চালককে খুন করে টমটম ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে এক টমটম (ব্যাটারিচালিত ইজিবাইক) চালককে খুন করে দুর্বৃত্তরা তাঁর টমটমটি ছিনিয়ে নিয়ে গেছে। ওই চালাকের নাম জসিম উদ্দিন (২৪)। তিনি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মহাজন কলোনির বাসিন্দা গ্রামপুলিশ রফিক মিয়ার ছেলে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর নাসির মেমোরিয়াল কলেজের পাশে একটি ডোবা থেকে ফেনী থানার পুলিশ চালকের লাশ উদ্ধার করেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, টমটম চালক জসিম উদ্দিন অন্য দিনের মতো গত সোমবার বিকেলে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে ফিরে না আসায় সবাই দুশ্চিন্তায় পড়ে। মঙ্গলবার ভোর থেকেই পরিবারের পক্ষ থেকে তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। এদিকে, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর নাসির মেমোরিয়াল কলেজের পাশের ডোবায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফেনী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত টমটমচালক জসিম উদ্দিনের বড় বোন লায়লা বেগম দুপুরে হাসপাতাল মর্গে গিয়ে ভাইয়ের লাশ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে বিকেলে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়।