুলো সাজিয়ে রাখছেন সামনের টেবিলে। সেখান একটি কাগজে লেখা—‘এখানে মুখোশ ও সরা বিক্রি করা হয়’।
আবদুল হামিদ বলেন, ‘নতুন বছরের শান্তির বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেয় মঙ্গল শোভাযাত্রা। জাগিয়ে তোলে অসাম্প্রদায়িক চেতনা। প্রতিবছরই আমরা নতুন বারতা নিয়ে হাজির হই। এবারও ব্যতিক্রম নয়।’
রীতি অনুযায়ী শেষ বর্ষের শিক্ষার্থীরাই এই বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন। এ কথা জানালেন ৪৫তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলাম ও সজল সরকার। এবারের শিক্ষার্থীদের পক্ষে তদারকের দায়িত্বে আছেন স্নাতকোত্তর সংশপ্তক ৪৫তম ব্যাচের শিক্ষার্থীরা। বরাবরের মতো এবারও চারুকলা ইনস্টিটিউট পরিচালক নাসিমা আখতার সার্বিক তত্ত্বাবধান করছেন। এইটুকু বলে শফিকুল ও সজল ছুটলেন কাজে। অন্যরা যে যার মতো ব্যস্ত। সবার মধ্যে তোড়জোড়। অপেক্ষা এখন পয়লা বৈশাখের, নতুন িদনের। মঙ্গল শোভাযাত্রায় ভর করে উৎসবে মেতে ওঠার দিনে।