চাল নিয়ে বিপাকে জনপ্রতিনিধিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) ও দুস্থ মহিলা খাদ্য সহায়তা (ভিজিএফ) প্রকল্পে সরকারিভাবে বরাদ্দকৃত চালের পরিবহন খরচ নিয়ে বিপাকে পড়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার পাঁচ ইউনিয়নের চেয়ারম্যানরা। গুদাম থেকে ইউনিয়ন পরিষদে টনপ্রতি চালের পরিবহন খরচ দেড় হাজার টাকার বেশি পড়লেও এখানে সরকারিভাবে বরাদ্দ আছে মাত্র ১১০ টাকা। নামমাত্র বরাদ্দ এ টাকাও যথাসময় পাওয়া যায় না। এ নিয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ঈদুল আজহা উপলক্ষে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার পাঁচ ইউনিয়নের ২২ হাজার ৮৪০ পরিবারের জন্য ২২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এ ছাড়া, ভিজিডি কর্মসূচির আওতায় এক হাজার ৯৪৮টি কার্ডের জন্য বরাদ্দ আসে মাসে ৫৮ হাজার ৪৪০ মেট্রিকটন। প্রতি কার্ডে মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। আর এসব চালের পরিবহন খরচের জন্য বরাদ্দ আছে টনপ্রতি মাত্র ১৩৮ টাকা। এর মধ্যে ভ্যাটসহ অন্যান্য খরচ বাদ দিয়ে চেয়ারম্যানরা পান মাত্র ১১০ টাকা। উপজেলা সদরের খাদ্যগুদাম থেকে মাতারবাড়ি, ধলঘাটা, কালারমারছড়া, হোয়ানক ও শাপলাপুর—এই পাঁচ ইউনিয়নে এক টন চালের পেছনে খরচ পড়ে দেড় হাজার থেকে এক হাজার ৭০০ টাকা। আর এ টাকা দিতে হয় চেয়ারম্যানদের নিজস্ব তহবিল থেকে। মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভিজিএফ ও ভিজিডির চাল উপজেলা সদরের খাদ্যগুদাম থেকে ইউনিয়ন পরিষদে আনতে টনপ্রতি খরচ হয় দেড় হাজার টাকা। কিন্তু সরকারিভাবে বরাদ্দ আছে মাত্র ১১০ টাকা। তাও ঠিক সময় পাওয়া যায় না। ফলে প্রতি মাসে নিজের পকেট থেকে টাকা খরচ করে এলাকায় চাল আনতে হচ্ছে।’ একই অভিযোগ করেন ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার অভিযোগ স্বীকার করে বলেন, উপকূলীয় এলাকায় সরকারিভাবে বরাদ্দ টাকা দিয়ে খাদ্যগুদাম থেকে চাল ইউনিয়ন পরিষদে নেওয়া সম্ভব না। এ কারণে অনেক চেয়ারম্যান চাল নিতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, গত বছর সরকারিভাবে বরাদ্দ করা পরিবহনের টাকা এখনো পাওয়া যায়নি। এ নিয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে বেশ কয়েকবার লেখা হয়েছে।