খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যা হাসপাতালে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছিল ২০০৫ সালের ২৩ আগস্ট। এ জন্য প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণ করে ২০০৯ সালের ডিসেম্বরে স্বাস্থ্য বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসক-সংকট, প্রশাসনিক সমস্যা ও প্রয়োজনীয় অর্থের বরাদ্দ না থাকায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। চিকিৎসকের অভাবে সংশ্লিষ্ট সরঞ্জামগুলো অব্যবহূত পড়ে আছে। ফলে সাধারণ রোগীরা উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছে না। এ ছাড়াও হাসপাতালে রয়েছে আরও নানা রকম সমস্যা। হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন এ কে এম আলী আশরাফ জানান, ১০০ শয্যার হাসপাতালের জন্য অন্তত ৪০ জন চিকিৎসক প্রয়োজন। কিন্তু এখানে ৫০ শয্যার হাসপাতালের কাজ চালানোর মতো লোকবলও নেই। ৫০ শয্যার জন্য ২০ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র নয়জন। বিশেষজ্ঞ চিকিৎসক সার্জারি, মেডিসিন, চক্ষু, কার্ডিওলজি, অর্থো-সার্জারি, প্যাথলজি ও রেডিওগ্রাফির পদ থাকলেও এসব পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে সংশ্লিষ্ট চিকিৎসা-সরঞ্জাম ও যন্ত্রপাতিগুলো অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এ ছাড়া হাসপাতালে আরও নানা রকম সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।সিভিল সার্জন জানান, ১০০ শয্যার হাসপাতাল পুরোপুরি চালু করতে বিভিন্ন খাতে ন্যূনতম দুই কোটি টাকা প্রয়োজন। ইতিমধ্যে শুধু মালামাল কেনার জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। আপাতত চিকিৎসা উপযোগী করে চালু করতে হলে ন্যূনতম ৫০ লাখ টাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।২ ও ৩ জানুয়ারি হাসপাতালে দেখা যায়, বিভিন্ন ওয়ার্ডে আসনের তুলনায় রোগী অনেক বেশি। স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় আসন পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেককে। হাসপাতালের আবাসিক চিকিৎসকের কক্ষে টাঙানো বোর্ডে দেখা যায়, ১ ফেব্রুয়ারি হাসপাতালে রোগী ছিলেন ৮৪ জন (ভর্তি)। ওই দিনসহ পাঁচ দিনে রোগীর গড় অবস্থান ছিল ৭৪ জন। বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয় দিনে গড়ে আড়াই শ রোগীকে।চিকিৎসক ও রোগীরা জানান, হাসপাতালে প্রয়োজনীয় আসবাব, পানি ও বিদ্যুতের সংকট রয়েছে। অনেক সময় বিদ্যুৎ থাকলেও সঠিক ভোল্টেজ থাকে না। বিদ্যুতের অভাবে পানির মোটর বারবার অচল হয়ে যায়। ফলে নিয়মিত পানি সরবরাহ করতে না পারায় সময়মতো পয়োনিষ্কাশন সম্ভব হয় না। এতে রোগীদের দুর্ভোগ বাড়ে। চিকিৎসকেরা রোগীদের খোঁজও নিয়মিত নেন না বলে অভিযোগ করেন অভিভাবকেরা।মহালছড়ি উপজেলার পাকুজ্যাছড়ি গ্রাম থেকে বিদ্যালয়ের ছাত্র স্বদেশ চাকমা পেটের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ৩০ জানুয়ারি। ২ জানুয়ারি তার অভিভাবক নাম প্রকাশ না করে বলেন, ‘মনে হচ্ছে স্বদেশের অবস্থা উন্নতি হয়েছে। কিন্তু তাকে আরও কত দিন হাসপাতালে থাকতে হবে চিকিৎসকেরা সে ব্যাপারে কিছুই আমাদের জানাচ্ছেন না। তাই রোগীর অবস্থা সম্পর্কে অনিশ্চয়তায় ভুগছি।’ হাসপাতালের আরেক রোগী লুকুসা ত্রিপুরা (শয্যা নম্বর- ৯, পুরুষ ওয়ার্ড) সড়ক দুর্ঘটনায় কোমরে আঘাত পেয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে শয্যাশায়ী আছেন। তিনি বলেন, ‘চিকিৎসক প্রতিদিন একবার এসে ওষুধ লিখে দেন আর সেবিকারা সেগুলো খাওয়ান। কিন্তু রোগের ব্যাপারে আমাদের কিছুই জানান না।রোগের গতি-প্রকৃতি নিয়ে আমরা অন্ধকারেই থাকি।’এ বিষয়ে সিভিল সার্জন জানান, চিকিৎসকেরা ন্যূনতম দুবার (সকাল ও সন্ধ্যায়) রোগী দেখতে যান। এ ছাড়া জরুরি প্রয়োজনে রোগীদের দেখা হয়। তবে চিকিৎসক কম থাকায় অনেক সময় রোগীদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেখাশোনা করা সম্ভব হয় না।