চাল আমদানিতে ঝুঁকছেন ব্যবসায়ীরা
বিশ্ববাজারে চালের দাম কমতে থাকায় ব্যবসায়ীরা এখন আমদানির দিকে ঝুঁকছেন। ব্যবসায়ীরা মূলত ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও মিয়ানমার থেকে চাল আমদানির উদ্যোগ নিয়েছেন। চট্টগ্রাম বন্দর দিয়ে আসতে শুরু করেছে বেসরকারি আমদানির এই চাল। বিশ্ব বাজারের চেয়ে স্থানীয় বাজারে দাম বেশি থাকাই আমদানি শুরু হওয়ার কারণ বলে জানা গেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে বিশ্ববাজারে চালের দাম কমতে শুরু করে। পাকিস্তানে ইরি-৬ চাল বিক্রি হচ্ছে টনপ্রতি ৪৩০ মার্কিন ডলার দরে। এই দরে কিনলে কেজিপ্রতি দাম পড়বে প্রায় সাড়ে ৩১ টাকা। পাইকারি বাজারে এই চাল বিক্রি হচ্ছে ৩২ টাকা ১৫ পয়সায়। মিয়ানমারে বিক্রি হচ্ছে টনপ্রতি ৪২৫ ডলারে। ব্যবসায়ীরা মনে করেন, চাল রপ্তানিকারক দেশগুলোতে নতুন ফসল উঠতে শুরু করায় দাম আরও কমবে। টনপ্রতি ৪০০ ডলারের নিচে নেমে এলে আমদানিও হবে ব্যাপকহারে।এ প্রসঙ্গে চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, ‘চালের সরবরাহ স্বাভাবিক রাখার একমাত্র পথ হচ্ছে আমদানি। সরকার নিজেই এখন আমদানি বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীরাও আমদানির জন্য ঝুঁকছেন। বেসরকারি পর্যায়ে পুরোদমে আমদানি শুরু হলে এ সংকট মোকাবিলা করা যাবে।’ এজন্য চাল আমদানির জন্য ব্যবসায়ীদের প্রতি সরকারের সহযোগিতা করা বলে মনে করেন তিনি। চট্টগ্রাম কাস্টম হাউস ও বন্দর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে চাল আমদানি হয়েছে প্রায় ছয় লাখ টন। গত অর্থবছরে একই সময়ে আমদানি হয় এক লাখ ৬১ হাজার টন। সরকারি ও বেসরকারি পর্যায়ে এসব চাল আমদানি হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় আমদানি বেড়েছে ২৭২ শতাংশ। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে বেসরকারিভাবে মিয়ানমার থেকে আসা তিনটি জাহাজে প্রায় ৩০ হাজার টন চাল আমদানি হয়েছে। এসব চাল এখন খালাস হচ্ছে। মিয়ানমার থেকে আরও একটি জাহাজে আসছে ১৬ হাজার টন চাল। এর বাইরে পাকিস্তান থেকে চাল আমদানির ঋণপত্র খুলছেন ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল আলম মাস্টার প্রথম আলোকে বলেন, বেসরকারিভাবে আমদানি শুরু হওয়ায় চালের বাজার স্থিতিশীল হয়ে আসবে। চলতি অর্থবছরের প্রথম তিন-চার মাসে ব্যাপকহারে বেসরকারি পর্যায়ে চাল আমদানি হয়। কিন্তু দাম বাড়ার কারণে পরে আর চাল আমদানি হয়নি। এখন কমতে থাকায় আবার আমদানি শুরু হয়। চাক্তাই ও পাহাড়তলীর ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের চালকলগুলো থেকে এবার চালের সরবরাহ আগের বছরের তুলনায় কমে গেছে। তবে বন্দর দিয়ে আমদানি বাড়ায় সংকট হয়নি। গত বছর বিশ্ববাজার থেকে কেনা চাল এখনো বাজারে বেচাকেনা হচ্ছে। আমদানি বাড়ায় চালের সংকটও থাকছে না।জানা গেছে, বাজারে চালের এখন যে দাম তাতে খেয়ে-পরে বেঁচে থাকতে হিমশিম খাচ্ছেন নির্দিষ্ট আয়ের লোকজন। হালিশহরের একটি লোহার কারখানার কর্মী কামাল উদ্দিনের তেমনই অবস্থা। তিনি বলেন, ছয় মাস আগে যখন কারখানায় চাকরি নিই তখন প্রতিকেজি ২৮-৩০ টাকায় কিনেছি। এখন সেই চাল কিনছি ৪০ টাকায়। অথচ এ সময়ে বেতন বাড়েনি এক টাকাও। যেভাবে দাম বাড়ছে তাতে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে।’ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গত বৃহস্পতিবার বাজারদর প্রতিবেদনে দেখা যায়, এক বছর আগে মোটা সিদ্ধ চালের দাম ছিল ২৬-২৮ টাকা। গত বৃহস্পতিবার এই চালের দাম ছিল ৩৫-৩৭ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে দাম বাড়ার হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে কম দামি মোটা সিদ্ধ চাল বিক্রি হচ্ছে ৩৫ টাকা।