চারুকলায় পৌষ উৎসবে প্রাণের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চারুকলা ইনস্টিটিউটে পৌষ পার্বণ ও পিঠা উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ নাটকের একটি দৃশ্য l জুয়েল শীল
নগরের চারুকলা ইনস্টিটিউটে পৌষ পার্বণ ও পিঠা উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ নাটকের একটি দৃশ্য l জুয়েল শীল

পৌষের প্রথম দিনেই শীতের কাঁপুনি, প্রকৃতিতে রুক্ষতার পরশ। তবে এই রুক্ষ শীতকে বরণ করে নিতে বর্ণিল পোশাকই বেছে নিলেন চারুশিল্পীরা। তাই ১৫ ডিসেম্বর পয়লা পৌষে যেন পয়লা ফাল্গুনের আমেজ তৈরি হলো নগরের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে।

সকালে ঢাকঢোলের তালে তালে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ। আর সকাল গড়িয়ে বিকেল হতেই পৌষ-পার্বণ ও পিঠা উৎসবে ঢল নেমেছিল সাধারণ মানুষের।

চারুকলা ইনস্টিটিউটে আয়োজিত পৌষ-পার্বণ ও পিঠা উৎসবের স্লোগান ছিল ‘উষ্ণতার উচ্ছ্বাসে এই পৌষকে ঘিরে, কুয়াশার চাদরে বাঙালির নীড়ে’। উৎসবটির আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচ ‘একান্নবর্তী’। উৎসব উপলক্ষে দিনব্যাপী গান, নাচ, আবৃত্তি আর কথামালা ছাড়াও ছিল বাউলগানের আসর।

সকাল ১০টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে পৌষ-পার্বণ ও পিঠা উৎসবের উদ্বোধন করেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন। এরপর ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’—এই রবীন্দ্রসংগীতের সঙ্গে উদ্বোধনী নাচ পরিবেশন করেন বর্ষা, আশা, বৃষ্টি ও তিথি।

সকালের আয়োজনে ছিল কথামালা। কিরীটী সাহা ও তানজিনা আক্তারের সঞ্চালনায় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক প্রণব মিত্র চৌধুরী, নাসিমা আখতার, উত্তম কুমার বড়ুয়া, তসলিমা আকতার, রুহুল করিম, জিহান করিম ও অসীম রায়।

আলোচনা অনুষ্ঠানের পর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পর ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আসরে পরিবেশিত হয় সমবেত কণ্ঠের গান, একক সংগীত, ও কবিতা। সংগীত পরিবেশন করেন কাওসার মিয়া, সজীব শীল, জহির রায়হান, ফাতেমা জান্নাত, হুমাম চৌধুরী, সৌরভ সাহা, কৃষ্ণা দাস, প্রত্যাশা চাকমা, ইমরান উদ্দিন, জসীব হোসেন ও মুক্তা মণি।

গানের পর কবিতা আবৃত্তি করেন আবদুল হান্নান। তিনি পরিবেশন করেন আবিদ আজাদের ‘আমার অক্ষমতার গল্প’, মাহবুব আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’সহ বেশ কয়েকটি কবিতা।

ভালো লেগেছে জহির রায়হানের কণ্ঠে ‘সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে’ ও ফাতেমা জান্নাতের গাওয়া ‘গান গাই আমার মনরে বুঝাই, মন থাকে পাগলপারা’ গানগুলো। এ ছাড়া ‘মা তুই জলে না যাইও, ও হে কলঙ্কিনী রাধা’—এই গানের সঙ্গে চমৎকার নাচ পরিবেশন করেন নুসরাত জাহান, আশা সরকার ও এ্যানি বড়ুয়া।

আসরে স্বরচিত কবিতা পাঠ করেন জন মুহাম্মদ। কবিতাপাঠের পর নাটক ‘বুড়ো মাতব্বরের ভীমরতি’ পরিবেশন করেন শিক্ষার্থীরা। নাটকে অভিনয় করেন সৌরভ শীল, কিরীটী সাহা, সজীব দে, জুনাইদুল্লাহ, অনুপ রায়, জহির রায়হান, হাবীবুল্লাহ, প্রত্যাশা চাকমা, পপি, চুমকি, প্রিয়তা ফাতেমা, নূর ও দেব রায়।

সন্ধ্যায় মুক্তিযুদ্ধের শহীদ ও সম্প্রতি জঙ্গি হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্বালন ও ফানুস বাতি ওড়ানো হয়। এরপর মঞ্চে আসেন কুষ্টিয়ার শিল্পী বিমল বাউল। ‘হরি দুঃখ যে যৌবনে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’, ‘মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে’সহ ১৪টি গান পরিবেশন করেন তিনি।