‘বাঙালিয়ানার শেকড়ের সন্ধানে, চলো যাই পৌষ-পার্বণে’ এই স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে আজ রোববার শুরু হচ্ছে দিনব্যাপী ‘পৌষ-পার্বণ উৎসব’। ইনস্টিটিউটের ৫০তম ব্যাচ ‘অর্ধবৃত্ত’-এর উদ্যোগে এ উৎসব আয়োজন করা হয়েছে। উৎসব উদ্বোধন করবেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন মো. সেকান্দার চৌধুরী।
সকালে ঢাকঢোলের মাধ্যমে উদ্বোধনের পর শুরু হবে শোভাযাত্রা। উৎসবে থাকবে পিঠাপুলি ও মুড়ি-মুড়কির স্টল। এ ছাড়া রয়েছে কথামালা, শিক্ষার্থীদের নানা পরিবেশনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। সাংস্কৃতিক আয়োজনে থাকবে নাচ, গান ও আবৃত্তি। সন্ধ্যায় ফানুস ওড়ানো ও প্রদীপ প্রজ্বালন। প্রদীপ প্রজ্বালনের পরেই মঞ্চে শুরু হবে কবিগান। ‘বাংলা সংস্কৃতির একাল-সেকাল’ শিরোনামে কবিগান পরিবেশন করবেন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য ও কংশরাজ দত্তের দল।