চালু হওয়ার ১৫ মাস পরও মিলছে না পাসপোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যক্রম শুরুর ১৫ মাস পরও বান্দরবান পাসপোর্ট কার্যালয় থেকে পাসপোর্ট পাননি জেলার বিদেশগামী মানুষজন। পাসপোর্টের আবেদন গ্রহণ করলেও কার্যালয় থেকে এখনো কোনো পাসপোর্ট ইস্যু হয়নি। জেলার লোকজনকে জরুরি প্রয়োজনে এখনো রাঙামাটিতে ছুটতে হচ্ছে।
বান্দরবান পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ না হওয়ায় এমন বিলম্ব হচ্ছে। এই কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রশিদ জানান, এমআরপি পাসপোর্টের যন্ত্রপাতি স্থাপন ও কম্পিউটার সফটওয়্যারের কাজ শেষ না হওয়ায় পাসপোর্ট দেওয়া যাচ্ছে না। এসব কাজ শেষ হতে অন্তত আরও দুমাস সময় লাগবে। সব কাজ শেষ হলে আবেদনকারীরা পাসপোর্ট পাবেন। তবে যঁাদের জরুরি প্রয়োজন তঁাদের রাঙামাটি কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসকের পুরোনো কার্যালয় প্রাঙ্গণে দ্বিতল ভবনে ২০১৩ সালের অক্টোবরে পাসপোর্ট কার্যালয় চালু হয়। গত নভেম্বরে এমআরপি যন্ত্র ও কম্পিউটারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবার করা হয় এই কার্যালয়ে। এসব যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে এখন। ফেব্রুয়ারির শেষের দিকে পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হতে পারে বলে জানান পাসপোর্ট কার্যালয়েেরর কর্মকর্তা-কর্মচারীরা।
সম্প্রতি বান্দরবান পাসপোর্ট কার্যালয়ে গিয়ে দেখা গেছে, তিনজন কর্মকর্তা-কর্মচারী অলস সময় কাটাচ্ছেন। কার্যালয়ে পাসপোর্ট প্রার্থীদেরও ভীড় নেই।
জেলার দুর্গম এলাকা আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ির বিদেশগামীরা পাসপোর্টের জন্য জরুরি প্রয়োজনে দূরের রাঙামাটি যেতে বাধ্য হচ্ছেন।
পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, কার্যালয়ের ১০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মহীন অবস্থায় বসে থাকায় কয়েকজনকে প্রেষণে ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।
বান্দরবান পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রাশিদ বলেন, যন্ত্রাপতি স্থাপনের কাজ শেষ হলে ফেব্রুয়ারি নাগাদ কার্যালয়ে পুরোদমে কাজ শুরু হবে। তখন পাসপোর্ট সরবরাহ করা হবে। বান্দরবান কার্যালয় থেকে যেসব কর্মকর্তাকে প্রেষণে অন্যত্র পাঠানো হয়েছিল, তাদেরও ফিরিয়ে আনা হচ্ছে।