চারুকলায় ব্যান্ডের গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার্টসরিলেশন ব্যান্ডের উদ্যোগে নগরের বাদশা মিয়া সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে ২৩ ডিসেম্বর বিকেল পাঁচটায় আয়োজন করা হয় ব্যান্ড সংগীতের আসর ও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের। আয়োজনে ব্যান্ডদল হার্টসরিলেশন ছাড়াও গান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাকের শিল্পী রায়হান আল হাসান, ব্যান্ডদল বে অব বেঙ্গল, স্টোন, দ্য িট্র ও মিউজিক স্কুল গিটার হল।
কনসার্ট উপলক্ষে বিকেল থেকেই হাজার খানেক দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারুকলা প্রাঙ্গণ। শিল্পীরাও হতাশ করেননি উপস্থিত দর্শকদের। আসরের শুরুতে মঞ্চ মাতান স্কুল অব মিউজিক গিটার হলের ছাত্ররা। প্রথমে তাঁরা পরিবেশন করেন জেমসের জনপ্রিয় গান ‘সুন্দরীতমা আমার’। এরপর করেন ইংরেজি দুটি গান।
গিটার হলের ছাত্রদের পর সবাইকে চমকে দিয়ে মঞ্চে আসেন ফিডব্যাকের শিল্পী রায়হান আল হাসান। দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে তিনি গাইলেন ‘চলে যদি যাবি দূরে’। পরপর গেয়ে শোনান ‘চাঁদের আলো তুমি কখনো আমার হবে’ ও ‘সে যে বসে আছে’। এরপর ‘দু হাত তুলে, ‘জ্যোৎস্না স্নানে তোমাকে জানাই আমন্ত্রণ’ এই গান দিয়ে শুরু করে ব্যান্ড দল বে অব বেঙ্গল। তারা একে একে পরিবেশন করে ‘যুদ্ধ নাকি থেমেছে আরও বহু দিন আগে’ ও ‘এখানে নেই কোনো উৎসব আনন্দের অশ্রুধারা’।
বে অব বেঙ্গলের পর মঞ্চে আসে ব্যান্ডদল স্টোন। এরপর হার্টসরিলেশন ব্যান্ডের সীমানার শহর অ্যালবামের মোড়ক উন্মোচন করতে মঞ্চে আসেন সাউন্ড এভল্যুশনস পরিচালক রায়হান কাদের চৌধুরী, চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (সিএমবিএ) সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সহসভাপতি সেলিম জাহান।
সীমানার শহর অ্যালবামের মোড়ক উন্মোচনের পর অ্যালবামের গান পরিবেশন করেন হার্টসরিলেশন ব্যান্ড দলের সদস্যরা।