চালু হচ্ছে দীঘিনালার রাবার বাগান
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উঁচু ভূমি বন্দোবস্তকরণ প্রকল্পের আওতাধীন রাবারচাষিদের ধর্মঘটের কারণে নয়টি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা ২২ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে। ৪ মার্চ রাবার প্রকল্প গ্রাম-নেতাদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের আলোচনায় চাষিদের কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী এক মাসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় কর্মসূচি দেওয়া হবে বলে পুনর্বাসিত পরিবার বহুমুখী কল্যাণ পরিষদের নেতারা জানিয়েছেন। ২২ দিন ধরে রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধ থাকায় প্রকল্পের ক্ষতি হয়েছে প্রায় এক কোটি ৯২ লাখ টাকা। গত ১৬ ফেব্রুয়ারি থেকে রাবারচাষিদের সংগঠন ‘পুনর্বাসিত পরিবার বহুমুখী কল্যাণ পরিষদ’ সাত দফা বাস্তবায়নের দাবিতে ধর্মঘটের ডাক দেয়। সংগঠনের সাধারণ সম্পাদক সভ্য চাকমা বলেন, ‘মূলত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উঁচুভূমি বন্দোবস্তকরণ প্রকল্পের কর্মকর্তাদের গাফিলতির কারণে আমাদের এ সমস্যার সৃষ্টি হয়েছে। উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে সাত দফা দাবি আগামী এক মাসের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পুনরায় কর্মসূচি দেওয়া হবে।’প্রকল্পের সহকারী ব্যবস্থাপক পুষ্পস্মৃতি চাকমা জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান এ ডি এম আবদুল বাসেতসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চাষিদের গ্রাম-নেতাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। চাষিরা ৭ মার্চ থেকে কাজে যোগ দেবেন বলে সিদ্ধান্ত হয়েছে। কারণ, কারখানা বন্ধ থাকলে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।প্রকল্প সূত্রে জানা যায়, প্রকল্পের অধীনে ১৩ হাজার ২০০ একর রাবার বাগান রয়েছে। এসব বাগান থেকে সংগ্রহ করা কষ প্রক্রিয়াজাত করে দিনে সাড়ে তিন মেট্রিক টন রাবার শিট উৎপাদন করা হয়। রাবার প্রক্রিয়াজাত করার জন্য দীঘিনালা, মাটিরাঙা, খাগড়াছড়ি সদর, বাঘাইছড়ি ও বান্দরবানে মিলিয়ে নয়টি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে। রাবারচাষিদের ধর্মঘটের কারণে প্রতিদিন আট লাখ ৭৫ হাজার টাকা ক্ষতি হচ্ছে। সে হিসাবে ২২ দিনের ধর্মঘটে প্রায় এক কোটি ৯২ লাখ টাকার ক্ষতি হয়। প্রসঙ্গত, রাবার উৎপাদন ও বিক্রির টাকা থেকে প্রতিমাসে কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়।