চারুকলায় জীবন যেমন
চারদিকে রং-তুলির ছড়াছড়ি। ঘরটাতে বাজছে গান, আর সেই ঘরে হাসিমুখে কাজ করছেন কয়েকজন শিল্পী। গানের তালে মৃদু দুলছে মাথা, হাত কিংবা পা। আনমনেই বিশাল ক্যানভাসে রং–তুলির নিপুণ আঁচড় ফেলছেন তাঁরা। এমন একটি ভিডিও আমরা অনেকে ফেসবুকে দেখেছি গত বছর, করোনায় যখন ক্যাম্পাসগুলো বন্ধ, কোনো উৎসব নয়, জানা গেল, এই দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফাইনাল পরীক্ষার।
চারুকলা অনুষদের পাঠ্যক্রম, পড়ার ধরনের সঙ্গে অন্য গতানুগতিক বিভাগগুলোর পড়ালেখা ঠিক মেলে না। তাই এই বিভাগ অনেকের কাছেই অসীম কৌতূহলের জায়গা। অন্য বিভাগের শিক্ষার্থীদের কাছে চারুকলা অনুষদ ‘ঘুরতে যাওয়ার’ জায়গাও বটে।
‘আমাদের একটা ক্লাস হয় ৩০ ঘণ্টার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত—এভাবে একটা ক্লাস কয়েক দিন ধরে চলে। লম্বা সময়ের ক্লান্তি কাটাতে আমরা প্রায়ই গান শুনি। ছবি আঁকার ব্যাপারটা কোনো রকম চাপ নিয়ে করা যায় না। এতে কাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’ বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিঁথি দত্ত। সিঁথি বলেন ‘আমাদের রঙের ধরনও নানা প্রকারের হয়। একেকটা স্তরের রং শুকানোতেই অনেক সময় চলে যায়।’
ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থীরাও বললেন একই ধরনের প্রক্রিয়ার কথা। তবে দীর্ঘ ক্লাসের পুরো সময়টা কোনো বাঁধাধরা নিয়মের মধ্যে চলে না। এই বিভাগের শিক্ষার্থী আয়াজ ফাতমি বলেন, ‘যেহেতু চারুকলা একটা সৃজনশীল বিষয়, ক্লাসগুলোতে বেশ খানিকটা সময় চিন্তা করার জন্য বরাদ্দ রাখা লাগে। ক্লাসে গিয়েই আঁকতে বসে গেলাম, এমনটা ঠিক না।’
কিন্তু যেখানে একটা ক্লাসই হয় ৩০ ঘণ্টার, সেখানে পরীক্ষা কীভাবে দেওয়া সম্ভব?
পরীক্ষার প্রক্রিয়াও অন্য সবার থেকে আলাদা। ৩-৪ দিন ধরে চলে একটা পরীক্ষা। ‘ড্রয়িং অ্যান্ড পেইন্টিং’ বিভাগের সিঁথি বলেন, ‘যেহেতু বিষয়টা পুরোটাই দক্ষতার ভিত্তিতে হয়, এখানে মুখস্থ বা চিটিংয়ের কোনো সুযোগ নেই। আমাদের নিজেদের পারদর্শিতা যতটুকু, ততটুকুই ধরা পড়ে আমাদের কাজে। শিক্ষকেরাই আমাদের বলেন, পরীক্ষার মধ্যে বাকি সবার কাজ দেখতে, অনুপ্রেরণা নিতে। অন্য কোনো বিভাগের পরীক্ষায় হয়তো এমনটা ভাবা যায় না।’
দৈনিক ৯ ঘণ্টা ক্লাস করতে ক্লান্তি লাগে না?
চারুকলার এক শিক্ষার্থীর বক্তব্য, ‘পড়াশোনাটা বেশ ভিন্ন ধরনের, তাই একঘেয়েমির খুব একটা অবকাশ নেই। শিক্ষক একটানা কথা বলছেন, এক জায়গায় বসে এক-দুই ঘণ্টা মনোযোগ দিয়ে সেটা শোনা কষ্টকর। কিন্তু আমরা ক্লাসের মধ্যেই ঘুরে বেড়াই, একে অপরের সঙ্গে আলোচনা করি। দিন শেষে ক্লাস করাটা ক্লান্তিকর কিছু মনে হয় না।’
গত দেড় বছরে যখন ক্যাম্পাস বন্ধ ছিল, তখন কীভাবে চারুকলার পড়ালেখা চলল, জানার আগ্রহ জাগে। কৌতূহল মেটালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রথম বর্ষের শিক্ষার্থী রেনাইসা রাহমাতুল্লাহ। তিনি বলেন, ‘যেহেতু বিষয়টা একেবারেই হাতে-কলমে শেখার, সেহেতু বেশ সমস্যার সম্মুখীন হয়েছি। দেখা গেছে স্ক্রিনে দেওয়া ছবিই কপি করছি, ফলে কাজের প্রক্রিয়া অনেকটা নষ্ট হয়ে গেছে। আমরা প্রতিদিনের কাজ আপলোড করতাম, স্যারেরা সেটা দেখে তাঁদের মতামত জানাতেন। কিন্তু এভাবে কাজ করাটা আসলে যথেষ্ট নয়।’
ফেসবুকের সেই আলোচিত ভিডিওর সূত্র ধরেও কথা হলো শিক্ষার্থীদের সঙ্গে। তাঁরা জানান, পরীক্ষার হলে আদতে কঠোর থাকার প্রয়োজন হয় না। কারণ, এখানে কেউ কারওটা দেখে ‘কপি’ করে না। এসব ক্ষেত্রে ছাত্রছাত্রীরাও মনটাকে ফুরফুরে রাখতে চেষ্টা করেন। কারণ, মনের ভেতর পরীক্ষার উদ্বেগ নিয়ে ছবি আঁকা কঠিন। এখানে ক্লাসরুমে মোবাইল ব্যবহার না করার বাধ্যবাধকতা নেই। গান শোনা যায়, সাউন্ড সিস্টেমও থাকে অনেক ক্লাসরুমে। তাই বলে চারুকলার ক্লাসরুমে একেবারেই নিয়মকানুন নেই তা নয়। আয়াজ ফাতমি বলছিলেন, ‘স্বাধীনতা বলতে এমনও নয় যে আমরা কাজ ফেলে রেখে শুধু গানই শুনি বা গল্প করি, কিছু বিধিনিষেধ তো আছেই। তবে এর মধ্যেই আমরা শিখি।’ গ্রাফিক ডিজাইন বিভাগের রেনাইসা যোগ করলেন, ‘আমাদের পরীক্ষাগুলোও আসলে মজার বিষয়। কয়েক দিন আগেও পরীক্ষার মধ্যে আমাদের ক্লাসে একটা মুরগি ঢুকে গেছে। সেটা সামাল দিতেই হুড়োহুড়ি শুরু হলো সবার।’
আবার ক্যাম্পাস খুলেছে। আবার গানে-উৎসবে মেতে উঠছে চারুকলা। আর এই সৃজনশীল শিক্ষার্থীদের পদচারণে ক্যাম্পাসগুলো হয়ে উঠছে আরও রঙিন।