জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ বছরই খুলছে চারুকলা বিভাগ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে এই বিভাগ খোলা হচ্ছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির মধ্য দিয়ে বিভাগের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। প্রশাসনিকভাবে অনুমোদনের পর সম্প্রতি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদকে সভাপতি করে শুরু হয়েছে নতুন এই বিভাগের পথচলা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়েছেন চারুকলার প্রবীণ শিল্পী কাইয়ুম চৌধুরী। ‘এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং আনন্দদায়ক ব্যাপার’ উল্লেখ করে তিনি বলেন, দেশে চারুকলা, নাটক, সংগীত ও নৃত্যকলাবিদ্যার আওতাভুক্ত বিভাগগুলো যত বেশি খোলা হবে, ধর্মনিরপেক্ষতার চর্চাও তত বাড়বে; কমবে জঙ্গিবাদের উত্থান। তবে নতুন এই বিভাগের শিক্ষাক্রমে তিনি লোকশিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। ‘লোকজ শিল্পকে বহন করে আধুনিক শিল্পশিক্ষা হোক।’ জাহাঙ্গীরনগরের চারুকলা নিয়ে শিল্পী কাইয়ুম চৌধুরীর অভিব্যক্তি এমনই।শিল্পী রফিকুন নবী বললেন ভিন্ন কথা। তাঁর মতে, নতুন একটি বিভাগ খোলা হলে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েই তা খোলা উচিত। তিনি বলেন, ‘সম্ভবত ২০০৬ সাল থেকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ খোলার জন্য চেষ্টা করছিলাম। তখন আমাদের সঙ্গে ছিলেন নাট্যকার সেলিম আল দীন। আজ সেই বিভাগ যাত্রা শুরু করতে যাচ্ছে জেনে ভালো লাগছে।’বিভাগের প্রথম সভাপতি আফসার আহমদ বলেন, ‘জাহাঙ্গীরনগরকে আমরা বাংলাদেশের সংস্কৃতির্চচার প্রাণকেন্দ্র হিসেবে গণ্য করি। তাই চারুকলা বিভাগকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে চাই। আমরা চাই বাঙালি সংস্কৃতির মধ্যে বসবাস করে বিশ্বভূগোলে হাত রাখতে। তাই নতুন বিভাগের সিলেবাসে লোকশিল্প ও লোকসাহিত্য অন্তর্ভুক্ত করতে চাই। তা ছাড়া শিল্পের অন্যান্য মাধ্যমের সঙ্গে চারুকলার সম্পর্ক স্থাপনও আমাদের পাঠক্রমের অন্তর্ভুক্ত থাকবে।’এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন চারুকলায় ভর্তির সুযোগ পাবে।