চালক থেকে ফেরিওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীথি বেগম। ছবি: প্রথম আলো
বীথি বেগম। ছবি: প্রথম আলো

অনেক সময় মানুষ করতে চায় এক, হয় আরেক। কখনো কখনো জীবনের মোড় ঘুরে যায়। বদলায় গতিপথ। যেমনটা হয়েছে যশোরের বীথি বেগমের বেলায়।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঘরচালা গ্রামে দুই বছরের ছেলে ও স্বামী নিয়ে একসময় সুখেই ছিলেন বীথি বেগম। কিন্তু নয় বছর আগের একটি দুর্ঘটনা ওলটপালট করে দেয় তাঁর সংসার। গাছ থেকে পড়ে মারা যান স্বামী জুলফিকার আলী। তখন বীথি বেগম দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। এই অবস্থায় হাল ধরেন সংসারের। শুরু হয় বেঁচে থাকার যুদ্ধ। শাড়ি কাপড় বিক্রি করা শুরু করেন। কিন্তু শাড়ি কাপড় বিক্রি করে যা আয় করতেন, তা দিয়ে সংসার চলছিল না। থেমে থাকেননি তিনি। চালানো শুরু করেন ব্যাটারিচালিত ইজিবাইক।

বীথি বেগমকে কিছুদিন আগেও যশোরের রাস্তায় ইজিবাইকের স্টিয়ারিং হাতে দেখা যেত। কিন্তু এখন তিনি আবার শাড়ি কাপড় ফেরি করে বিক্রি করছেন।

বীথি বেগম বলেন, ‘গত বছরের ১৯ নভেম্বর আমাকে নিয়ে প্রথম আলোতে “ইজিবাইকে কঠিন সংগ্রাম” নামে একটি লেখা ছাপা হয়। তখন কোহিনুর কেমিক্যাল কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ ও ঢাকার একজন ব্যবসায়ী আমার হাতে তুলে দেন নতুন দুটি ইজিবাইকের চাবি। বিদেশ থেকে এক ব্যক্তি কিছু টাকাও পাঠান। সে সময় স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা নানা রকমের ভয়ভীতি দেখান। বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেন। ঝামেলা এড়াতে ইজিবাইক দুটি বিক্রি করে দিই।’ ইজিবাইক বিক্রির টাকা দিয়ে নতুন করে শুরু করেছেন কাপড়ের ব্যবসা। আয়ও ভালো হচ্ছে বলে জানান তিনি। আর কিছু টাকা দিয়ে শহরতলিতে একখণ্ড জমি কিনেছেন। সেখানে ঘর তৈরি করেছেন।

বীথির মা চম্পা বেগম বলেন, ‘সারা দিন আমার মেয়ে শহরে গ্রামে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করে। ছেলেদের লেখাপড়া শেখানোর জন্যই এত কষ্ট করছে। ওরা মানুষ হলেই ওর শান্তি।’

বীথি বেগম আবার ঘুরে দাঁড়িয়েছেন। চান আরও সামনের দিকে যেতে। ভবিষ্যতে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে দেখতে চান তিনি।