চাল ছোলা ও শুঁটকির দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক সপ্তাহে চালের দাম বেড়েছে কেজিপ্রতি দুই-তিন টাকা করে। একইভাবে দাম বেড়েছে ছোলা ও শুঁটকির। ডিমের দাম কমেছে। এ ছাড়া মুরগি, মাছ-মাংস, তরিতরকারির দাম স্থিতিশীল রয়েছে। গতকাল বুধবার নগরের পাহাড়তলী, রিয়াজ উদ্দিন বাজার, চৌমুহনী, কাজীর দেউড়ি প্রভৃতি বাজার ঘুরে দেখা যায়, বৃষ্টির সময় প্রায় দোকানদার অলস সময় কাটাচ্ছেন।কাজীর দেউড়ি বাজারে সাখাওয়াত হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘বাজারে জিনিসপত্রের দাম মোটামুটি স্থিতিশীল আছে। কিন্তু আশঙ্কা হচ্ছে, আজ বাজেট অনুমোদনের পর তা আবার অস্থির হয়ে পড়বে কি না।’চৌমুহনী মাছবাজারের ক্রেতা মাসুম আহমেদ বলেন, ‘গত কয়েক দিনে মাছের দাম বাড়েনি, তবে কমেওনি।’ মাছ ব্যবসায়ী মনু মিয়া বলেন, ‘এখানে আমাদের করার কিছু নেই। আমরা কম দামে কিনতে পারলেই তো কম দাম রাখতে পারব।’গতকাল সকালে পাহাড়তলী চালের বাজারে গিয়ে জানা যায়, কাটারি সিদ্ধ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৪-৫৫ টাকা, বাসমতি জিরা শাইল ৪৫-৪৬ টাকা, নাজির শাইল ৪৪-৪৫ টাকা, মিনিকেট সেদ্ধ ৩৮-৪০, পারি সেদ্ধ ৩৫-৩৬ টাকা, মোটা সেদ্ধ ৩১-৩২ টাকা, পাইজাম আতপ ৪২-৪৩ টাকা, মিনিকেট আতপ ৪২-৪৩ টাকা, ভিয়েতনামি আতপ ৩১-৩২ টাকা, চিনিগুড়া ৬০-৬৫ টাকা ও কাটারি ভোগ ৫০-৫৫ টাকা। পাহাড়তলি ডিটি রোডের মেসার্স আকতার অ্যান্ড ব্রাদার্সের মালিক আকতার হোসেন বলেন, ‘গত এক সপ্তাহে চালের দাম কেজিপ্রতি দুই-তিন টাকা করে বেড়েছে। বৃষ্টির কারণে ট্রাকপ্রতি পরিবহন ভাড়া ১০-১২ হাজার টাকার জায়গায় ২৪-২৫ হাজার টাকা হয়েছে। এ কারণে সরবরাহ কমে চালের দাম বাড়ল।’আসাদগঞ্জের শুঁটকি ব্যবসায়ী মো. হোসেন জানান, ‘গত এক সপ্তাহে শুঁটকির দাম সামান্য বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারছেন না, চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই সামান্য দাম বেড়েছে। এ ছাড়া সুন্দরবনে জলদস্যুদের হামলা বন্ধ হলে শুঁটকির সরবরাহ বাড়ত।’জানা গেছে, বর্তমানে লাক্ষা শুঁটকি দুই হাজার ২০০, রূপচাঁদা এক হাজার ৮০০, ছুরি ৯০০ থেকে এক হাজার, লইট্টা ৩০০-৪০০, উলফা ১২০-১৩০, কেচকি ৩০০-৩৫০, চিংড়ি শুঁটকি ৪০০-৬৫০, সুরমা ৫০০-৬০০, পাঁচমিশালী ১২০-১৩০ টাকা দামে বিক্রি হচ্ছে। বাজারে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৩০-১৪০ টাকা ও দেশি মুরগি ২৫০-২৭০ টাকা। এদিকে, গত এক সপ্তাহে ডিমের দাম কমেছে। বর্তমানে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৭৬-৭৮ টাকায়। আগে দাম ছিল ৮৮-৯০ টাকা। গরুর মাংস হাড়ছাড়া ৩২০-৩৫০ টাকা, হাড়সহ ২৪০-২৫০ টাকা এবং মহিষের মাংস হাড়ছাড়া ৩০০-৩৩০ টাকা, হাড়সহ ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছাগলের মাংসের কেজি ৩৫০-৪৫০ টাকা। চৌমুহনী, কাজীর দেউড়ি ও পাহাড়তলি মাছের বাজার ঘুরে দেখা যায়, রুই ও কাতল মাছ আকার ভেদে কেজিপ্রতি ১৮০-৪০০, ইলিশ ৬০০-১২০০, চিংড়ি ৩৫০-৮৫০, বোয়াল ৪০০-৫০০, শিং ৬০০-৮০০, মৃগেল ২০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।শাকসবজি ও তরিতরকারির বাজারে গিয়ে জানা যায়, আলু ১২-১৩, চিচিংগা ২০-২৫, কাঁকরোল ১৭-২০, পটল ২০-২৫, বেগুন (লম্বা) ২০-২৫, বেগুন (গোল) ২৮-৩২, কচুর ছড়া ২৮-৩০, বরবটি ২৪-২৫, করলা ২৪-২৫, খিরা ১৮-২০, টমেটো ৩৬-৪৫, কাঁচা মরিচ ১৬-২০, গাজর ৩৬-৪০, লেবু এক হালি (চারটি) ৬-১০ ও ধনেপাতা ১২০-১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনি প্রতি কেজি ৬৩-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁয়াজ ২৫-২৬, খোলা সয়াবিন ১১০-১১৮, পাঁচ কেজির বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন বোতলজাত হচ্ছে যথাক্রমে ৫৯০, ৫৯৫, ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মুগ ডাল ১২০-১২৫, মসুর ডাল (চিকন) ৯৫-১০০, মসুর ডাল (মোটা) ৭০-৭৫ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। ছোলার দাম বেড়ে ৫৫-৫৮ থেকে ৬০-৬৫ টাকা হয়েছে।