চারুকলায় এবারের বর্ষবরণ

রাজধানী ঢাকা শহরের বাংলা নববর্ষ উদ্যাপনের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এই শোভাযাত্রা আকর্ষণীয় আর রঙিন করে তুলতে দম ফেলার ফুরসত পাচ্ছেন না অনুষদের শিক্ষার্থীরা। এবারে মূল দায়িত্ব পালন করছেন ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’।
এবারের শোভাযাত্রার মূল কাঠামোটি হবে একটি হাত-উগ্র সাম্প্রদায়িকতার প্রতীক, যা চেপে ধরছে সাধারণের মত প্রকাশের অধিকার। প্রায় ২০ ফুট উঁচু কাঠামোটি নির্মাণের মূল কাজ তদারক করছেন ভাস্কর্য বিভাগের লিটন পাল।
মূল কাঠামোর পাশাপাশি থাকছে মাছ, বাঘ ও শাবক, ছাগল ও ছাগশিশু, টেপাপুতুল, কাকাতুয়া, ময়ূর ও ঘোড়া। এ ছাড়া থাকছে বিভিন্ন মুখোশ, রাজা-রানি মুখোশ, প্যাঁচা, বাঘ, সিংহ, খরগোশ প্রভৃতি। মুখোশ তৈরির কাজে অনেকের সঙ্গে দায়িত্ব পালন করছেন প্রাচ্যকলা বিভাগের তানজিমা তাবাসসুম। তাঁর সঙ্গেই কাজ করছিলেন দৃষ্টি, সুপ্তি, পবিত্রা, তাসমিয়া, লাকি, অন্তরা, অনন্যা, সুফিয়ান, মৌ, সাকিব, মিথুন, তানিয়াসহ অনেকে।
সার্বিক দায়িত্ব পালন করছেন ভাস্কর্য বিভাগের কামরুল হাসান ও গ্রাফিক ডিজাইন বিভাগের রাজিব হাসান। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল শোভাযাত্রার অর্থসংস্থানের জন্যই মূলত এসব মুখোশ ও অন্যান্য শিল্পকর্ম বিক্রি করা হয়। বৈশাখের আগে সুলভে এখান থেকে বিভিন্ন শিল্পকর্ম, মুখোশ, পাখি, জলরঙের চিত্রকর্ম ও ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জাম কেনা যাবে। একজন জ্যেষ্ঠ শিক্ষার্থীর তত্ত্বাবধানে অন্য শিক্ষার্থীরা কাজ করেন। শিক্ষার্থীদের জন্য কাজ করা বাধ্যতামূলক নয় বা এ জন্য কাউকে সম্মানীও দেওয়া হয় না।
গ্যালারির পাশে শিক্ষার্থীরা সরায় রং করছিলেন। এখানে কাজ করছেন হ্যাপি মণ্ডল, সুবির, প্রসূন, শক্তি, মিম, অন্তু, রাসেল, শানু, ডন, অপ্সরা, জাকিয়া, রোদসী, তিতলিসহ আরও অনেকে। এর ঠিক পাশেই বিক্রয় কেন্দ্র। এর সামনে চলছে শিল্পীদের জলরং চিত্র কর্মশালা।
এখানে সমন্বয়কের কাজ করছেন প্রাচ্যকলা বিভাগের অমিত নন্দী ও নাহিদা নিশা। তাঁরা জানান, ‘বৈশাখ উপলক্ষে শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজনও করা হয়েছে। এখান থেকে পছন্দসই জলরং চিত্র কেনা যাবে।’ পয়লা বৈশাখের আগে চারুকলার সামনের দেয়ালচিত্র ও স্কুলঘরের রং পালটে যায়। শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মিলে এসব কাজ করে থাকেন। এবারের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ‘নকশিকাঁথা চিত্র’।
মূলত তিন দিন ধরে চলবে এই আয়োজন। চৈত্রের শেষ দিনে (১৩ এপ্রিল) চৈত্রসংক্রান্তিতে সন্ধ্যায় থাকছে বকুলতলায় লোকগানের আয়োজন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক উৎসব। পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল নয়টায় শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি সবার জন্য উন্মুক্ত। পরদিন ২ বৈশাখ সন্ধ্যায় চারুকলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে যাত্রাপালা মমতাময়ী মা।