চালকের যত চালাকি
বলা নেই, কওয়া নেই—আগ্রাবাদ বাদামতলীর মোড়ে এসে হঠাৎ ভিন্ন পথে গাড়ি ঘুরিয়ে দেন চালক। চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন যাত্রীদের অনেকে। বুঝতে দেরি হয় না—ট্রাফিক কর্মকর্তার হাত থেকে বাঁচতে এটি চালকের চালাকি। কিন্তু শেষরক্ষা হয়নি। এরই মধ্যে ট্রাফিক পুলিশের সংকেত পড়ায় রাস্তার মাঝখানে আটকে যায় বাসটি। সামনে-পেছনে হয়ে গেল দীর্ঘ যানজট। শেষ পর্যন্ত ট্রাফিক কর্মকর্তার হাতে পাকড়াও। মামলাও টুকে দেন কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে। ট্রাফিক কর্মকর্তা চালককে পাকড়াও করে প্রথমেই কাগজপত্র নিরীক্ষা করেন। কিন্তু তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এভাবেই আগ্রাবাদ মোড়ে ১০ নম্বর রুটের সিটি সার্ভিসের (চট্টমেট্রো জ-১১-১২৮৪) চালক মোকতার আহমদ চালাকি করতে গিয়ে ধরা পড়লেন। মোকতার আহমদের মতো অনেক চালক রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘন করে পার পাওয়ার জন্য নানা কায়দায় চালাকির আশ্রয় নেন। জানা যায়, গাড়ি বা চালকের অনুমতিপত্র (লাইসেন্স) না থাকা, গাড়ির মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, গাড়ির ফিটনেস না থাকা, ট্রাফিক সংকেত ও আইন লঙ্ঘন, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠা-নামা, দুর্ঘটনা, অযথা প্রতিযোগিতা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোসহ রাস্তায় নানা অপরাধের শাস্তি বা মামলা এড়াতে এভাবে প্রতিদিন নানা চালাকির আশ্রয় নিয়ে থাকেন চালকেরা। নগরের বিভিন্ন মোড় ও সড়ক ঘুরে দেখা গেছে, ট্রাফিক সংকেত বা পুলিশ দেখেও না দেখার ভান করা, অন্য গাড়ির চালককে বোকা বানিয়ে ও অবৈধভাবে পাশ কাটানো, গাড়ি থামানোর ভান করে দ্রুত চলে যাওয়া, গাড়ি পরিবর্তন, নিজেদের দোষ ঢাকা বা চাপানোর জন্য রিকশার পেছনে লাইন দেওয়া, ‘রিজার্ভ’ বোর্ড লাগিয়ে রাস্তা পরিবর্তন, কাঁধে নির্ধারিত পোশাক (ইউনিফরম) চাপানোসহ অভিনব কায়দায় চলে চালকদের চালাকি। বাস, অটোরিকশা ও টেম্পোর চালকেরা এসব চালাকি বেশি করেন বলে জানালেন ট্রাফিক পুলিশ ও যাত্রীরা।নগরের বিভিন্ন মোড়ে ও ট্রাফিক পয়েন্টে এসব চালাকি বেশি চলে। এতে বাড়ছে যাত্রীদের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি। কিন্তু ট্রাফিকের ঝামেলায় পড়লে দেরি হবে—এমন আশঙ্কায় যাত্রীরা অনেক সময় এসব চালাকি দেখেও এড়িয়ে চলেন। চালাকির নাটকীয়তার পর আগ্রাবাদ মোড়ে কথা হয় চালক মোকতার আহমদের সঙ্গে। তিনি বললেন, ‘সমস্যা থাকলে ট্রাফিক কর্মকর্তা ও সিপাহিকে সুযোগ বুঝে এড়িয়ে যাই। তাঁরা আমাদের পাহারা দেন, আমরাও তাঁদের পাহারা দিয়ে চলি। বিকল্প রাস্তাটি (আগ্রাবাদ সংযোগ সড়ক) যানজটমুক্ত থাকলে চালাকিতে পার পেয়ে যেতাম। এখন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য মামলা হয়েছে। ৫০০ টাকা জরিমানা দিতে হবে।’ অন্য বাসের আড়ালে ট্রাফিক সিপাহির সংকেত না দেখার ভান করে দ্রুত মোড় পেরিয়ে গেলেন অটোরিকশা (চট্টমেট্রো-১১-৪০১৮) চালক হায়দার আলী। তিনি বলেন, ‘গাড়ির কাগজপত্র সব ঠিক আছে। কিন্তু দুপাশে নিরাপত্তা জাল নেই। তাই এ চালাকি। ধরা পড়লে ৫০-১০০ টাকা দিতাম। এ মামলায় এক হাজার ৪০০ টাকা জরিমানা।’ আগ্রাবাদ মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা হেমায়েত উদ্দিন চালকদের এসব চালাকির কথা স্বীকার করে বলেন, ‘রাস্তায় আমরা ট্রাফিক কর্মকর্তারা খুব ব্যস্ত থাকি। এসবের প্রতি বেশি কঠোর হতে গেলে যানজট লেগে যায়। তবে চালাকি করে পার পায় না তেমন। কোনো না কোনো মোড়ে ঠিকই ধরা পড়ে।’ জিইসি মোড় থেকে ৩ নম্বর রুটের (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-নিউমার্কেট লাইনের) মিনিবাসে যাতায়াত করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) প্রকৌশল ও বিবিএ চতুর্থ বর্ষের (নবম সেমিস্টার) ছাত্র রাফিউজ্জামান ও তানভীর সালাম। তাঁরা জানালেন, ‘আমাদের চালক নিজের দোষ ঢাকার জন্য এ মোড়ে রিকশার পেছনে লাইন দিলেন। চালকেরা পুলিশের মামলা ও ঘুষ এড়াতেই মূলত এসব চালাকি করেন। এতে দুর্ঘটনা ও যানজট বেড়ে যায়। চালক (চট্টমেট্রো-জ-০২-১০৮৫) বাবুল মিয়া বললেন, ‘যাত্রীদের চাপে যেখানে-সেখানে যাত্রী ওঠা-নামা করতে হয়। তাই নিয়ম মানার ভান করে নিয়ম ভাঙতে হয়। দায়িত্বরত সিপাহি মো. আবদুল কালাম এবং এ কে রশিদ বলেন, ‘একদিকে কর্মকর্তা থাকলে চৌমুহনীর অপর তিন দিকে পার পেয়ে যায় তারা। আমরা সংকেত দিলে অনেক সময় চালকেরা গাড়ি থামানোর ভান করে। কিন্তু স্যারকে ডাকতে ডাকতে কেটে পড়ে।’নিউমার্কেট মোড়ে চোখে পড়ে একই চিত্র। বাসের (ছ-১১-১৯২৩) চালক মো. আলমগীর জানালেন, কিছুক্ষণ আগে ট্রাফিক পুলিশের সঙ্গে তাঁর চালাকির কথা। তিনি বলেন, ‘বাম থেকে একটি অটোরিকশা নিয়ম ভঙ্গ করে আমাকে অতিক্রম করে। কিন্তু ট্রাফিক পুলিশ আমার ওপর দোষ চাপিয়ে ৬০০ টাকা দাবি করেন। আমি ৬০০ টাকা দেওয়ার ভান করে খুচরা (১০-২০ টাকার নোট) ১৫০ টাকা দিয়ে সরে আসি।’ টেম্পোচালক মো. ফারুক বললেন, ‘কোনো অভিযান চললে আমাদের বেশি সতর্ক থাকতে হয়। তবে সব সময় আমরা ট্রাফিক কর্মকর্তাদের গতিবিধি লক্ষ রাখি।’বহদ্দারহাট মোড়ে ট্রাফিক চৌকি পেরিয়ে যাত্রী তুলছিলেন ১ নম্বর রুটের বাস (চট্টমেট্রো-চ-৪০৬) চালক আমিন উল্লাহ। এর কারণ জিজ্ঞেস করলে চালক বললেন, ‘এ মোড়ে বাঁচতে পারলে এ রুটে ট্রাফিকের ঝামেলায় আর পড়তে হয় না। তাই এ ব্যবস্থা। অপর চালক মোহাম্মদ জাফর বললেন, ‘বহদ্দারহাট মোড়ে কোনো চালাকি কাজ দেয় না। মোড়ে গাড়ি ঘোরালেই ১০-২০ টাকা দিতে হয়।’ খাজা সড়কের বাসিন্দা ও প্রবাসী বাদশা মিয়া বলেন, ‘চালকেরা যাত্রীদের সঙ্গেও চালাকি করেন। অতিরিক্ত যাত্রী তোলার জন্য বিভিন্ন অজুহাতে গাড়ি ছাড়তে দেরি করেন।’ ট্রাফিক পুলিশ পরিদর্শক এ আবদুর রহমান চালকদের চালাকির কথা স্বীকার করলেও ট্রাফিক পুলিশের ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘ঘুষের অভিযোগ করলে ট্রাফিক থেকে কঠোরব্যবস্থা নেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘চালকেরা চালাকি করলেও পার পাওয়ার সুযোগ নেই।’