চালকবিহীন গাড়ি বানাচ্ছেন এই তরুণেরা
দেশেই তৈরি হচ্ছে চালকবিহীন গাড়ি। আর বড় কোনো অটোমোবাইল প্রতিষ্ঠান নয়, এটি বানাচ্ছে সার্কিট মেস্টারস নামের শিক্ষার্থীদের একটা দল। দলে আছেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ জন ছাত্র। এই গাড়ি নিয়ে ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতায় অংশ নিবেন তাঁরা। আগামী জুলাইয়ে যুক্তরাজ্যে এটি হওয়ার কথা রয়েছে।
স্বয়ংক্রিয় গাড়ি তৈরির ভাবনা কী করে মাথায় এল, জানালেন সার্কিট মেস্টারসের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক দলের অধিনায়ক রাঈয়ান আবদুল্লাহ। ‘সাধারণ একটা গাড়ি নিয়ে আমরা যুক্তরাজ্যে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। লক্ষ করলাম, স্বয়ংক্রিয় গাড়ির বিভাগে বাংলাদেশের কোনো দল নেই। তখন থেকেই পরিকল্পনার শুরু।’ ইলেকট্রনিক সিস্টেম দলের নেতৃত্বে থাকা তাসনিমুল হাসান যোগ করলেন, ‘আগেরবার কম্বাশন ইঞ্জিন ব্যবহার করেছিলাম। এবার ইলেকট্রিক্যাল ইঞ্জিন নিয়ে কাজ করার চেষ্টা করছি।’ দলটি বিশ্বাস করে, অদূর ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের গাড়ি জনপ্রিয়তা পাবে।
চালকবিহীন এই গাড়ির চেসিসের নকশা এর মধ্যেই তৈরি হয়েছে। চলছে অ্যালগরিদমের সিমুলেশনের কাজ। তবে এখন পর্যন্ত আসতে বিস্তর অঙ্ক কষতে হয়েছে। তাসনিমুল বলছিলেন, ‘একটা গাড়ি স্বয়ংক্রিয় হতে হলে তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করতে হয়। অর্থাৎ গাড়িকে একটা মস্তিষ্ক দিতে হয়। এখানে বিভিন্ন ক্যামেরা, লাইট, ইত্যাদি সেন্সর ব্যবহার করে আমরা গাড়িকে তার আশপাশের পরিবেশের ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করি।’
সব মিলিয়ে মোট পাঁচটি দল এই গাড়ি নিয়ে কাজ করছে। বিজনেস লজিক কেস দলের নেতৃত্বে আছেন মাহাম আহমদ। তিনি বলেন, ‘গাড়ি নির্মাণের পেছনে কেমন খরচ হবে, সেটা বিশ্লেষণ করা আমাদের কাজ। কোন খাতে কতটা খরচ করলে সর্বোচ্চ উপযোগ পাওয়া যাবে, সেটা আমরা বের করি। আশা করি, বিচারকদের সামনে আমরা একটা ভালো পরিকল্পনা তুলে ধরতে পারব।’ পাওয়ার সিস্টেম দলের নেতৃত্ব দিচ্ছেন আমানত হোসেন। বললেন, ‘আমরা গাড়ির মূল শক্তির উৎস তৈরি করছি, যাকে বলে পাওয়ার অ্যাকুমুলেটর। এর জন্য ব্যবহার করছি লিথিয়াম আয়ন সেল। পুরো গাড়ির তারের মিলগুলো করাও আমাদের কাজ।’ আর চেসিস ডিজাইন দলের নেতৃত্বে আছেন কাজী মুবিন হোসেন।
চালকবিহীন এই গাড়ির দাম কত হবে? দলটি জানায়, তাদের বাজেট ছিল সাড়ে ৩৯ লাখ টাকা। দলের প্রত্যেক সদস্য নিজেরা যথাসম্ভব আর্থিক সহযোগিতা করেছেন। তবে পরিকল্পনা বেশ বড় হওয়ায় তাঁরা এখন পৃষ্ঠপোষক খুঁজছেন। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও যথেষ্ট সাহায্য করেছে।
তবে শুধু খরচাপাতিই মূল চ্যালেঞ্জ নয়। ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতার নিয়মানুযায়ী গাড়ির বেশির ভাগ যন্ত্রাংশ আনতে হচ্ছে হাঙ্গেরি, চীন কিংবা জার্মানি থেকে। এসব দেশে মহামারির বিধিনিষেধ থাকায় আমদানি করাটাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
প্রতিযোগিতা শেষে পুরো প্রক্রিয়াটি দেশের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিতে চান শিক্ষার্থীরা। তরুণ প্রকৌশলীরা যেন অনুপ্রাণিত হন, এটাই তাঁদের লক্ষ্য।