প্রায় সাত মাস বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণাকেন্দ্র। বাংলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষণাকেন্দ্রের সাবেক পরিচালক সৌরেন বিশ্বাসকে নজরুল অধ্যাপক হিসেবে সম্প্রতি নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি মাসেই এটি চালু হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।এ ব্যাপারে সৌরেন বিশ্বাস প্রথম আলোকে জানান, ২৩ এপ্রিল নজরুল গবেষণাকেন্দ্রে যোগ দিয়েছি। এটিকে প্রকৃত গবেষণাকেন্দ্রে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম বলেন, ২১ এপ্রিল বাংলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক সৌরেন বিশ্বাসকে নজরুল অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ১১ জানুয়ারি আলোকিত চট্টগ্রামে নজরুল গবেষণাকেন্দ্র বন্ধ থাকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।নজরুল অধ্যাপক সৌরেন বিশ্বাস বলেন, ‘পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়া গেলে নজরুলের জীবন ও সাহিত্যকর্মের ওপর দুটি সেমিনারের আয়োজন করা হবে। জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি চলছে। শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করব। গবেষণাকেন্দ্রের উদ্যোগে একটি স্মরণিকা প্রকাশ করব।’ এ জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাকেন্দ্র বন্ধ থাকা কাম্য নয়। এ জন্য এটা চালু করা হয়েছে। গবেষণা কার্যক্রম সচল রাখার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর গবেষণার জন্য ১৯৮৯ সালে এ কেন্দ্র চালু করা হয়। গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্রের তৎকালীন পরিচালক শামসুল আলম অবসর নিলে কর্তৃপক্ষ কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়।